
হরতাল-অবরোধসহ বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন খুলনার তরুণ উদ্যোক্তারা। অবরোধ ও দফায় দফায় হরতালের কারণে ক্রমাগত আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তাঁরা। অন্যদিকে এ অবস্থা থেকে উত্তরণে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে তেমন কোনো উদ্যোগও দেখতে পাচ্ছেন না তাঁরা। এ বিষয়টিই তাঁদের হতাশ ও শঙ্কিত করে তুলছে।
এ বিষয়ে কথা হচ্ছিল খুলনার ইউনাইটেড ট্রেডার্সের স্বত্বাধিকারী ও খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সহসভাপতি ওমর ফারুকের (৩৬) সঙ্গে। ২০০৫ সালে ব্যবসা শুরু করেন তিনি। তাঁর প্রতিষ্ঠাটি মংলা বন্দরে বিদেশি জাহাজগুলোতে আসা পণ্য ছোট ছোট জাহাজে করে খুলনার শিরোমণি, নওয়াপাড়ার মতো জায়গাগুলোতে পৌঁছে দেয়। এই প্রতিষ্ঠানের উৎপাদিত মধুমতী লবণ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় বিক্রির জন্য পাঠানো হয়।
ওমর ফারুক বলেন, ‘অবরোধ শুরুর আগে আমার জাহাজগুলো মাসে অন্তত দুটি করে ট্রিপ পেত। এখন একটা পেতেও কষ্ট হয়। এ অবস্থায় আগে একটি জাহাজ যেখানে দুই দিনে খালি হয়ে যেত, সেখানে এখন ১৫-২০ দিন লেগে যাচ্ছে।’
একইভাবে তাঁর প্রতিষ্ঠানের উৎপাদন করা লবণ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় পাঠানোর সাহস করে উঠতে পারছেন না ওমর ফারুক। বলেন, ‘একটা গাড়ির দাম অন্তত ৩০ লাখ টাকা। গাড়িটা যদি কেউ পুড়িয়ে দেয় সেটার ক্ষতিপূরণ কে দেবে?’
আক্ষেপ করে তিনি বলেন, তাঁর জাহাজ বসে আছে। গাড়িও বসে আছে। কিন্তু বসে নেই ব্যাংক ইন্টারেস্ট। পুঁজি ভেঙে কর্মচারীদের বেতন দিতে হচ্ছে।
২০০৪ সাল থেকে বাইরের বিভিন্ন দেশে কাঁচা পাট রপ্তানিকারক প্রতিষ্ঠান এস এস আলী অ্যান্ড কোম্পানির স্বত্বাধিকারী শেখ শাহনেওয়াজ আহমেদ বলেন, ‘আগের ২৫ হাজার টাকা ট্রাক ভাড়া ছিল। এখন ৪০ থেকে ৪৫ হাজার টাকায় পৌঁছেছে। পাট কিনতে হচ্ছে বেশি দামে, কিন্তু বিক্রির ক্ষেত্রে সে দাম পাচ্ছি না। টানা অবরোধের কারণে পাকিস্তানের দুটি পাটকলের সঙ্গে যে চুক্তি হওয়ার কথা ছিল তা বাতিল হয়েছে।’
প্রধান দুই রাজনৈতিক দলকে উদ্দেশ করে শাহনেওয়াজ আরও বলেন, ‘তাঁরা জনগণের কথা বলে রাজনীতি করেন। আসলে তাঁরা জনগণের ভাষাই বোঝেন না।’ তাই দেশ এবং দেশের অর্থনীতির স্বার্থেই প্রধান দুই রাজনৈতিক দলকে সমঝোতায় আসার আহ্বান জানান তিনি।
এদিকে বিদেশে উচ্চশিক্ষা শেষ করে দেশের মাটিতেই কিছু করার স্বপ্ন নিয়ে ফিরেছিলেন খুলনার আয়ান জুট মিলসের পরিচালক জহির উদ্দিন রাজীব (২৮)। তিনি বললেন, আগে প্রতি মাসে ১৫ থেকে ১৮ কোটি টাকার শিপমেন্ট হতো। এ মাসে পাঁচ কোটি টাকারও হয়নি। প্রতি মাসে ব্যাংক ইন্টারেস্ট ৬৫ লাখ টাকা।
অবরোধ চলাকালেই তাঁর প্রতিষ্ঠানের একটি বাসে আগুন দেওয়া হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, এই প্রতিষ্ঠানের সঙ্গে পাঁচ হাজার শ্রমিক আর ২৫০ জনের ভাগ্য জড়িত। কারখানায় কাজ করতে আসতে গিয়ে যদি কোনো শ্রমিক হরতালের আগুনে পুড়ে মারা যান, সে দায়িত্ব তো সরকার কিংবা বিরোধী দল নেবে না।
তাই রাজনৈতিক দলগুলোকে কর্মসূচির ধারা বদলানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা সমঝোতায় আসুন, সংলাপে বসুন। সাধারণ মানুষের যাতে কোনো ক্ষতি না হয়, এমন কর্মসূচি দিন। আমরা তো কোনো দোষ করিনি। তাহলে আমরা কেন এই দুর্ভোগ পোহাব?’
আরও পড়ুন