সাপ্তাহিক ভিত্তিতে পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ বিশ্লেষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংক এখন থেকে পুঁজিবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগ পরিস্থিতি দৈনিকের পরিবর্তে সাপ্তাহিক ভিত্তিতে বিশ্লেষণ করবে। এত দিন সপ্তাহের শেষ দিনে প্রতিদিনের পৃথক তথ্য ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংকে পাঠাতে হতো।
বাজার পরিস্থিতি ভালো না হওয়ায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির অনুরোধে বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার এ নিয়ে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোর একটি বৈঠক হয়। সেখানে এ সিদ্ধান্ত হয়।
বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে গভর্নর আতিউর রহমানের সভাপতিত্বে এ বৈঠকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয় (আরজেসি) এবং এমআরএর প্রতিনিধি উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী সাংবাদিকদের জানান, নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের লক্ষ্যে নিয়মিত বৈঠকের অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
যোগাযোগ করা হলে প্রথম আলোকে তিনি বলেন, এখন থেকে পুঁজিবাজারে ব্যাংকগুলোর দৈনিক লেনদেনের তথ্য নেওয়ার
পরিবর্তে সপ্তাহের শেষ দিনে গোটা সপ্তাহের একীভূত তথ্য নেওয়া হবে। তিনি বলেন, বাজার পরিস্থিতি বিবেচনায় কিছুটা শিথিলতা দেখানো হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুসারে, গত নভেম্বর পর্যন্ত এক বছরে পুঁজিবাজারে ব্যাংক খাতের নিট বিনিয়োগ বেড়েছে ৯৪৬ কোটি টাকা। যদিও এ সময়ে শেয়ারবাজারের মোট বিনিয়োগে ব্যাংক খাতের অংশ কমে ৪৩ দশমিক ৬২ শতাংশে নেমে এসেছে। আগের বছরের একই সময়ে মোট বিনিয়োগে ব্যাংকগুলোর অংশ ছিল ৫০ দশমিক ৬২ শতাংশ। মূলত শেয়ারবাজারে নতুন করে অনেক কোম্পানির তালিকাভুক্তি, ব্যাংকবহির্ভূত প্রতিষ্ঠান ও সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগ বৃদ্ধির কারণে এ সময়ে ব্যাংকগুলোর ৯৪৬ কোটি টাকা বিনিয়োগ বাড়লেও সামগ্রিক বিনিয়োগে অংশ কমেছে।