স্থলবন্দর দিয়ে বাণিজ্য কমেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্থলবন্দর দিয়ে বাণিজ্য কমেছে। গত অর্থবছরে দেশের ১০টি স্থলবন্দর দিয়ে মোট ৮৫ লাখ ২৭ হাজার ৫১৬ টন পণ্য আমদানি-রপ্তানি হয়েছে। যা আগের অর্থবছরের চেয়ে প্রায় ৪ লাখ টন কম। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ সূত্রে এসব তথ্য জানা গেছে।
ভোমরা স্থলবন্দর দিয়ে সবচেয়ে বেশি ১৯ লাখ টন পণ্য আমদানি-রপ্তানি হয়েছে। আর বেনাপোল স্থলবন্দর দিয়ে হয়েছে ১৭ লাখ ৬৪ হাজার টন পণ্য।
তবে সুখবর হলো, স্থলবন্দর দিয়ে আগেরবারের চেয়ে বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি বেশি হয়েছে। গত অর্থবছরে পণ্য রপ্তানি হয়েছে ১২ লাখ ৮৭ হাজার টন। এর আগেরবার এর পরিমাণ ছিল ১১ লাখ ৮১ হাজার টন।
গত অর্থবছরে স্থলবন্দর দিয়ে ৭২ লাখ ৮২ হাজার টন পণ্য আমদানি করেছে বাংলাদেশ। আগেরবার এর পরিমাণ ছিল ৭৭ লাখ ২৭ হাজার টন।