রাজনৈতিক কোনো অস্থিরতা ছিল না। বজায় ছিল ব্যবসার স্বাভাবিক ও সহায়ক পরিবেশ। সে কারণে ২০১৪ সালটি দেশের ব্যবসায়ীদের বেশ ভালোই কেটেছে।
তবে একটি ব্যবসা সহায়ক পরিবেশে যে পরিমাণ দেশি-বিদেশি বিনিয়োগ আসার কথা, গেল বছর তা আসেনি। ফলে বিনিয়োগ সেভাবে বাড়েনি। বিনিয়োগের চাহিদা কম থাকায় ব্যাংকে এখনো পড়ে আছে প্রচুর অলস টাকা। গত বছর জুন শেষে যেখানে এই অতিরিক্ত তারল্য (নগদসহ) ছিল ১ লাখ ৪৩ হাজার কোটি টাকা, তা সেপ্টেম্বর শেষে বেড়ে হয় ১ লাখ ৫৩ হাজার কোটি টাকা।
ব্যবসায়ীরাই বলছেন, দেশের ব্যবসা-বাণিজ্য ২০১৩ সালে যে ভঙ্গুর দশায় চলে গিয়েছিল, গেল বছর সেটা কাটিয়ে উঠতে পেরেছেন ব্যবসায়ীরা। কিন্তু যতটা আশা করা হয়েছিল ব্যবসা-বাণিজ্যে ততটা গতি আসেনি।
বিগত বছরের সামগ্রিক ব্যবসা-বাণিজ্য পরিস্থিতি সম্পর্কে মূল্যায়ন জানতে চাইলে ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আসিফ ইব্রাহীম প্রথম আলোকে বলেন, রাজনৈতিক স্থিতিশীলতার কারণে দেশে ব্যবসা-বাণিজ্য সহায়ক পরিবেশ ছিল। কিন্তু এর পরও বিনিয়োগ সেভাবে বাড়েনি। নতুন শিল্পকারখানায় গ্যাস-বিদ্যুতের সংযোগ দেওয়া হচ্ছে না। এসব সংযোগ দেওয়ার জন্য অসংখ্য আবেদন সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পড়ে আছে। আবার দেশি-বিদেশি বিনিয়োগ পেতে হলে অবকাঠমোর যে পর্যায়ে উন্নয়ন দরকার, তাও হয়নি।
নির্বাচনকেন্দ্রিক হরতাল-অবরোধ-সহিংসতার কারণে ২০১৩ সালে দেশের সামগ্রিক ব্যবসা-বাণিজ্যের অবস্থা ছিল বেশ নাজুক। ২০১৩ সালের ডিসেম্বরে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের তৈরি করা এক প্রতিবেদন অনুযায়ী, ওই বছরের জানুয়ারি থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত দেশে হরতাল-অবরোধ হয় ৬২ দিন। আর এতে ব্যবসা-বাণিজ্যের এক লাখ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।
গেল বছরের শুরুতেই এ অবস্থা কাটিয়ে উঠতে শুরু করেন ব্যবসায়ীরা। চাঙা হতে থাকে অর্থনৈতিক কর্মকাণ্ড। বড় বড় শিল্পগোষ্ঠী থেকে ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীরা পর্যন্ত আগের বছরে লোকসান কাটিয়ে ওঠার সর্বাত্মক চেষ্টায় নামেন।
এরই লক্ষণ হিসেবে উৎপাদনশীল খাতের উৎপাদনও বেড়ে যায়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, ২০১৩ সালের অক্টোবরে যেখানে শিল্পের উৎপাদন সূচক ছিল ১৯১ দশমিক ৩৯, গেল বছরের জুনে তা বেড়ে দাঁড়ায় ২৪০ দশমিক ১৩।
এসবের পরিপ্রেক্ষিতে গত সেপ্টেম্বরে হংকং সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) জানায়, বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য করার পরিবেশ-পরিস্থিতির উন্নতি হয়েছে। এইচএসবিসি ব্যাংক বিশ্বের ২৩টি দেশের বাণিজ্য আস্থা সূচক বিশ্লেষণ করে এই কথা বলে। তাতে বলা হয়, ব্যবসার আস্থার দিক থেকে ২৩টি দেশের মধ্যে দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ। ২০১৩ সালের শেষের দিকে যেখানে বাণিজ্য আস্থা সূচক ছিল ১০৩, সেখানে ২০১৪ সালের প্রথমার্ধেই তা বেড়ে হয় ১৪১। এর মানে হলো, বাংলাদেশে ব্যবসা করার জন্য ব্যবসায়ীরা আগের চেয়ে বেশি আস্থা পাচ্ছেন।
তবে ব্যবসায়ীদের আস্থা বাড়লেও গেল বছরে দেশে বিনিয়োগ পরিস্থিতি খুব একটা সুখকর নয়। হালনাগাদ কোনো তথ্যও নেই বিনিয়োগ পরিস্থিতির।
এফবিসিসিআই থেকে শুরু করে বড়-ছোট ব্যবসায়ী সংগঠনগুলোর নেতারা গেল বছর সবচেয়ে বেশি যে দাবিটি জানিয়েছেন তা হলো ব্যাংকঋণের সুদহার কমানো। তাঁদের বক্তব্য, এত বেশি সুদহারে ঋণ নিয়ে কোনো শিল্প করলে তা প্রতিযোগিতা সক্ষম হয় না।
সম্প্রতি সংবাদ সম্মেলন করে ঢাকা চেম্বারের নতুন সভাপতি হোসেন খালেদ অভিযোগ করেন, শিল্পে ঋণ দিয়ে ব্যাংকগুলো মাত্রাতিরিক্ত সুদ আদায় করছে। এতে প্রকৃত সুদের হার করপোরেটের ক্ষেত্রে ১৭ থেকে ১৮ শতাংশ আর ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) ক্ষেত্রে তা ২৫ থেকে ৩০ শতাংশ গিয়ে ঠেকছে। এতে বিনিয়োগকারীরা ঋণ নিতে পিছু হটছেন।
ঋণের উচ্চ সুদহারের পাশাপাশি শিল্পে বিদ্যুৎ ও গ্যাস-সংযোগ না দেওয়াকে বিনিয়োগ না হওয়ার আরেকটি বড় কারণ হিসেবে চিহ্নিত করছেন ব্যবসায়ীরা। তাঁরা বলছেন, দেশে বিদ্যুতের উৎপাদন এখন বেশ বেড়েছে। কমবেশি সাত হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। কিন্তু এর পরও শিল্পকারখানায় নতুন বিদ্যুৎ দেওয়া হচ্ছে কমই।
তবে ভয়াবহ অবস্থা গ্যাস-সংযোগের ক্ষেত্রে। নতুন গ্যাস-সংযোগ দেওয়া হয়নি বললেই চলে। এফবিসিসিআইতে খোঁজ নিয়ে জানা গেছে, দেশের বিভিন্ন স্থানে স্থাপিত শিল্প-কারখানা মালিকদের বেশ কিছু আবেদন পড়ে আছে যাঁরা কারখানা গড়ে বসে আছেন, কিন্তু গ্যাস-সংযোগ পাচ্ছেন না। ব্যবসায়ীরা বলছেন, গ্যাস-বিদ্যুৎ সংযোগের নিশ্চয়তা না পাওয়ায় অনেকেই নতুন বিনিয়োগে যাচ্ছেন না।
বিদেশি বিনিয়োগও (এফডিআই) গত বছর এসেছে কম। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুসারে, ২০১৪ সালের প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) ১১৮ কোটি ১৪ লাখ ডলারের এফডিআই এসেছে যেখানে ২০১৩ সালের একই সময়ে এসেছিল ১২৬ কোটি ৫৫ লাখ ডলার। অর্থাৎ এফডিআই প্রবাহ কমেছে সাড়ে ৬ শতাংশ।
গত এক বছরে বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে বক্তব্য দানকালে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশকে বিনিয়োগের জন্য উপযুক্ত দেশ হিসেবে উল্লেখ করেছেন। তবে তাঁরা অপর্যাপ্ত অবকাঠামো, গ্যাস-বিদ্যুতের সংযোগ না পাওয়াসহ বেশ কিছু কারণে বিনিয়োগের ক্ষেত্রে বারবারই পিছু হটেন বলে জানিয়েছেন।
ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাং গত অক্টোবরে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশ (আইসিসিবি) আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে বিনিয়োগ-সংক্রান্ত এক অধিবেশনে জানান, বাংলাদেশে যেখানে বন্দরে জট লেগে থাকে, সেখানে ভিয়েতনামে দ্রুত সেবা পাওয়া যায়। বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পণ্য পাঠাতে ছয় সপ্তাহ লাগলেও ভিয়েতনাম থেকে লাগে তিন সপ্তাহ।
বলাই বাহুল্য, ভিয়েতনামে সবচেয়ে বেশি বিনিয়োগ দক্ষিণ কোরিয়ার। আর বাংলাদেশে বিনিয়োগ করতে না পেরে ভিয়েতনামে গিয়ে কারখানা স্থাপন করেছে কোরিয়ার বিশ্বখ্যাত মুঠোফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান স্যামসাং।