স্বস্তির চেয়ে অস্বস্তি বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

জামান সাহেব অবসর নিয়েছেন চার বছর হলো। স্ত্রী একটি স্কুলে পড়ান। বড় ছেলে সরকারি চাকরি করেন। পুত্রবধূ গৃহিণী। ছয় বছরের একটি নাতি আছে। মেজ ছেলে বেসরকারি একটি প্রতিষ্ঠানে আছেন। ছোট ছেলে সদ্য বেকার, চাকরির অপেক্ষায়। একমাত্র মেয়ে দেশের বাইরে।
এই হচ্ছে জামান সাহেবের সংসার। এই বৃহস্পতিবারটি একটু ব্যতিক্রম। নিত্যদিনের রুটিন পাল্টেছে। টেলিভিশনে পুরোটা বাজেট শুনেছেন তিনি। একা শোনেননি। কখনো স্ত্রী সঙ্গে ছিলেন, পুত্রবধূও মাঝেমধ্যে এসেছেন। আগ্রহ নিয়ে শুনেছেন ছোট ছেলেটিও।
এবারের বাজেট কী দিল এই পরিবারটিকে? নতুন অর্থবছরে ভালো থাকবেন তাঁরা? আয় বাড়বে? ব্যয় কমবে? অনেক প্রশ্ন তাঁদের। সরকার না হয় প্রথমে ব্যয় ঠিক করে তারপর আয়ের পরিকল্পনা করে। সরকারের পক্ষে নানা উৎস থেকে ঋণ নেওয়া সম্ভব। কিন্তু জামান দম্পতিকে তো আয় বুঝেই ব্যয় করতে হবে। মেলানো যাবে?
বাজেট বক্তৃতা শুনে সবটুকু যে সবাই বুঝতে পেরেছেন, তা নয়। অনেক কিছুই অস্পষ্ট।
জামান সাহেব পুরোটা বক্তৃতা টেলিভিশনে দেখতে পেলেন। একবারও বিদ্যুৎ যায়নি। অর্থমন্ত্রী বললেনও বিদ্যুৎ উৎপাদন বাড়ার কথা। বাজেট থেকে আপাতত এইটুকু স্বস্তিই পাওয়া গেল। এর বাইরে পুরো বাজেট শুনে খুব একটা স্বস্তি পেলেন না তিনি। করমুক্ত আয়ের সীমা আগের মতোই আছে। ওতে স্বস্তি না আসুক, অস্বস্তি আসেনি। তবে যাঁদের আয় অনেক বেশি, তাঁদের সারচার্জ কিছুটা বাড়ানোর খবরটি তাঁর ভালো লাগল। সরকারি চাকরিজীবী বড় ছেলে এবার বেতন স্কেল অনুযায়ী পুরো বেতন-ভাতা পাবেন, এটা ভেবেও খুশি হলেন।
জামান সাহেবের পুরো পরিবার বলতে গেলে খানিকটা আতঙ্কিত হলেন মূল্য সংযোজন কর বা ভ্যাটের ব্যাপক আওতা বাড়ানোর নানা ধরনের প্রস্তাব শুনে। এমনিতেই ব্যবসায়ীরা যখন-তখন বিভিন্ন পণ্যের দাম বাড়িয়ে দেন। প্রায়শই মনে হয়, দেশে এসব দেখার কেউ নেই। যদিও বাজেটে অর্থমন্ত্রী বললেন, যেকোনো পণ্য বা সেবার মূল্য নির্ধারণে সরকারের অনুমোদন নিতে হয়। অর্থমন্ত্রী এই ব্যবস্থা এবারের বাজেটে তুলে দিলেন। অর্থাৎ এখন পণ্য বা সেবার মূল্য নির্ধারণে ব্যবসায়ীরা স্বাধীন। জামান সাহেব বুঝলেন, মুক্তবাজার অর্থনীতি হয়তো এটাই। তবে এই প্রস্তাবে সবচেয়ে বেশি চিন্তায় পড়লেন জামানপত্নী ও পুত্রবধূটি। কারণ, সংসারের হিসাব তাঁদেরই রাখতে হয়, করতে হয় বাজারের তালিকা। অর্থমন্ত্রী জানালেন, ছোট ছোট জিনিস, যেমন পাউরুটি, হাতে তৈরি কেক ও বিস্কুট, এমনকি হাওয়াই চপ্পলের দামও বাড়বে। মানসিক শান্তির জন্য যে একটু ধ্যান করবেন, তারও উপায় রইল না। এখন থেকে মেডিটেশনেও ভ্যাট দিতে হবে।
