আগামী ১ জুলাই থেকে নতুন ভ্যাট আইন কার্যকর হচ্ছে। আইনটি কার্যকর হলে নিত্যপ্রয়োজনীয় কিছু পণ্য ছাড়া অধিকাংশ পণ্য ও সেবায় ১৫ শতাংশ ভ্যাট যুক্ত হবে। আইনটি নিয়ে ব্যবসায়ীদের মধ্যে একধরনের অস্বস্তি আছে। বাস্তবায়ন নিয়েও তাঁদের মধ্যে রয়েছে শঙ্কা। এসব বিষয় নিয়ে রড, ফ্যাশন হাউস, সুপারশপ ও রেস্টুরেন্টের চারজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছে প্রথম আলো

প্রথম আলো: সুপারশপের ব্যবসা এখন কেমন?
সাব্বির হাসান নাসির: কোনো সুপারশপই এখন লাভজনক নয়। ভবিষ্যৎ মুনাফার আশায় সবাই এখন বিনিয়োগ করে যাচ্ছে। ৪৫ শতাংশ বাজার দখলে থাকার পরও স্বপ্ন লোকসান করছে। সুপারশপের গ্রাহক এখন যে হারে বাড়ছে, সেটি যদি অব্যাহত থাকে, তাহলে আগামী তিন-চার বছরের মধ্যে হয়তো মুনাফা করা সম্ভব। সেখানে নতুন ভ্যাট আইন এই খাতের ওপর অনেকটা বজ্রপাতের মতো। এটি কোনোভাবেই সুপারশপের বর্তমান লোকসান কমাতে সহায়ক ভূমিকা রাখবে না।
প্রথম আলো: নতুন ভ্যাট আইন সুপারশপের ব্যবসায় কী প্রভাব ফেলবে?
সাব্বির হাসান নাসির: নতুন ভ্যাট আইনের ফলে সুপারশপগুলো বড় ধরনের সংকটে পড়বে। এত দিন সুপারশপে পণ্যমূল্যের ওপর ৪ শতাংশ অগ্রিম ব্যবসায় কর (এটিভি) যোগ হতো। এটা যাতে গ্রাহককে দিতে না হয়, সে জন্য ২ শতাংশ ভ্যাট আমরা দিতাম, বাকিটা গ্রাহকের কাছ থেকে নেওয়া হতো। আমরা হিসাব করে দেখেছি, সব পণ্য কেনাবেচার জন্য যদি চালান পাওয়া যায়, তাহলে বর্তমানের চেয়ে ৩ শতাংশ বেশি ভ্যাট সুপারশপকে দিতে হবে। আর সব ভ্যাট চালান পাওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ, স্বপ্নের অনেক পরিবেশক ও সরবরাহকারী আছেন, যাঁরা ভ্যাট চালান দেন না। ব্যবসা করার সব খরচ যোগ করার পর ১৫ শতাংশ ভ্যাট দিয়ে সুপারশপগুলোর টিকে থাকা কঠিন হবে।
প্রথম আলো: অনেক ছোট ছোট উৎপাদক স্বপ্নকে পণ্য সরবরাহ করেন; তাঁদের কাছ থেকে পণ্য কেনার ক্ষেত্রে এখন কী সমস্যা হবে?
সাব্বির হাসান নাসির: অনেক ছোট ছোট ব্যবসায়ী আছেন, যাঁদের সারা বছরে ৩৬ লাখ টাকার কম ব্যবসা হয়। তাঁদের কাছ থেকে এখন চাইলেও আমাদের পণ্য কেনা সম্ভব হবে না; কারণ তাঁরা ভ্যাট চালান দিতে পারবেন না। তাঁদের পণ্য বিক্রি করতে হলে ১৫ শতাংশ ভ্যাট স্বপ্নকেই দিতে হবে।
প্রথম আলো: তাহলে কি সুপার শপের পণ্যের দাম বাড়বে?
সাব্বির হাসান নাসির: সবকিছু যেভাবে এগোচ্ছে, তাতে দাম বাড়বে বলেই মনে হচ্ছে। সরকার যেখান থেকে ভ্যাট পাচ্ছে, সেসব আনুষ্ঠানিক খাতের ওপর কর বাড়াচ্ছে। উল্টো দিকে অনানুষ্ঠানিক খাতে দেড় কোটি টাকা পর্যন্ত ভ্যাট দিতে হবে না। নতুন আইনের মাধ্যমে আনুষ্ঠানিক খাতকে কর দিতে নিরুৎসাহিত করা হচ্ছে কি না, সেটি বোঝা যাচ্ছে না।
সাক্ষাৎকার নিয়েছেন: আশরাফুল ইসলাম