সহ্য করতে হবে সমালোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের তৈরি পোশাক খাতকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হলে দক্ষ এবং উদ্ভাবনী শিল্প হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য গণমাধ্যম এ খাত নিয়ে সমালোচনা করলে তা সহ্য করার ক্ষমতাও পোশাকমালিকদের থাকতে হবে। কারণ, গণমাধ্যম এ খাতকে এগিয়ে নিয়ে যেতে চায়।
আবার গণমাধ্যমকেও শুধু নেতিবাচক খবরের পেছনে না ছুটে এ খাতের ভালো দিকগুলোও তুলে ধরতে হবে। পোশাক খাতের সহায়ক শক্তি হিসেবে গণমাধ্যমকে কাজ করতে হবে।
‘বাংলাদেশের পোশাক খাত ২০২১—উন্নয়নে গণমাধ্যমের অংশীদারত্ব’ শীর্ষক অধিবেশনে বক্তারা এসব কথা বলেছেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজিএমইএ আয়োজিত ঢাকা অ্যাপারেল সামিটের দ্বিতীয় দিনে গতকাল সোমবার এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, রানা প্লাজার ঘটনা নিয়ে গণমাধ্যমে অনেক বেশি প্রচারণা হয়েছে। যুক্তরাষ্ট্রসহ উন্নত দেশগুলোতেও অনেক দুর্ঘটনা হয়। চীনে প্রতিদিনই একটি করে দুর্ঘটনা ঘটে। কিন্তু সেসব গণমাধ্যমে ফলাও করে প্রচার হয় না। তিনি বলেন, ‘রানা প্লাজা আমাদের পোশাক খাতের পুরো চিত্র নয়। আমাদের অনেক সফল গল্প আছে। সেগুলোও তুলে ধরা উচিত।’
অধিবেশনের আলোচক দ্য ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম বলেন, ‘বাংলাদেশের ভবিষ্যৎ আপনাদের (পোশাক খাত) হাতে। কিন্তু এ জন্য এ খাতকে আরও পরিপক্ব হতে হবে। আপনাদের সমালোচনা সহ্য করার ক্ষমতা থাকতে হবে। আমরা এমনি এমনি সমালোচনা করি না। আমরা সমালোচনা করি যেন আপনাদের সক্ষমতা বাড়ে। এ শিল্প যেন আরও এগিয়ে যায়।’
মাহ্ফুজ আনাম এও বলেন, ‘আমাদের মধ্যেও (গণমাধ্যম) সবাই দক্ষ নয়। তাই আমরাও ভুল করি। এটা হতেই পারে। আপনারা যদি গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ বাড়ান, তাহলে এ সমস্যা কেটে যাবে।’
বাংলাদেশ রপ্তানিকারক সমিতির (ইএবি) সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, গণমাধ্যমের সঙ্গে দেশের পোশাক খাতের সম্পর্ক বেশ ভালো। তবে কখনো কখনো দুই পক্ষের মধ্যে ভুল- বোঝাবুঝি ও দ্বিধাদ্বন্দ্ব দেখা দেয়। এটা কাটিয়ে উঠতে হবে।
সাংসদ ও কর্মজীবী নারীর প্রতিষ্ঠাতা সভাপতি শিরীন আখতার বলেন, ‘বিশ্ব এখন বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। এটা শুধু রানা প্লাজার কারণে নয়। কারণ হলো বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ। সে কারণে এ দেশের পোশাক নিয়ে ষড়যন্ত্র চলছে। গণমাধ্যমকে এ ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।’
দেশীয় গণমাধ্যমগুলো পোশাক খাত নিয়ে সমালোচনা করলেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে মন্তব্য করে সাবেক সাংসদ ফজলুল আজীম বলেন, ‘গণমাধ্যমকে তথ্যনির্ভর হতে হবে। বিশেষ করে আন্তর্জাতিক গণমাধ্যমকে। আমাদের ভুল হতে পারে। সেটা শুধরে দেন। কিন্তু ভুল তথ্য উপস্থাপন করবেন না।’
ওয়ার্ল্ডওয়াইড রেসপনসিবল অ্যাক্রিডিটেড প্রোডাকশনের সভাপতি ও সিইও অ্যাভেন্ডিস এইচ সেফেরিয়ান বলেন, গণমাধ্যমের কাজ শুধু নেতিবাচক খবরগুলো তুলে ধরা না। গণমাধ্যম বস্তুনিষ্ঠভাবে খবর পরিবেশন করবে। সেটা ইতিবাচক হলেও বলবে, নেতিবাচক হলেও বলবে।
বৈশাখী টেলিভিশনের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী মনজুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে অধিবেশনে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোজাফফর ইউ সিদ্দিকী, জার্মানের সরকারি সংস্থা জিআইজেডের প্রকল্প সমন্বয়কারী মাগনাস স্মিড প্রমুখ বক্তব্য দেন।