
দেশে বিদ্যুৎ ও তথ্যপ্রযুক্তি খাতের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান সামিট গ্রুপ। গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান কথা বললেন ভবিষ্যতের বাংলাদেশ নিয়ে। তবে কাজটি করতে হবে এখন থেকে। কারণ, এখনই উপযুক্ত সময়। কেন? এ নিয়েই কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে।
প্রথম আলো: বিশ্ববাজারে তো সব ধরনের পণ্যের দাম কমে যাচ্ছে। এর প্রভাব কি পড়ছে আমাদের অর্থনীতিতে?
মুহাম্মদ আজিজ খান: বিশ্ববাজারে এখন প্রায় সব ধরনের পণ্যের দাম কমে গেছে। এতে সরকারের আমদানি ব্যয়ও কমছে। এখন সরকার একটা স্বচ্ছতা দেখাতে পারে। সরকার বলতে পারে এই বছর আমরা এত বিলিয়ন ডলারের জ্বালানি তেল আমদানি করেছিলাম, ভোজ্যতেল আমদানি করা হয়েছে এত ডলার, সুতা আমদানিতে কম লেগেছে এত ডলার। ধারণা করছি, এর ফলে এক অর্থবছরে অন্তত পাঁচ বিলিয়ন ডলার সাশ্রয় হবে। পুরো হিসাবটি সরকারই বলে দিতে পারে। এভাবে যদি একটা হিসাব আমরা তৈরি করতে পারি এবং সেই অর্থ ব্যয়ের একটা ভালো পরিকল্পনা করতে পারি, তাহলে কিন্তু আমাদের অর্থনৈতিক অগ্রগতির দিকে বিরাট একটা সুযোগ আমরা তৈরি করতে পারব।
আন্তর্জাতিক যেসব পূর্বাভাস তাতে মনে করা হচ্ছে বিশ্ববাজারের এই নিম্নমুখী ধারা ২০২০ সাল পর্যন্ত হয়তো থেকে যাবে। এতে ধরে নিলাম আগামী পাঁচ বছরে ২০-২৫ বিলিয়ন ডলার এভাবে বেঁচে গেল, যা টাকার অঙ্কে ১ লাখ ৭০ থেকে ৮০ হাজার কোটি টাকা।
প্রথম আলো: এই অর্থ ব্যবহার করেই কি আপনি অর্থনৈতিক অগ্রগতির কথা বলছেন?
আজিজ খান: আমরা সাধারণত দুটি মূল সমস্যার কথা বলি। এর একটি হচ্ছে ভৌত অবকাঠামো, অন্যটি সামাজিক অবকাঠামো।
ভৌত অবকাঠামোর মধ্যে খালি কথা হয় যে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র হবে, এলএনজিভিত্তিক কেন্দ্র হবে। আসলে এসব নিয়ে কেউ কাজই শুরু করেনি। আমরা মহেশখালী নিয়ে অনেক কথা বলছি। বলা হচ্ছে ওখানে ১৩৫০ মেগাওয়াটের একটি বা দুটি কেন্দ্র হবে। আমার প্রস্তাব হচ্ছে, এখনই একটি মহেশখালী উন্নয়ন কর্তৃপক্ষ করেন। তাদের দুই বিলিয়ন ডলার দেওয়া যেতে পারে। এ অর্থ দিয়ে মহেশখালীকে প্রস্তুত করে ফেলুন। কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ৫০ হাজার টনের যে জাহাজ আসবে, এ জন্য পোর্ট তৈরি করতে হবে। এলএনজিভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ভাসমান টার্মিনাল লাগবে।
আবার মহেশখালীর জমি প্রস্তুত বা লোকজন সরিয়ে নিতে হবে। ওখানে যে চার-পাঁচ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কথা বলছি, সে জন্য তো ৪০০ কেভি সাবমেরিন পাইপলাইনও লাগবে। কক্সবাজার থেকে এই লাইন আনতে বিরাট বিনিয়োগ ও অবকাঠামোর প্রয়োজন হবে।
এই সবকিছু প্রস্তুত করে তারপরই সরকার আন্তর্জাতিক দরপত্র ডেকে বলুক যে আমরা সব অবকাঠামো তৈরি করে দিয়েছি, এবার বিনিয়োগ করো। এভাবে এমন একটি ক্ষেত্র প্রস্তুত হোক, যাতে বিদ্যুৎ খাতটি দাঁড়িয়ে যায়।
প্রথম আলো: আপনি সামাজিক অবকাঠামোর কথাও বলছিলেন।
