সীমিত সম্পদের নয়ছয় করতে দেওয়া যাবে না
>পুরো বিশ্বই এখন করোনাযুদ্ধে লিপ্ত। মানুষের প্রাণ বাঁচাতে হিমশিম খাওয়া রাষ্ট্রগুলোর সামনে আরও আছে বিপর্যস্ত অর্থনীতি। বাংলাদেশও এর বাইরে নয়। করোনায় তছনছ হয়ে যাওয়া অর্থনীতি ফিরবে তো আগের অবস্থায়? কর্মহীন বিপুল মানুষের কর্মসংস্থান হবে তো? স্বাস্থ্য, শিক্ষাসহ মানুষের মৌলিক চাহিদাগুলো নিশ্চিতে কোনো উন্নতি হবে কি? প্রশ্নগুলো এখন ঘুরপাক খাচ্ছে জনমনে। যদিও অর্থনীতি পুনরুদ্ধারে এরই মধ্যে লাখ কোটি টাকার প্রণোদনা ঘোষণা করা হয়েছে। তবু দেশজুড়ে ক্ষুধার্ত ও কর্মহীন মানুষের সংখ্যা বাড়ছে। করোনা-পরবর্তী অর্থনীতি, রাজনীতি, রাষ্ট্রব্যবস্থা ও সামাজিক খাতে কী ধরনের পরিবর্তন আসতে পারে, তা নিয়েই এই আয়োজন।

সামনে কী দিন আসছে, তা বলার আগে একটু বর্তমান পরিস্থিতি বলে নিই। যদিও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে চলতি অর্থবছরের শুরুতেই চিকুনগুনিয়া কিছুটা বিপর্যস্ত করেছিল, তারপরও একটি ভালো প্রবৃদ্ধি, স্থায়ী ভিত্তিতে মধ্য আয়ের দেশে পরিণত হওয়ার গর্ব প্রকাশসহ উন্নয়নের ডামাডোল দিয়েই অর্থবছরটি যাচ্ছিল। কিন্তু এখন তো সবই করোনাভাইরাসের ছায়াতলে। চলতি অর্থবছরের জন্য যে বাজেটটি করা হয়েছিল, তাও এরই মধ্যে নয়ছয় হয়ে গেছে।
সার্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে, আমরা একটা যুদ্ধাবস্থার মধ্য দিয়ে যাচ্ছি। তবে সরকারের পক্ষ থেকে দ্রুততার সঙ্গে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে, তাও প্রশংসাযোগ্য। উদ্যোগগুলো বাস্তবায়নে সুশাসনের অভাব রয়েছে, যা আগে থেকেই ছিল। স্বল্পমেয়াদি ব্যবস্থাগুলো এক রকম চললেও চোখের সামনে এখন দীর্ঘমেয়াদি সংকটের চেহারা দেখতে পাচ্ছি।
করেনাভাইরাসের কারণে শুধু চলতি অর্থবছরে নয়, আগামী অর্থবছরেও বাজেট ঘাটতি অনেক বেড়ে যাবে। অন্যদিকে বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ কমবে। এমনিতেই তো কর্মসংস্থানবিহীন প্রবৃদ্ধির কথা শোনা যায়। এ সমস্যা আরও প্রকট হবে। ফলে বাড়বে বেকার সমস্যা। বাড়বে মূল্যস্ফীতি। আমদানি-রপ্তানি, প্রবাসী আয়—সবই কমবে। বৈদেশিক সাহায্য হয়তো বাড়বে, তা ব্যবহারে সংবেদনশীল হতে হবে। কারণ, মোটা দাগে কমতে পারে সরকারের রাজস্ব আয় সংগ্রহ। গুরুতর প্রশ্ন হচ্ছে, সরকার তাহলে চলবে কীভাবে?
এককথায় বলতে গেলে, সবার আগে অপ্রয়োজনীয় সব খরচ বাদ দিতে হবে। আর ব্যয় করতে হবে অগ্রাধিকারমূলক খাতগুলোতে। পাশাপাশি অর্থ সংগ্রহে মনোযোগী হতে হবে। সরকারের অদক্ষতার কারণে যাঁরা এত দিন আয়কর ফাঁকি দিয়ে আসছেন, তাঁদের কাছ থেকে তা সংগ্রহ করতে হবে। ঢেলে সাজাতে হবে পুরো রাজস্বব্যবস্থা।
প্রায় লাখ কোটি টাকা প্রণোদনার যে ঘোষণা দেওয়া হয়েছে, তা বাস্তবায়নের দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে ব্যাংক খাতের ওপর। এ যেন নতুন করে আরও ঋণের বোঝা চাপল ব্যাংক খাতের ওপর। কিন্তু একটু আগে সুশাসনের যে ঘাটতির কথা বললাম, তা রয়েছে এ খাতেও। খাতটিতে এমনিতেই রয়েছে তারল্য ঘাটতি। সুতরাং, সরকারকে সতর্কতার সঙ্গে প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে মনোযোগী হতে হবে। যাঁরা প্রকৃত ক্ষতিগ্রস্ত এবং উৎপাদনশীল কর্মকাণ্ডে জড়িত, তাঁরাই যেন প্রণোদনা প্যাকেজ থেকে স্বল্প সুদে ঋণ পান।
মনে রাখতে হবে, আমাদের সম্পদ সীমিত। রাতারাতি এ অবস্থার উন্নতি হবে—তা আশা করাও ঠিক না। অথচ দেশটি বিপুল জনগোষ্ঠীর। করোনাভাইরাসের কারণে নতুন করে অনেক মানুষ গরিব হবে। তাই একটা পয়সাও নষ্ট করার সুযোগ নেই। কী আর বলব। যাদের কাছ থেকে বেশি বেশি সাহায্য চাওয়া যেত, তারাসহ গোটা বিশ্বেরই তো এখন খারাপ অবস্থা। এত দিন আমরা যে প্রবৃদ্ধি অর্জন করে আসছিলাম, বিশ্ব পরিস্থিতি অনুকূল ছিল বলেই তা সম্ভব হয়েছিল। এখন কী হবে, সেটা এক চিন্তার বিষয়। এখন সবার আগে সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতের চিন্তাই করতে হবে। এই সীমিত সম্পদ নিয়ে একদমই নয়ছয় করতে দেওয়া যাবে না।
আকবর আলি খান : সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা