দেশের ব্যাংক খাতে এখন মানুষের আমানতের পরিমাণ ৮ লাখ ৫০ হাজার কোটি টাকা। ১০ বছর আগে এ আমানত ছিল ১ লাখ ৬৯ হাজার কোটি টাকা। অর্থাৎ ১০ বছরে ব্যাংক খাতে ৬ লাখ ৮১ হাজার কোটি টাকা আমানত বেড়েছে, যা চার গুণের বেশি।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সম্প্রতি অনুষ্ঠিত তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উপলক্ষে ব্যাংক খাতের এ চিত্র তুলে ধরেছে। ‘এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ স্লোগানসংবলিত ২০০৫-০৬ অর্থবছরের সঙ্গে ২০১৫-১৬ অর্থবছরের তুলনামূলক চিত্রে দেশের আর্থিক, রাজস্ব, আর্থসামাজিক এবং প্রকৃত খাতের বিভিন্ন দিক তুলে ধরা হয় মেলায়।
অর্থ বিভাগ জানায়, ১০ বছরে ব্যক্তি খাতের ঋণপ্রবাহ ১ লাখ ৩২ হাজার ৩১৭ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ৬ লাখ ৭১ হাজার কোটি টাকা। আর ব্যাংকের শাখা ৬ হাজার ৪২৫টি থেকে বেড়ে হয়েছে ৯ হাজার ৪৫৩টি। এ সময়ে শিল্পঋণ ৩৮ হাজার কোটি টাকা থেকে বেড়ে ২ লাখ ৬৫ হাজার কোটি এবং কৃষিঋণ ৫ হাজার ৫০০ কোটি টাকা থেকে বেড়ে ১৭ হাজার ৭০০ কোটি টাকায় উন্নীত হয়েছে।
এ ছাড়া ঋণের সুদ ১২ দশমিক ০৬ থেকে কমে ১০ দশমিক ৩৯ শতাংশ এবং সুদের হারের ব্যবধান (স্প্রেড) ৫ দশমিক ৩৮ থেকে কমে ৪ দশমিক ৮৫ শতাংশে দাঁড়িয়েছে।
অর্থ বিভাগের হিসাব অনুযায়ী, রাজস্ব আয় ৪২ হাজার ৫৬৬ কোটি টাকা থেকে ৫ দশমিক ৭ গুণ বেড়ে ২ লাখ ৪২ হাজার ৭৭২ কোটি টাকা হয়েছে। কর আয় বেড়েছে রাজস্ব আয়েরও বেশি অর্থাৎ ৬ দশমিক ১৯ গুণ। ১০ বছর আগের কর আয় ৩৪ হাজার কোটি টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১০ হাজার ৪০০ কোটি টাকা।
১০ বছরে এ ছাড়া মাথাপিছু জাতীয় আয় ৫৪৩ মার্কিন ডলার থেকে বেড়ে ১ হাজার ৪৬৫ ডলারে উন্নীত হয়েছে। মোট দেশজ উৎপাদনের (জিডিপি) পরিমাণ ৪ লাখ ৮২ হাজার ৩৬৯ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ১৭ লাখ ৩২ হাজার ৮৬৪ কোটি টাকা।
আর্থসামাজিক খাতের মধ্যে দারিদ্র্যের হার ৩৮ দশমিক ৪ থেকে নেমে ২৩ দশমিক ২ শতাংশ এবং অতিদারিদ্র্যের হার ২৪ দশমিক ২ থেকে কমে ১২ দশমিক ৯ শতাংশে নেমে এসেছে। মূল্যস্ফীতিও নেমে এসেছে ৯ দশমিক ৪ থেকে ৫ দশমিক ৬ শতাংশে।
আলোচ্য সময়ে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) প্রবাহের পরিমাণ ৭৪ কোটি ৪৬ লাখ মার্কিন ডলার থেকে বেড়ে ২০০ কোটি ৩৫ লাখ ডলারে উন্নীত হয়েছে।
বৈদেশিক সহায়তা ব্যবহারের হার ১৫৬ কোটি ৭৬ লাখ ডলার থেকে বেড়ে ৩৫৪ কোটি ২৫ লাখ ডলারে দাঁড়িয়েছে।
খাদ্য শস্য উৎপাদন ২ কোটি ৭২ লাখ মেট্রিক টন থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে ৩ কোটি ৯০ লাখ টন।
১০ বছরে রপ্তানি ৩ দশমিক ২৫ গুণ, প্রবাসী আয় ৩ দশমিক ১ গুণ এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৮ দশমিক ৭ গুণ হয়েছে বলেও তথ্য দেয় অর্থ বিভাগ।