হাইড্রোজেন পার-অক্সাইডে শুল্ক বসাচ্ছে ভারত
বাংলাদেশি হাইড্রোজেন পার-অক্সাইড নামের একটি রাসায়নিক পণ্যের ওপর অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ করতে যাচ্ছে ভারত। দেশটির সংশ্লিষ্ট সংস্থা অ্যান্টি-ডাম্পিং অ্যান্ড অ্যালাইড ডিউটিজ (ডিজিএডি) গত মঙ্গলবার এ-সংক্রান্ত ফাইনাল ডিটারমিনেশন (বিস্তারিত যুক্তিসহ চূড়ান্ত প্রতিবেদন) জারি করেছে, যেখানে বলা হয়েছে, বাংলাদেশি কোম্পানিগুলোর ক্ষেত্রে শুল্কের হার হবে টনপ্রতি ২৮ থেকে ৯১ ডলার।
নিয়ম অনুযায়ী, ফাইনাল ডিটারমিনেশন জারির তিন মাসের মধ্যে শুল্ক আরোপ হয়। ডিজিএডির সুপারিশের পর অর্থ মন্ত্রণালয় প্রজ্ঞাপন প্রকাশ করলে বাংলাদেশি পণ্যকে সে দেশে শুল্ক দিয়ে প্রবেশ করতে হবে। এই পণ্যটি বস্ত্র খাতে ব্যবহার করা হয়।
কোনো কোম্পানি নিজ দেশে বিক্রীত দামের চেয়ে কম দামে রপ্তানি করলে তাকে ডাম্পিং হিসেবে গণ্য করতে পারে আমদানিকারক দেশ। এর আগে ভারত বাংলাদেশি পাটপণ্যে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ করেছে। এ ছাড়া বাংলাদেশি মাছ ধরার জালে তদন্ত শুরু করেছে তারা।
২০১৫ সালের ১৪ মার্চ ভারতের ন্যাশনাল পার-অক্সাইড ও হিন্দুস্তান অর্গানিক কেমিক্যাল নামের দুটি কোম্পানি হাইড্রোজেন পার-অক্সাইডে অ্যান্টি-ডাম্পিং শুল্ক বসানোর আবেদন করে। ডিজিএডি বলছে, বাংলাদেশি হাইড্রোজেন পার-অক্সাইড রপ্তানির কারণে তাদের শিল্পের ক্ষতি হচ্ছে। তাদের ফাইনাল ডিটারমিনেশন অনুযায়ী বাংলাদেশি টিকে গ্রুপের সামুদা কেমিক্যালকে টনপ্রতি ৪৬ দশমিক ৯০ ডলার, মেঘনা গ্রুপের তাসনিম কেমিক্যালকে ২৭ দশমিক ৮১ ডলার, এ এস এম কেমিক্যালকে ৪৬ দশমিক ২৯ ডলার শুল্ক দিতে হবে। বাংলাদেশি অন্য রপ্তানিকারকদের জন্য শুল্কহার হবে ৯১ দশমিক ৪৭ ডলার।
শুধু বাংলাদেশ নয়, পাকিস্তানের কোম্পানি ভেদে ৫২ থেকে ১১৮ ডলার, থাইল্যান্ডের ১৭ থেকে ৬৩ ডলার, কোরিয়ার ক্ষেত্রে ৪৬ ডলার এবং তাইওয়ানের ক্ষেত্রে ৫৬ ডলার শুল্ক আরোপ হচ্ছে।
সামুদা কেমিক্যালসের প্রধান আর্থিক কর্মকর্তা মোহাম্মদ আকরামুজ্জামান বলেন, এখন তাঁরা প্রতি টন হাইড্রোজেন পার-অক্সাইড ৩৯০ ডলারের কাছাকাছি দরে রপ্তানি করেন। প্রস্তাবিত হারে শুল্ক আরোপ হলে দাম দাঁড়াবে ৪৩৭ ডলার। এতে রপ্তানি ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে উল্লেখ করে তিনি বলেন, ‘ভারত আমাদের সবচেয়ে বড় বাজার। তাদের ওপর নির্ভর করে আমরা উৎপাদন সক্ষমতা বাড়িয়েছি। শুল্ক আরোপ হলে আমরা সংকটে পড়ে যাব। আমরা সরকারি পর্যায়ে বিষয়টি ভারতের সঙ্গে আলোচনা চাই।’ সামুদা প্রতি মাসে প্রায় ৬০০ টন হাইড্রোজেন পার-অক্সাইড ভারতে রপ্তানি করে বলে জানান ওই কর্মকর্তা।
তানসিম কেমিক্যালের উপমহাব্যবস্থাপক মো. মনিরুল ইসলাম বলেন, ‘ভারত অন্যায়ভাবে এ শুল্ক আরোপ করার চেষ্টা করছে। শুনানিতে তারাই বলেছে বাংলাদেশ থেকে ডাম্পিং হয়নি। তাদের তদন্তেও বলা হয়েছে তাসনিম ডাম্পিং করেনি। কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখলাম শুল্ক আরোপের সুপারিশ করা হলো।’
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হিসাবে ২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশ প্রায় ৭৭ লাখ মার্কিন ডলারের হাইড্রোজেন পার-অক্সাইড রপ্তানি করেছে। এর মধ্যে ভারতে গেছে প্রায় ৫২ লাখ ডলারের পণ্য। গত বছর মার্চে পাকিস্তানে বাংলাদেশি হাইড্রোজেন পার-অক্সাইডের ওপর ১২ শতাংশ অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ করে। বাংলাদেশ এখন পর্যন্ত কোনো পণ্যে এ ধরনের সুরক্ষা শুল্ক আরোপ করতে পারেনি।