সাত মাসে রাজস্ব ঘাটতি ১২ হাজার কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজস্ব ঘাটতি ক্রমশ বাড়ছে। যতই দিন যাচ্ছে, মাস যাচ্ছে, ততই লক্ষ্য থেকে পিছিয়ে পড়ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চলতি অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই থেকে জানুয়ারি) রাজস্ব আদায়ে ঘাটতি হয়েছে ১২ হাজার ৩ কোটি টাকা। প্রথম ছয় মাসে ৯ হাজার কোটি টাকার বেশি ঘাটতি ছিল।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, জুলাই থেকে জানুয়ারি সময়ে এনবিআর ৭৯ হাজার ১৬৫ কোটি টাকা রাজস্ব আদায় করেছে। এ সময়ে লক্ষ্য ছিল ৯১ হাজার ১৬৮ কোটি টাকা আদায়ের।
তবে গতবারের একই সময়ের চেয়ে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ৩৫ শতাংশ। গত অর্থবছরের এ সময়ে রাজস্ব আদায় হয়েছিল ৬৯ হাজার ৮৪২ কোটি টাকা।
চলতি অর্থবছরে এনবিআরকে ১ লাখ ৭৬ হাজার ৩৫০ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি ধরা হয়েছে ৩০ দশমিক ৬২ শতাংশ বেশি। এ নিয়ে চলতি অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নিজেই এই লক্ষ্যমাত্রাকে ‘সত্যিই উচ্চাভিলাষী’ বলে উল্লেখ করেছিলেন। বাজেটে তিনি বলেছিলেন, ‘গত ছয় বছরে রাজস্ব বোর্ডের জনবল ও দপ্তর বেড়েছে ব্যাপকভাবে এবং তারা একটি বছরে আদায়ে প্রবৃদ্ধি ২০ শতাংশের বেশি করতে সক্ষম হয়েছে। এবার তাদের চ্যালেঞ্জ হলো ৩০ দশমিক ৬২ শতাংশ হারে রাজস্ব বৃদ্ধি।’
এনবিআর এখন পর্যন্ত এই চ্যালেঞ্জ নিতে পারেনি। তবে এনবিআর মনে করে, অর্থবছরের শেষের দিকে রাজস্ব আদায় বৃদ্ধি পায়। সুতরাং আদায়র প্রবৃদ্ধি আরও বাড়বে। যদিও এনবিআর সূত্র জানায়, বাজেটের আগে এত বড় রাজস্ব লক্ষ্যমাত্রায় তাদের সায় ছিল না। কিন্তু সংশোধিত বাজেটে লক্ষ্যমাত্রা খানিকটা কমানো হবে—এই আশ্বাস তখন দেওয়া হয়েছিল।
উল্লেখ্য, সরকারি ব্যয় বেড়ে যাওয়ায় অর্থমন্ত্রীকে বাধ্য হয়ে রাজস্ব আদায়ের বড় পরিকল্পনার দিকে যেতে হয়েছে। তবে শেষ পর্যন্ত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) পুরোপুরি বাস্তবায়িত না হওয়ায় বাজেট ঘাটতি নিয়ন্ত্রণে থেকে যায়। এতে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রারও সংশোধন করার সুযোগ তৈরি হয়। এবারও তাই হবে বলে মনে করা হচ্ছে।
এনবিআর সূত্র জানায়, রাজস্ব ঘাটতি পূরণে তারা বিশেষ কার্যক্রম হাতে নিয়েছে। বকেয়া বা বিরোধপূর্ণ প্রায় ৩০ হাজার কোটি টাকা শুল্ক-কর আদায়ে ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা শুরু করেছে। এর উদ্দেশ্য হচ্ছে দ্রুত এ-সংক্রান্ত মামলাগুলো নিষ্পত্তি করা। এ ছাড়া বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতিতেও এসব বকেয়া বা বিরোধপূর্ণ শুল্ক-কর মামলা নিষ্পত্তির জন্য ব্যবসায়ীদের উৎসাহিত করতে তাঁদের সঙ্গে একাধিক সভা করেছেন এনবিআরের চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এনবিআরের কর্মকর্তারা বলেছেন, চলতি অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে অন্যবারের চেয়ে ধীরগতি রয়েছে। তাই ঠিকাদারদের অগ্রিম করসহ অন্য শুল্ক-কর অপেক্ষাকৃত কম আদায় হয়েছে। এ ছাড়া মোবাইল ফোন অপারেটর, সিগারেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান থেকেও রাজস্ব আদায়ে গতি কম। এসব কারণে লক্ষ্য অনুযায়ী রাজস্ব আদায় হচ্ছে না।
আদায় পরিস্থিতি: চলতি অর্থবছরের প্রথম সাত মাসে আমদানি পর্যায়ে আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক) সম্পূরক শুল্ক, রপ্তানি শুল্ক আদায়ের পরিমাণ ২৪ হাজার ৫০১ কোটি টাকা। রাজস্ব আদায়ে ঘাটতি ১ হাজার ৪৯১ কোটি টাকা। এ খাতে লক্ষ্যমাত্রা ছিল ২৫ হাজার ৯৯২ কোটি টাকা।
স্থানীয় পর্যায়ে সাধারণত মূল্য সংযোজন কর, আবগারি শুল্ক, সম্পূরক শুল্ক ও টার্নওভার ট্যাক্স আদায় করা হয়। জুলাই-জানুয়ারি মাসে এ খাতে রাজস্ব আদায় হয়েছে ৩০ হাজার ১০৬ কোটি টাকা। এ খাতে সাত মাসে লক্ষ্য ছিল ৩৫ হাজার ১৬৫ কোটি টাকা।
তবে আয়কর খাতে অন্য বছরের ধারাবাহিকতা রক্ষা করা যায়নি। এ বছরের জুলাই থেকে জানুয়ারি মাসে আয়কর তথা প্রত্যক্ষ কর আদায় হয়েছে ২৪ হাজার ৫৮৮ কোটি টাকা। এ খাতে ঘাটতি রয়েছে ৫ হাজার ৪৫১ কোটি টাকা।