অবকাঠামো খাতের উন্নয়নে সাত বছরেও সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) উদ্যোগ কোনো কাজে দেয়নি। ফলে পিপিপির জন্য প্রতিবছর বাজেটে যে অর্থ বরাদ্দ রাখা হচ্ছে, তা খরচ হচ্ছে না। ওই অর্থ পরে অন্য খাতে সরিয়ে নিচ্ছে সরকার।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী হয়ে ২০০৯-১০ অর্থবছরের বাজেটেই পিপিপিকে ‘নব উদ্যোগ বিনিয়োগ প্রয়াস’ নামে অভিহিত করেন। প্রতিবছর ৩৯ হাজার কোটি টাকা হিসেবে পাঁচ বছরে ১ লাখ ৯৬ হাজার কোটি টাকা পিপিপি উদ্যোগ থেকে পাওয়া যাবে বলেও তখন তিনি আশা করেছিলেন।
কিন্তু বেসরকারি খাতকে আকৃষ্ট করতে না পারায় সে আশা পূরণ হয়নি অর্থমন্ত্রীর। আওয়ামী লীগের দুই দফার অর্থমন্ত্রী আগামী ২ জুন যে বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন, তাতেও পিপিপি নিয়ে তাঁর বক্তব্য থাকবে বলে জানা গেছে। তবে অর্থমন্ত্রীর গত সাতটি বাজেট বক্তব্য বিশ্লেষণে দেখা যায়, পিপিপি নিয়ে প্রতিবার তিনি প্রায় একই কথা বলে আসছেন।
পিপিপি হচ্ছে দীর্ঘমেয়াদি অংশীদারি ব্যবস্থা, যেখানে জনগণকে সেবা দেওয়ার উদ্দেশ্যে বেসরকারি খাত বিনিয়োগ করে থাকে। এতে সরকারের সঙ্গে বেসরকারি খাতের চুক্তি হয় বা সেবা তৈরির জন্য বেসরকারি খাতকে সরকার নিবন্ধন দিয়ে থাকে। অবকাঠামোর উন্নয়নে বিশ্বজুড়েই পিপিপি এখন জনপ্রিয় পদ্ধতি।
নির্মাণ, মালিকানা, পরিচালনা ও হস্তান্তর (বিওওটি); নির্মাণ, পরিচালনা ও হস্তান্তর (বিওটি) এবং নির্মাণ, মালিকানা ও পরিচালনা (বিওও)—পিপিপির এ তিনটি পদ্ধতিই প্রচলিত।
২০০৯-১০ অর্থবছরে পিপিপি ঘোষণার পর ২০১০ সালে পিপিপি নীতিমালা ও কৌশল, ২০১২ সালে পিপিপি কারিগরি সহায়তা অর্থায়ন নীতিমালা (পিপিপিটিএএফ) এবং ২০১২ সালে পিপিপিটিএএফ কর্মসূচি এবং গত বছর সর্বশেষ পিপিপি আইন করা হয়েছে। এর বাইরে পিপিপি প্রকল্প বাস্তবায়নে বেসরকারি খাতকে আকৃষ্ট করতে গঠন করা হয়েছে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফিন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল) নামের একটি কোম্পানিও। তারপরও বেসরকারি খাতের উদ্যোক্তাদের কাছে বিনিয়োগের জন্য পছন্দের তালিকায় পিপিপি নেই।
অর্থসচিব মাহবুব আহমেদ পদাধিকারবলে বিআইএফএফএলের চেয়ারম্যান। পরিচালনা পর্ষদে সচিব রয়েছেন আরও ছয়জন। কিন্তু বেসরকারি খাতকে আকৃষ্ট করতে পারছে না কোম্পানিটি।
কারণ কী, জানতে চাইলে মাহবুব আহমেদ গত বুধবার প্রথম আলোকে বলেন, ‘একদম আকর্ষণ করতে পারেনি ঠিক নয়। এত দিন এর প্রস্তুতিমূলক সময় ছিল, আগামী বছর থেকে ভালো কিছু অর্জন দেখা যাবে।’
