সাড়ে ৮ হাজার কোটি টাকা কমছে এডিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবারের মতো চলতি অর্থবছরের (২০১৪-১৫) বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার ছোট করে ফেলা হচ্ছে। মূল এডিপি থেকে ৮ হাজার ৩১৫ কোটি টাকা কমানো হচ্ছে। এর ফলে এ বছর সংশোধিত এডিপির আকার দাঁড়াবে ৭২ হাজার কোটি টাকা।
পরিকল্পনা কমিশন প্রাথমিকভাবে এ হিসাব প্রাক্কলন করেছে। আগামীকাল মঙ্গলবার কমিশনের বর্ধিত সভায় সংশোধিত এডিপির প্রস্তাবিত আকার অনুমোদনের জন্য উঠছে। পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এতে সভাপতিত্ব করবেন।
উল্লেখ্য, পরিকল্পনা কমিশনের তদারকিতে এবারের এডিপির আকার ৮০ হাজার ৩১৫ কোটি টাকা নির্ধারিত হয় গত বাজেটে। প্রকল্প বাস্তবায়ন সংকটের পুরোনো সমস্যাই এবারও এডিপি কাটছাঁটের অন্যতম প্রধান কারণ বলে জানা গেছে।
চলতি অর্থবছরের শুরু থেকেই পরিকল্পনামন্ত্রী এডিপি পুরোপুরি বাস্তবায়নের নানা উদ্যোগ নিয়েছিলেন। মাঠের কাজের গতি দেখতে বেশ কিছু বড় প্রকল্প পরিদর্শনেও গিয়েছিলেন তিনি। এ ছাড়া সব প্রকল্প পরিচালকের সঙ্গে একাধিক সভাও করেছেন। কিন্তু প্রকল্প বাস্তবায়নের গতি আগের বছরের চেয়ে বৃদ্ধি তো করা যায়নি, বরং বাস্তবায়ন হার কমে গেছে। গত ৮ জানুয়ারি সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী বলেছিলেন, রাবার দিয়ে মুছে নয়, কম্পিউটারে ক্লিক করে নয়, যথাযথভাবেই শতভাগ এডিপি বাস্তবায়ন করা হবে। কিন্তু শেষ পর্যন্ত পূর্বসূরিদের মতো এডিপি কাটছাঁটের পুরোনো পথেই হাঁটছেন বর্তমান পরিকল্পনামন্ত্রী।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের সংশোধিত এডিপিতে সাড়ে পাঁচ হাজার কোটি টাকা কমিয়ে স্থানীয় মুদ্রায় জোগান দেওয়া হবে ৪৭ হাজার ১০০ কোটি টাকা। মূল এডিপিতে এর পরিমাণ ছিল ৫২ হাজার ৬১৫ কোটি টাকা। অন্যদিকে বিদেশি সহায়তার বরাদ্দ থেকে কমছে ২ হাজার ৮০০ কোটি টাকা। সংশোধিত এডিপিতে বিদেশি সহায়তা থাকবে ২৪ হাজার ৯০০ কোটি টাকা।
এ সম্পর্কে জানতে চাইলে পরিকল্পনা কমিশনের সদস্য (সাধারণ অর্থনীতি বিভাগ) শামসুল আলম প্রথম আলোকে বলেন, প্রতিবছরই এডিপির আকার ছোট করা হয়। তবে এটি বাস্তবসম্মত প্রক্রিয়ায় করা হয়। এক বছর আগে নেওয়া অর্থনৈতিক পরিকল্পনা অনেক সময় সঠিক পথে থাকে না। অনেক সময় রাজনৈতিক পরিস্থিতিও অনকূলে থাকে না।
শামসুল আলম জানান, যেসব মন্ত্রণালয় ভালো করেছে, তাদের বরাদ্দ বাড়িয়ে দেওয়া হবে। আবার যারা খারাপ করছে, তাদের অর্থ কমানো হবে।
টাকার অঙ্কে বিগত চার বছরের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ এডিপি কাটছাঁট করা হচ্ছে এবার। ৫ হাজার ৮৭২ কোটি টাকা কমানোর পর ২০১৩-১৪ অর্থবছরে সংশোধিত এডিপির আকার দাঁড়ায় ৬০ হাজার কোটি টাকা। এর আগের বার অর্থাৎ ২০১২-১৩-তে সংশোধিত এডিপির আকার ছিল ৫২ হাজার কোটি টাকা। সেবার ২ হাজার ৬৩৪ কোটি টাকা কমানো হয়েছিল। ২০১১-১২ অর্থবছরে কাটছাঁট হয়েছিল ৪ হাজার ৯২০ কোটি টাকা। তখন সংশোধিত এডিপির আকার হয়েছিল ৪১ হাজার ৮০ কোটি টাকা।
এডিপি বাস্তবায়নের ব্যাপক তোড়জোড় থাকলেও মাঠের পরিস্থিতি বলছে ভিন্ন কথা। টাকার অঙ্কে বাড়লেও এডিপি বাস্তবায়ন হার কমে গেছে। চলতি অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) ৩২ শতাংশ এডিপি বাস্তবায়িত হয়েছে, যা বিগত চার বছরের মধ্যে সর্বনিম্ন। এ সময়ে খরচ হয়েছে ২৫ হাজার ৮৫৮ কোটি টাকা।
জুলাই-জানুয়ারি সময়ে বিশ্লেষণ করলে দেখা যায়, গত অর্থবছরে (২০১৩-১৪) এডিপির ৩৩ শতাংশ বা ২১ হাজার ৮৫৭ কোটি টাকা খরচ হয়েছিল। এর আগের অর্থাৎ ২০১২-১৩ অর্থবছরে এডিপি বাস্তবায়ন হয়েছিল ৩৮ শতাংশ বা ২১ হাজার ৩৯ কোটি টাকা। ২০১১-১২ অর্থবছরে বাস্তবায়ন হার ছিল ৩৪ শতাংশ। সে বছর খরচ হয়েছিল ১৫ হাজার ৭৮৩ কোটি টাকা।