খরচ বাড়বে কথা বলাতেও। আত্মীয়স্বজনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হয়। বিদেশে থাকা মেয়ের সঙ্গে প্রায় প্রতিদিনই কথা বলেন তাঁরা। এখন থেকে বাড়বে কথা বলার ব্যয়ও। অর্থমন্ত্রী মোবাইলে কথা বলার কর আগের চেয়ে ২ শতাংশ বাড়িয়েছেন। অর্থাৎ খরচ আরও বাড়ল।
বাজেটে নানা ধরনের পণ্যের শুল্ক কমানো বা ভ্যাট প্রত্যাহারের কথা বলেছেন অর্থমন্ত্রী। যেমন তরল প্রাকৃতিক রাবার, হুইট ক্রাশার, ফ্লাই অ্যাশ, প্যারাফিন ওয়াক্স ইত্যাদি। সমস্যা হচ্ছে, এসব পণ্য কী, কেউই জানেন না। তাঁদের কী লাভ, তা-ও বুঝতে পারছেন না।
তবে বাজেটে শিক্ষা ও স্বাস্থ্যের বরাদ্দ বেড়েছে, পদ্মা সেতুর কাজ এগিয়ে যাচ্ছে, দক্ষতা বৃদ্ধির কথা বলা হয়েছে—সবই ভালো খবর। কিন্তু সদ্য বেকার হওয়া ছোট ছেলেটির কর্মসংস্থানের সুযোগ হবে, বিনিয়োগকারীরা এগিয়ে আসবেন—এই নিশ্চয়তা পেলেন না জামান সাহেব।
বক্তৃতা শুনতে শুনতে প্রথমেই বাজেটের দ্রুত একটা হিসাব বের করে নিলেন জামান সাহেব। ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার নতুন বাজেট। তার মানে ১৬ কোটি মানুষের দেশে সরকার প্রত্যেক নাগরিকের জন্য ব্যয় করবে ২১ হাজার ২৮৮ টাকা। তবে হিসাবটি এত সরল নয়। এই বাজেটের মধ্যে বেতন-ভাতা, সুদ পরিশোধের মতো অনুন্নয়ন ব্যয়ের অংশই সবচেয়ে বড়, ২ লাখ ১৫ হাজার ৭৪৪ কোটি টাকা। মাথাপিছু হিসাবে ১৩ হাজার ৪৮৪ কোটি টাকা। আর উন্নয়ন বাজেট যদি ১ লাখ ১০ হাজার ৭০০ কোটি টাকা হয়, তাহলে মাথাপিছু হিসাবটি হচ্ছে ৬ হাজার ৯১৮ টাকা। অর্থাৎ বাজেটে অর্থমন্ত্রী জনপ্রতি ২১ হাজার ২৮৮ টাকা ব্যয়ের হিসাব দিলেও আসল বা উন্নয়ন ব্যয় অল্পই।
বাজেটের এই হিসাবের উল্টো দিকও আছে। যেমন এবার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা হচ্ছে ২ লাখ ৪২ হাজার ৭৫২ কোটি টাকা। এর অর্থ মাথাপিছু কর দিতে হবে ১৫ হাজার ১৭২ টাকা। এবার হিসাবটা একটু গোলমেলে লাগল জামান সাহেবের কাছে। বিদায়ী অর্থবছরটিতে মাথাপিছু কর দিতে হয়েছে ১১ হাজার ৮৭ টাকা, অথচ এবার দিতে হবে ১৫ হাজার ১৭২ টাকা। কিন্তু বাড়তি কর দেওয়ার বিনিময়ে নতুন অর্থবছরে কী পাবেন, সেটি বুঝতে পারছেন না।
সবাই যখন বাজেট বক্তৃতা শুনতে ব্যস্ত, দাদার কাছে তখন ছয় বছরের রাইয়ানের প্রশ্ন ছিল—এতক্ষণ ধরে কথা বলছেন, এই লোকটি কে? অর্থমন্ত্রী কে এবং তাঁর কাজ কী—এ নিয়ে ভারী বক্তৃতা না দিয়ে জামান সাহেব রাইয়ানকে বললেন, অর্থমন্ত্রী হচ্ছেন এই যুগের রবিন হুড। বড়লোকদের কাছ থেকে টাকা নিয়ে গরিবদের ভালো রাখার জন্য ব্যয় করেন।
কথাটা বলেও মনে মনে ভাবলেন, শেষ পর্যন্ত তো করের বোঝা পড়ে তাঁদের মতো মধ্যবিত্তের ঘাড়েই। রবিন হুড কি আসলে হতে পারেন অর্থমন্ত্রী? অনেক আগে পড়া ছড়াটার কথা মনে পড়ল জামান সাহেবের—
বাজেট বাজেট মরার বাজেট/ বাজেট আলুর দম/ বড়র পাতে পড়ল বেশি/ ছোটর পাতে কম।