আজিজ খান: আমরা এখন দ্বিতীয় যে সমস্যার মধ্যে আছি, সেটি হচ্ছে উন্নয়নের বৈষম্য। সব অঞ্চলে একইভাবে উন্নতি হয়নি। অনেক জায়গায় এখনো গ্যাস যায়নি। দেশের অনেক হতদরিদ্র এলাকা আছে, সেখানে কীভাবে সমমূল্যে জ্বালানিসুবিধা দেওয়া যাবে, সেটি ভাবতে হবে। কীভাবে দেশের সর্বত্র সমমূল্যে বা সবার জন্য সমান সুযোগ দেওয়া যাবে সেটি ভাবতে হবে।
চীন একসঙ্গে ২০টি শহর তৈরি করে দিয়েছে। আর আমাদের এখানে ঢাকা ও চট্টগ্রাম ছাড়া কেউ যেতে চায় না। ভারতে এখন কথা হচ্ছে স্মার্ট সিটি নিয়ে। তারা ৫০টা স্মার্ট সিটি করতে চায়। আমরা এখানে এ ধরনের ২০টা সিটি করতে পারি। যা হবে বসবাসযোগ্য, যেখানে মানুষ কাজ করতে যেতে পছন্দ করবে, শিক্ষার জায়গা থাকবে, স্বাস্থ্যের জায়গা থাকবে।
প্রথম আলো: আমাদের দেশে দক্ষ মানবসম্পদের অভাবের কথা আপনারাই বলেন। এ জন্য তো পরিকল্পনা প্রয়োজন।
আজিজ খান: আমার মতে, বাংলাদেশে সামাজিক খাতে সবচেয়ে বড় অসুবিধা হলো সময়োপযোগী শিক্ষার অভাব। বর্তমান বিশ্বের সঙ্গে মিলিয়ে শিক্ষাব্যবস্থা আমাদের নেই। সরকারি শিক্ষা, মাদ্রাসাশিক্ষা, ইংরেজি মাধ্যম শিক্ষার মধ্যে কোনো সমতা নেই। এখন যে চরমপন্থা বা মৌলবাদের কথা বলা হচ্ছে, তা তো এই সমান শিক্ষার সুযোগের অভাব থেকেই হচ্ছে। এটা দূর করা যাবে, যদি আমরা কিছুটা হলেও শিক্ষায় সমতা আনতে পারি।
এরপর আসে কর্মসংস্থান। ভৌত অবকাঠামো করলেন, সামাজিক অবকাঠামো করলেন, শিক্ষার সমতা আনলেন। কিন্তু শিক্ষা দিলেই তো হবে না। তাদের চাকরি দিতে হবে। এ জন্য বৃহৎ উৎপাদন খাত তৈরি করতে হবে। এতে মূল্য সংযোজনও বেশি হবে। এভাবেই কিন্তু চীন এগিয়েছে। চীন আমাদের মডেল হওয়া উচিত।
এই যে অর্থনৈতিক উন্নয়নের কথা বলা হচ্ছে, এর জন্য বর্তমানের চেয়ে ভালো সময় আর নেই। আমি আমার ৬২ বছর বয়সে আর দেখিনি। গত পাঁচ-ছয় বছরে বিদ্যুতের উৎপাদন বেড়েছে। রাজনৈতিক স্থিতিশীলতা আছে। সরকারের আছে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে। আবার সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতিও ভালো। বিশ্ববাজারে এর চেয়ে কম সুদহার গত ৪০ বছরে আমি দেখিনি। এসব সুযোগের সঙ্গে যোগ হয়েছে ডিজিটাল ওয়ার্ল্ড। এর ফলে দ্রুত যোগাযোগের সক্ষমতা বেড়েছে। বাংলাদেশের ৭৫ শতাংশ জায়গায় আমরাই ফাইবার অপটিক করে দিয়েছি, যেখানে ফোর–জি সেবা দেওয়া যাবে। দেশব্যাপী নেটওয়ার্ক বাড়ছে। এর মাধ্যমে শিক্ষা বা স্বাস্থ্যসেবা, এমনকি সরকার পরিচালনা করাটাও সহজ হয়ে গেছে।
প্রথম আলো: এই যে অনেকগুলো কাজের কথা বললেন, এটা কি করা সম্ভব? সেই ক্ষমতা কি আমাদের আছে?
আজিজ খান: এ জন্য কিছু সফল ব্যক্তিকে আমরা পরামর্শক নিয়োগ দিতে পারি। যেমন মালয়েশিয়া, চীন বা সিঙ্গাপুর যথেষ্ট উন্নতি করেছে। এর সঙ্গে যাঁরা জড়িত ছিলেন তাঁদের কয়েকজনকে বাংলাদেশ নিয়ে আসতে পারে। তাঁরা আমাদের সুযোগ ব্যবহার করে সক্ষমতা বাড়াতে সহায়তা করতে পারবেন। আমরা যদি আমাদের সক্ষমতা বাড়বে বলে অপেক্ষা করে থাকি, তাহলে তো এখন যে সুযোগ তৈরি হলো তা কাজে লাগাতে পারব না। তবে সবকিছুই এখন নির্ভর করছে সরকারের ওপর।
- সাক্ষাৎকারটি নিয়েছেন: শওকত হোসেন