অর্থমন্ত্রীর ৭ বছরের বক্তব্যগুলো : অর্থমন্ত্রী ২০০৯-১০ অর্থবছরের বাজেট বক্তব্যে বলেছিলেন, ‘আগামী পাঁচ বছরে দরকার অতিরিক্ত ১ লাখ ৯৬ হাজার কোটি টাকা। পিপিপি উদ্যোগে এ বিনিয়োগ ঘাটতি পূরণ করা হবে।’
এর পরের বাজেট বক্তব্যগুলোতে পিপিপি নিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘ব্যক্তি খাতের সম্পৃক্ততায় ব্যাপক গতি পাবে পিপিপি’, ‘সফলভাবে পিপিপি বাস্তবায়ন করতে সংশ্লিষ্ট সবার দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর বিষয়টি গুরুত্বপূর্ণ পূর্বশর্ত’, ‘আশানুরূপ না হলেও উল্লেখযোগ্য সংখ্যক পিপিপি প্রকল্প অনুমোদিত হয়েছে। আশা করি, অচিরেই এগুলোর বাস্তবায়ন শুরু করা যাবে’, ‘অবকাঠামোর উন্নয়নে বেসরকারি খাতের বিনিয়োগ আকর্ষণে পিপিপি প্রকল্প বাস্তবায়নকে উৎসাহিত করব’।
সর্বশেষ চলতি অর্থবছরের বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী অবশ্য তাঁর আশাবাদী বক্তব্য থেকে সরে এসে একটি স্বীকারোক্তি দেন। তাতে তিনি বলেন, ‘পিপিপি বাস্তবায়নে গত ছয়টি বছর আমি অনেক বক্তব্য দিয়েছি। কিন্তু বাস্তবায়নে উল্লেখযোগ্য উদাহরণ নেই।’
পিপিপির ৪৪ প্রকল্প: চলতি অর্থবছরের বাজেট বক্তব্যে পিপিপির আওতায় ছয়টি খাতে ৪২টি প্রকল্পের তালিকা দেন অর্থমন্ত্রী। এর মধ্যে পরিবহন খাতেরই ১৬টি প্রকল্প। এ ছাড়া স্বাস্থ্য খাতের ৮টি, আবাসন খাতের ৫টি, অর্থনৈতিক অঞ্চল খাতের ৮টি এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১টি প্রকল্প রয়েছে।
পিপিপি কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, এর মধ্যে প্রকল্পসংখ্যা বেড়ে হয়েছে ৪৪। এর মধ্যে এখন পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ তিনটির নির্মাণকাজ শুরু হয়েছে। এর বাইরে বেশির ভাগ প্রকল্প এখনো সম্ভাব্যতা যাচাইয়ের পর্যায়ে রয়েছে। তবে অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে কয়েকটি প্রকল্প অনুমোদন দিয়েছে। কয়েকটি প্রকল্পে উপদেষ্টা নিয়োগ হয়েছে, আর কয়েকটি চুক্তির অপেক্ষায় রয়েছে।
বক্তব্য: পিপিপিতে ব্যবসায়ীদের এগিয়ে না আসার বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমাদ প্রথম আলোকে বলেন, পিপিপি আইন যেহেতু হয়েছে, এখন আর কোনো সমস্যা নেই। তাই তিনি পিপিপির ভবিষ্যৎ নিয়ে আশাবাদী বলেও জানান। তবে পিপিপিতে গতি আনতে হলে সিদ্ধান্ত গ্রহণে ধীর গতির সমস্যা কাটানো দরকার বলেও মত দেন মাতলুব।
এ বিষয়ে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হোসেন খালেদ বলেন, ‘আমাদের বিনিয়োগ মূলত মূলধন ও ঋণনির্ভর। এ দেশে পিপিপির চর্চা ছিল না। তাই নতুন এ ব্যবস্থাটি বাস্তবায়নে সময় লাগছে।’