সরকারের ব্যাংকঋণ বেসরকারি খাতে নেতিবাচক প্রভাব ফেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজেট ঘাটতি অর্থায়নে ব্যাংকব্যবস্থা থেকে সরকারের ঋণ গ্রহণ বেসরকারি খাতের ঋণপ্রবাহের ওপর নেতিবাচক প্রভাব ফেলে না। আর সরকার ঋণের এ সীমা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩ শতাংশ পর্যন্ত বজায় রাখে, তাহলে ভবিষ্যতেও প্রভাব ফেলবে না। বরং বাংলাদেশের বাস্তবতায় সরকারের ব্যাংকঋণ বেসরকারি খাতে ইতিবাচক প্রভাবই ফেলেছে।
এমন মত বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) গবেষক দলের। সরকারি বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে পরিচালিত গবেষণার ফলাফল গতকাল শনিবার প্রতিষ্ঠানটির মিলনায়তনে এক সেমিনারে উপস্থাপন করা হয়।
গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশের ব্যাংকব্যবস্থায় বরাবরই অতিরিক্ত তারল্য থাকে। তাই সরকারের ঋণ গ্রহণের পরও বেসরকারি খাতের ঋণপ্রবাহে খুব বেশি নেতিবাচক প্রভাব পড়ে না। তবে সরকারের এই ঋণ গ্রহণের হার জিডিপির ৩ শতাংশের বেশি হলে তা বেসরকারি খাতে নেতিবাচক প্রভাব ফেলবে। অবশ্য এখন পর্যন্ত ২০১১ সালে সরকার ব্যাংকব্যবস্থা থেকে সর্বোচ্চ জিডিপির আড়াই শতাংশ ঋণ গ্রহণ করেছিল।
বিআইবিএমের গবেষক দলের এই দাবির বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক জায়েদ বখত প্রথম আলোকে বলেন, সরকারের বাজেট উপস্থাপনের পরপরই ঘাটতি বাজেট ও সরকারের ব্যাংকঋণ গ্রহণের বিষয়টি নিয়ে নানা কথা বলা হয়। মূলত সতর্কতা অবলম্বনের জন্যই তা করা হয়। কিন্তু বাস্তবতা হচ্ছে, এখন পর্যন্ত বাংলাদেশে ব্যাংকব্যবস্থা থেকে সরকার কখনো মাত্রাতিরিক্ত ঋণ নেয়নি। আবার বেসরকারি উদ্যোক্তারা ব্যাংক থেকে ঋণ চেয়ে অর্থসংকটের কারণে পাননি এমনও ঘটেনি। তার পরও সতর্কতা অবলম্বনের জন্য সব সময় ব্যাংকব্যবস্থা থেকে কম ঋণ গ্রহণের পরামর্শ দেওয়া হয়।
বিআইবিএমের শিক্ষক এস এ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবুল কাশেম। বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের অর্থনৈতিক উপদেষ্টা আখতারুজ্জামান, বেসরকারি আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহ আলম সারওয়ার, জনতা ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবদুস সালাম।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইবিএমের অধ্যাপক প্রশান্ত কুমার ব্যানার্জি। গবেষণা দলে তাঁর সঙ্গে ছিলেন প্রতিষ্ঠানটির অধ্যাপক আবেদ আলী, মহিউদ্দিন সিদ্দিকী ও রুহুল আমিন।
মূল প্রবন্ধে বলা হয়, ব্যাংকব্যবস্থা থেকে সরকারের ঋণ নিয়ে তা যদি অবকাঠামো উন্নয়ন, কৃষি ও উৎপাদনশীল খাতে ভর্তুকি হিসেবে ব্যবহার করা হয়, তাহলে তা বেসরকারি খাতে ইতিবাচক প্রভাব ফেলে। সেমিনারে চা-বিরতিতে এ বিষয়ে প্রবন্ধ উপস্থাপকের কাছে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে বিষয়টি ব্যাখ্যা করে বলেন, ‘সরকার যদি ঋণ নিয়ে মহাসড়ক তৈরি, যোগাযোগব্যবস্থার উন্নয়ন বা বিদ্যুৎ উৎপাদন বাড়ায়, তাহলে তা বেসরকারি খাতকে উৎসাহিত করবে। কারণ এর ফলে বেসরকারি খাতই বেশি উপকৃত হবে।’
এ বিষয়ে জায়েদ বখত বলেন, যদি পদ্মা সেতুর কাজ যথাযথভাবে শুরু হয়, তাহলে সেটিকে ঘিরে বেসরকারি বিনিয়োগে কিছুটা গতি আসবে। বেসরকারি উদ্যোক্তারা সরাসরি ওই সেতুর কিছু কাজের সঙ্গে সম্পৃক্ত হবে। আবার আরেকটি অংশ নতুন করে বিনিয়োগের পরিকল্পনা গ্রহণ করবে। তাই সরকারের অবকাঠামো উন্নয়ন বেসরকারি বিনিয়োগ বৃদ্ধিতে সহায়তা করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি আবুল কাশেম বলেন, গবেষণার তথ্য অনুযায়ী বাজেট ঘাটতি পূরণে সরকার ব্যাংকব্যবস্থা থেকে যে ঋণ নিচ্ছে, তা সহনীয় পর্যায়ে রয়েছে। এর ফলে বেসরকারি খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে না। এমনকি ব্যাংকগুলোও এ ক্ষেত্রে তাদের সামর্থ্য বিবেচনায় ঋণ দিচ্ছে।
সরকারের ব্যাংকঋণের সাম্প্রতিক তথ্য তুলে ধরে বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টা আখতারুজ্জামান বলেন, তিন বছর ধরে সরকার ব্যাংকব্যবস্থা থেকে ঋণ গ্রহণের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে, বাস্তবে তার চেয়ে ২০-৩০ শতাংশ কম ঋণ নিয়ে থাকে।
সেমিনারে আইএফআইসি ব্যাংকের এমডি বলেন, ‘আমাদের দেশে ব্যাংকে অনেক অলস টাকা পড়ে থাকে। কিন্তু তা সত্ত্বেও ঋণের সুদের হার কমে না। অথচ সাধারণ হিসাবে অলস টাকার পরিমাণ বেশি হলে সুদের হার কমে যাওয়ার কথা। কিন্তু চলমান ব্যবস্থায় কোথাও কোনো ঘাটতি রয়ে গেছে, যার ফলে এ নিয়ম কার্যকর হচ্ছে না।’