বিগত তিন দশকে বিশ্বের ৯৪ কোটি মানুষ অতি দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছে। তার পরও এখনো ১০০ কোটি মানুষ অতি দরিদ্র। আর বাংলাদেশে মোট জনগোষ্ঠীর ১২ দশমিক ৪ শতাংশ বা প্রায় পৌনে দুই কোটি মানুষ অতি দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। এমন অবস্থায় আজ শুক্রবার বিশ্বব্যাপী আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস পালিত হচ্ছে।
উল্লেখ্য, ১৯৯৩ সাল থেকে বিভিন্ন দেশ দিবসটি পালন করে আসছে। ১৯৯২ সালের ২২ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ সভায় ১৭ অক্টোবরকে দারিদ্র্য বিমোচন দিবসের মর্যাদা দেওয়া হয়।
দারিদ্র্য বিমোচনই স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোর অন্যতম বড় চ্যালেঞ্জ। তবে দুই দশক ধরে বাংলাদেশ দারিদ্র্য বিমোচনে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জুন মাস পর্যন্ত হিসাবে, বাংলাদেশে দারিদ্র্য হার এখন ২৫ দশমিক ৬ শতাংশ। আর অতি দারিদ্র্য হার ১২ দশমিক ৪ শতাংশ। এটি ২০১০ সালের খানা ব্যয় জরিপের ফলাফল ধরে প্রাক্কলন করা হয়েছে। এই খানা জরিপ অনুযায়ী, ২০১০ সালে দারিদ্র্য হার ছিল সাড়ে ৩১ শতাংশ। প্রতি পাঁচ বছর পর খানা ব্যয় জরিপ করা হয়।
২০০৫ সাল থেকে পরবর্তী পাঁচ বছরে ১ দশমিক ৭ শতাংশ হারে দারিদ্র্য কমেছে। এখন সেই একই হারে দারিদ্র্য কমছে বলে বিবিএস প্রাক্কলন করেছে।
বিবিএসের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, দারিদ্র্য হার কমার প্রবণতা ক্রমশ দুর্বল হচ্ছে। ২০০০ সালে বাংলাদেশের দারিদ্র্য হার ছিল ৪৮ দশমিক ৯ শতাংশ। পরের পাঁচ বছরে ৮ দশমিক ৯ শতাংশ কমে ২০০৫ সালে দারিদ্র্য হার দাঁড়ায় ৪০ শতাংশে। আর ২০১০ সালে দারিদ্র্য হার সাড়ে ৩১ শতাংশে নেমে আসে। ২০০৫ থেকে ২০১০ সালের মধ্যে দারিদ্র্য হার কমানোর প্রবণতা আগের চেয়ে কিছুটা কমেছে। এই পাঁচ বছরে সাড়ে ৮ শতাংশ দারিদ্র্য কমেছে। আর সর্বশেষ চার বছরে (২০১০ থেকে ২০১৪) দারিদ্র্য কমেছে মাত্র ৫ দশমিক ৯ শতাংশ।
বিশ্ব পরিস্থিতি: বিশ্বব্যাংকের হালনাগাদ তথ্যে দেখা গেছে, সারা বিশ্বে এখনো প্রায় ১০০ কোটি লোক অতি দরিদ্র। আর ২২০ কোটি লোকের দৈনিক আয় দুই ডলারের কম।
এ সংস্থাটি আরও বলছে, বিগত তিন দশকে পূর্ব এশিয়ার দেশগুলোতে দারিদ্র্য পরিস্থিতির সবচেয়ে বেশি উন্নতি হয়েছে। মাথাপিছু দৈনিক সোয়া ডলার আয়কে ভিত্তি ধরে দারিদ্র্যের হিসাব করে বিশ্বব্যাংক। তারা বলছে, ১৯৮১ সালে এই অঞ্চলে জনগোষ্ঠীর ৭৮ শতাংশই দরিদ্র ছিল। ২০১১ সালে এ হার ৮ শতাংশে নেমে এসেছে। ১৯৮১ সালে দক্ষিণ এশিয়ায় অতি দারিদ্র্য হার ছিল ৬৭ শতাংশ। ২০১১ সালে তা নেমে দাঁড়িয়েছে ২৫ শতাংশে। তবে সাব-সাহারান আফ্রিকার দেশগুলোর একই সময়ে এ হার ৫৩ থেকে মাত্র ৪৭ শতাংশে নেমে এসেছে।
বিশ্বব্যাংকের ২০১১ সালের হিসাবে, বিগত তিন দশকে (১৯৮১-২০১১) চীন সবচেয়ে বেশি ৭৫ কোটি মানুষকে অতি দারিদ্র্যসীমা থেকে বের করে এনেছে। এ সময়ে সারা বিশ্বের ৯৪ কোটি লোককে অতি দারিদ্র্যসীমা থেকে বের করে আনা সম্ভব হয়েছে।