সেপ্টেম্বর মাসে মোবাইল ব্যাংকিংয়ে দৈনিক ৩৩৩ কোটি টাকা লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোবাইল ব্যাংকিংয়ে প্রতিদিন লেনদেন বাড়ছে। সেপ্টেম্বর মাসের হিসাবে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৩৩৩ কোটি ৪৬ লাখ টাকা করে। এর আগের মাস অর্থাৎ আগস্ট মাসের হিসাবে প্রতিদিন গড়ে লেনদেন ছিল প্রায় ২৫০ কোটি টাকা।
প্রায় তাৎক্ষণিকভাবে বা অতিদ্রুত শহর থেকে গ্রামে, গ্রাম থেকে শহরে সর্বত্রই টাকা পাঠানোর সুযোগ তৈরি হওয়ায় মোবাইল ব্যাংকিং দেশের ব্যাংকিং সেবায় এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে। এক স্থান থেকে টাকা আরেক স্থানে পাঠানোয় কেবল নয়, দেশের অর্থনীতিতে বিরাট এক গতি সঞ্চার করেছে মোবাইল ব্যাংকিংয়ের এই সেবা। যোগ হয়েছে নতুন কর্মসংস্থান।
প্রাত্যহিক লেনদেন ছাড়াও বিদ্যুৎ, গ্যাস, পানির বিল অর্থাৎ সেবামূল্য পরিশোধ, বেতন-ভাতা প্রদান, বিদেশ থেকে টাকা পাঠানো অর্থাৎ রেমিট্যান্স প্রেরণ প্রভৃতি ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং সেবা এখন পছন্দের মাধ্যম।
কম খরচ ও দ্রুত দেশের প্রত্যন্ত অঞ্চলে টাকা পাঠাতে প্রতিদিনই মোবাইল ব্যাংকিংয়ের জন্য হিসাব খুলছেন বিপুলসংখ্যক গ্রাহক। প্রতিমাসেই বাড়ছে গ্রাহকসংখ্যা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত আগস্ট মাসে এক কোটি ৯২ লাখ ৯১টি হিসাব খোলা হয়েছিল মোবাইল ব্যাংকিংয়ের। আর সেপ্টেম্বর মাসে এই হিসাব বেড়ে হয়েছে দুই কোটি সাত লাখ ২৩ হাজার।
২৮টি ব্যাংককে মোবাইল ব্যাংকিং করার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আর বর্তমানে ১৯টি ব্যাংকে এ সেবা চালু হয়েছে।
এর আগে জুলাই মাসে ১০ হাজার ৯৬৭ কোটি টাকা অর্থাৎ প্রতিদিন গড়ে ৩৬৫ কোটি ৫৭ লাখ টাকা লেনদেন হয় মোবাইল ব্যাংকিংয়ে। আগস্ট মাসে ছিল সাত হাজার ৪৩৪ কোটি টাকা বা দৈনিক গড়ের লেনদেনের পরিমাণ হয় ২৪৮ কোটি টাকা। আর সর্বশেষ সেপ্টেম্বর মাসে হয়েছে ১০ হাজার তিন কোটি টাকা বা গড়ে প্রতিদিন ৩৩৩ কোটি ৪৬ লাখ টাকা। জুলাই মাসজুড়ে রমজান থাকায় ওই সময়ে লেনদেন বৃদ্ধি পেয়েছিল। একইভাবে কোরবানির ঈদের কারণে সেপ্টেম্বর মাসে লেনদেন বেড়েছে বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।