সেপ্টেম্বরে পিছিয়ে পড়ল রপ্তানি আয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

অর্থবছরের তৃতীয় মাস সেপ্টেম্বরে এসে পিছিয়ে পড়ল রপ্তানি আয়। এই মাসে রপ্তানি আয়ে ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে। তবে আগের দুই মাসে বড় প্রবৃদ্ধি থাকায় সামগ্রিকভাবে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের রপ্তানি আয় এখনো ইতিবাচক। তবে লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) গতকাল সোমবার রপ্তানি আয়ের হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করেছে। এতে দেখা যায়, ২০১৬-১৭ অর্থবছরের গত জুলাই থেকে সেপ্টেম্বর সময়ে রপ্তানি আয় হয়েছে প্রায় ৮০৮ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ১২ শতাংশ বেশি। অবশ্য এ সময়ে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল প্রায় ৯৮৫ কোটি ডলার। এর চেয়ে আয় কম হয়েছে ৯ দশমিক ৬৯ শতাংশ।
একক মাস হিসেবে সেপ্টেম্বরে পণ্য রপ্তানি করে বাংলাদেশ আয় করেছে প্রায় ২২৪ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৬৩ শতাংশ ও লক্ষ্যমাত্রার তুলনায় ১৮ শতাংশ কম। সেপ্টেম্বরে প্রায় ২৭৪ কোটি ডলার আয়ের লক্ষ্য ঠিক করেছিল সরকার।
রপ্তানিকারকেরা বলছেন, গত মাসে ঈদুল আজহার দীর্ঘ ছুটির কারণে পণ্য উৎপাদন ও রপ্তানি কার্যক্রম বিঘ্নিত হয়েছে। মাসের শেষ দিকে চট্টগ্রাম বন্দরে পণ্য পরিবহনকারী যান চালক ও মালিকদের ধর্মঘটে রপ্তানি কার্যক্রম বিঘ্নিত হয়। এসবের প্রভাবে আয় কাঙ্ক্ষিত হারের চেয়ে কম হয়েছে। ব্রিটিশ মুদ্রা পাউন্ড স্টার্লিংয়ের দরপতনকেও রপ্তানি আয়ের গতি কমার কারণ হিসেবে উল্লেখ করেন তাঁরা।
বাংলাদেশ রপ্তানিকারক সমিতির (ইএবি) সভাপতি আবদুস সালাম মুর্শেদী প্রথম আলোকে বলেন, ‘যুক্তরাজ্যে পণ্য রপ্তানি করে আগে এক পাউন্ডের বিনিময়ে আমরা ১১৫ টাকা পেতাম। এখন পাচ্ছি ৯৬ টাকা। এটা রপ্তানি আয়ের গতি কমে যাওয়ার একটি বড় কারণ।’
উল্লেখ্য, গত অর্থবছরে যুক্তরাজ্যে বাংলাদেশ ৩৮১ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে, যা দেশের মোট রপ্তানি আয়ের প্রায় ১১ শতাংশ।
সালাম মুর্শেদী গ্যাস-বিদ্যুতের সংকট, বিশ্ববাজারে পণ্যের মূল্য কমে যাওয়া, ডলারের বিপরীতে টাকার শক্তিশালী অবস্থান, চট্টগ্রাম বন্দরে জটিলতাসহ রপ্তানি আয়ের লক্ষ্যপূরণ না হওয়ার অনেক কারণ আছে বলেও উল্লেখ করেন।
২০১৪-১৫ অর্থবছরে পণ্য রপ্তানি করে বাংলাদেশ প্রায় ৩ হাজার ৪২৬ কোটি ডলার আয় করেছিল। এ বছর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ হাজার ৭০০ কোটি ডলার।
দেশের রপ্তানি আয়ের সিংহ ভাগ আসে তৈরি পোশাক খাত থেকে। গত তিন মাসে এ খাতে আয় হয়েছে ৬৬৬ কোটি ৫৯ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৫২ শতাংশ বেশি। এর মধ্যে নিট পোশাক রপ্তানির পরিমাণ ৩৪০ কোটি ৮ লাখ ডলার। আর ওভেন পোশাক রপ্তানি করে আয় হয়েছে ৩২৬ কোটি ৫১ লাখ ডলার।
বড় খাতগুলোর মধ্যে চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি আয়ের প্রবৃদ্ধি বেশ ভালো। গত তিন মাসে এ খাতে আয় হয়েছে প্রায় ৩২ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৬ দশমিক ৬৯ শতাংশ বেশি।
এর বাইরে বড় খাতগুলোর মধ্যে হিমায়িত খাদ্য ও মাছ রপ্তানির আয় বেড়েছে। অন্যদিকে পাট ও পাটজাত পণ্য, কৃষিজাত পণ্য ও হোম টেক্সটাইলে রপ্তানি আয় কমেছে। সম্ভাবনাময় খাতগুলোর মধ্যে আলোচ্য সময়ে বাইসাইকেল, সিরামিক পণ্য ও ওষুধ রপ্তানিতে আয় কমেছে।