শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি লঙ্কাবাংলা ফিন্যান্সের দাম বাড়া ও লেনদেনের নেতৃত্বের ধারা অব্যাহত রয়েছে। বলা যায়, লঙ্কার শেয়ারের পালে এখন হাওয়া লেগেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বুধবারও লেনদেনের শীর্ষে ছিল কোম্পানিটি।
অন্যদিকে তালিকাভুক্তির পরবর্তী টানা কয়েক দিন দাম বাড়ার পর কমতে শুরু করেছে ইয়াকিন পলিমারের শেয়ারের দাম।
দুই শেয়ারবাজারে এদিন সূচক বাড়লেও কমেছে লেনদেন। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪ হাজার ৬৯১ পয়েন্টে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটি ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৯০ পয়েন্টে। তবে দুই বাজারে এদিন লেনদেন কমেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, ১৮ সেপ্টেম্বর থেকে লঙ্কাবাংলার শেয়ারের দর বাড়তে শুরু করে। ওই দিন কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ছিল প্রায় ২৯ টাকা। গতকাল এক দিনে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ৯০ পয়সা বা প্রায় ৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৩ টাকা ২০ পয়সা। এদিন ডিএসইতে এককভাবে কোম্পানিটির প্রায় ১৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
ঢাকার বাজারে লেনদেনের দ্বিতীয় অবস্থানে ছিল নতুন তালিকাভুক্ত কোম্পানি ইয়াকিন পলিমার। গত বৃহস্পতিবার থেকে শেয়ারবাজারে কোম্পানিটির লেনদেন শুরু হয়। টানা পাঁচ কার্যদিবস দাম বাড়ার পর গত দুই দিন কমতে শুরু করেছে। গতকাল কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম পৌনে ৩ শতাংশ বা ১ টাকা ১০ পয়সা কমে নেমে এসেছে প্রায় ৩৯ টাকায়। তালিকাভুক্তির পর কোম্পানিটির সর্বোচ্চ দাম উঠেছিল প্রায় ৪৫ টাকায়। ইয়াকিন পলিমারের প্রতিটি শেয়ার প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে ১০ টাকা দামে বিক্রি করা হয়েছিল।
ঢাকার বাজারে গতকাল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খাতের তালিকাভুক্ত কোম্পানিগুলোর বেশির ভাগেরই দাম বেড়েছে, যা সূচকে ইতিবাচক প্রভাব ফেলেছে। আর্থিক খাতের লেনদেন হওয়া ২৩টি কোম্পানির মধ্যে ২১টিরই দাম বেড়েছে। ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৪টিই ছিল আর্থিক খাতের প্রতিষ্ঠান। আর ব্যাংক খাতের লেনদেন হওয়া ৩০টি কোম্পানির মধ্যে ১৭টিরই দাম বেড়েছে।