সামাজিক প্রতিষ্ঠানের বার্ষিক আয় গড়ে ২১ লাখ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের একটি সামাজিক প্রতিষ্ঠানের বার্ষিক গড় আয় ২১ লাখ টাকা। আগামী বছর তা আরও এক-তৃতীয়াংশ বাড়বে। বাংলাদেশে সামাজিক প্রতিষ্ঠান খাতটির প্রতিনিয়ত উন্নয়ন ঘটছে। দেশের মোট সামাজিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে অর্ধেকের বয়স কমবেশি ছয় বছর। এসব প্রতিষ্ঠান সামাজিক ও অর্থনৈতিকভাবে সুবিধাবঞ্চিত ব্যক্তিদের নতুন কর্মসংস্থান তৈরিতে কাজ করে।
দ্য স্টেট অব সোশ্যাল এন্টারপ্রাইজ ইন বাংলাদেশ এবং সোশ্যাল এন্টারপ্রাইজ পলিসি ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ-এ দুটি জরিপ প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ কাউন্সিল। গতকাল রোববার প্রকাশিত এ দুটি প্রতিবেদনে বাংলাদেশে সামাজিক প্রতিষ্ঠানের চিত্র পাওয়া গেছে। রাজধানীর বারিধারার একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এ প্রতিবেদন দুটি প্রকাশ করা হয়।
বেটারস্টোরিজ, ইউএন লি. ও সোশ্যাল এন্টারপ্রাইজ ইউকের সহায়তায় ওভারসিজ ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের নেতৃত্বে এ জরিপ করেছে ব্রিটিশ কাউন্সিল। মোট ১৪৯টি প্রতিষ্ঠান এ জরিপে অংশ নেয়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশে এখন দেড় লাখ সামাজিক প্রতিষ্ঠান আছে। এসব প্রতিষ্ঠান থেকে ২ লাখ ৭ হাজার ৩৯৭ জন সুবিধা পাচ্ছেন। জরিপ অনুযায়ী, দেশের ৭৯ শতাংশ সোশ্যাল এন্টারপ্রাইজের নিবন্ধন ২০০৯ সালের মধ্যে এবং বেশির ভাগ নেতৃত্বদানকারীর বয়স ৩৫ বছরের কম। প্রযুক্তিগত দক্ষতার অভাব এ খাতের সম্প্রসারণে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। এ ছাড়া অর্থনৈতিক সংকট, সচেতনতা ও অর্থের নগদ প্রবাহের স্বল্পতা সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে প্রতিবন্ধকতা তৈরি করছে।
সামাজিক প্রতিষ্ঠান হচ্ছে একটি ব্যবসা, যেখানে সামাজিক উদ্দেশ্য এবং সামাজিক উদ্দেশ্যে পুনর্বিনিয়োগের ওপর বেশি জোর দেওয়া হয়ে থাকে। মালিক ও অংশীদারদের জন্য শুধু মুনাফা বাড়ানোর দিকে গুরুত্ব না দিয়ে সামাজিক কর্মকাণ্ডের ওপর বেশি জোর দেওয়াই হচ্ছে সামাজিক প্রতিষ্ঠান। সুবিধাবঞ্চিত ব্যক্তিদের জন্য কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন, সামাজিক বৈষম্য দূরীকরণসহ সমাজের ছোট-বড় সমস্যা নিয়ে কাজ করছে সামাজিক প্রতিষ্ঠানগুলো।
জরিপ থেকে আরও জানা গেছে, বাংলাদেশে সামাজিক প্রতিষ্ঠানে নারী নেতৃত্ব ৬ শতাংশ। গতানুগতিক ব্যবসায়িক প্রতিষ্ঠানে এ হার ৫ শতাংশ। সামাজিক প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের ৪১ শতাংশ পূর্ণকালীন কাজ করতে সক্ষম, যা অন্য ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর চেয়ে দ্বিগুণ।
প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে ব্রিটিশ কাউন্সিলের গ্লোবাল হেড (সোশ্যাল এন্টারপ্রাইজ) মেইরি ম্যাকে বলেন, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও ঘানায় পরিচালিত জরিপে জানা গেছে, এ খাতের প্রতিবন্ধকতা, সুযোগ, গুরুত্ব এবং কীভাবে এর সম্প্রসারণ সম্ভব, তা শনাক্ত করা গেছে।
ব্রিটিশ কাউন্সিলের বাংলাদেশ পরিচালক বারবারা উইকহ্যাম বলেন, সামাজিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বে পথিকৃৎ দেশ হিসেবে বিবেচিত।