১ শতাংশ টাকাও খরচ করেনি ৮ মন্ত্রণালয় ও বিভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতানুগতিকভাবেই চলছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন। অর্থবছরের তিন মাস পেরিয়ে গেলেও অনেক মন্ত্রণালয় ও বিভাগ বরাদ্দের নামমাত্র খরচ করেছে।
প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বরাদ্দের ১ শতাংশের কম খরচ করতে পেরেছে আটটি মন্ত্রণালয় ও বিভাগ। এর মধ্যে গত তিন মাসে জনপ্রশাসন মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো টাকা খরচ করতে পারেনি। আর ১ শতাংশের কম টাকা খরচ করা মন্ত্রণালয় ও বিভাগগুলো হলো প্রতিরক্ষা মন্ত্রণালয়; শিল্প মন্ত্রণালয়; স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়; পররাষ্ট্র মন্ত্রণালয়; ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) সূত্রে এ তথ্য জানা গেছে। আইএমইডির সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে দেখা গেছে, জুলাই-সেপ্টেম্বর মাসে এডিপির মাত্র ৮ দশমিক ৭৫ শতাংশ বাস্তবায়িত হয়েছে। টাকার অঙ্কে খরচ হয়েছে ১০ হাজার ৭৮৮ কোটি টাকা। উল্লেখ্য, চলতি অর্থবছরে (২০১৬-১৭) ১ লাখ ১০ হাজার ৭০০ কোটি টাকার মূল এডিপি নেওয়া হয়েছে। এ ছাড়া স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ব্যয় আরও ১২ হাজার ৬৪৬ কোটি টাকা। সব মিলিয়ে এডিপির আকার দাঁড়ায় ২৩ হাজার ৩৪৬ কোটি টাকা।
এবার মন্ত্রণালয় ও বিভাগগুলোর প্রকল্প বাস্তবায়নের অগ্রগতির দিকে নজর দেওয়া যাক। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তিনটি প্রকল্পের অনুকূলে চলতি এডিপিতে ৭৪ কোটি ৮৫ লাখ টাকা বরাদ্দ আছে। কিন্তু তিন মাসে এক টাকাও খরচ করতে পারেনি এই মন্ত্রণালয়। একইভাবে দুদকের একটি প্রকল্পে সাকল্যে বরাদ্দ আছে প্রায় আট কোটি টাকা। কিন্তু খরচের খাতা শূন্য।
গুরুত্বপূর্ণ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ৬১টি প্রকল্পে বরাদ্দ আছে ৬ হাজার ৭০ কোটি টাকা। তিন মাসে খরচ হয়েছে মাত্র ৪৩ কোটি ৮৫ লাখ টাকা। প্রকল্পপ্রতি গড়ে ৫০ লাখ টাকার কিছু বেশি খরচ হয়েছে।
অর্থবছরের চার ভাগের এক ভাগ সময় পার হয়ে গেলেও বরাদ্দের চার ভাগের এক ভাগ খরচ করতে পেরেছে মাত্র একটি বিভাগ। জুলাই-সেপ্টেম্বরে লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের একটিমাত্র প্রকল্প বরাদ্দকৃত ২ কোটি ৬৮ লাখ টাকার মধ্যে খরচ মাত্র ৯৩ লাখ টাকা। বাস্তবায়িত হয়েছে ৩৪ শতাংশ। অথচ পুরো এডিপিতে ৫৪টি মন্ত্রণালয় ও বিভাগের ১ হাজার ৩৬৫টি প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছে। বাকি ৫৩ মন্ত্রণালয় বরাদ্দের চার ভাগের এক ভাগও খরচ করতে পারেনি।
এবারের এডিপিতে সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে বিদ্যুৎ বিভাগ। ৯৭টি প্রকল্পে বরাদ্দ আছে ১৮ হাজার ৬২৬ কোটি টাকা। তিন মাসে খরচ হয়েছে ২ হাজার ৮৩৩ কোটি টাকা। বাস্তবায়নের হার ১৫ শতাংশ।