১০ মাসে এডিপির অর্ধেক বাস্তবায়ন

চলতি অর্থবছরের প্রথম ১০ মাস (জুলাই-এপ্রিল) পেরিয়ে গেছে। কিন্তু এ সময়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্ধেক বাস্তবায়ন হয়েছে। এটা মূল এডিপির নয়। সংশোধিত এডিপিরই মাত্র ৫০ শতাংশ বাস্তবায়ন হয়েছে, যা বিগত ছয় বছরের মধ্যে সর্বনিম্ন।
পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) সূত্রে এ তথ্য জানা গেছে।
আইএমইডি সূত্রমতে, চলতি অর্থবছরের জুলাই-এপ্রিল সময়ে খরচ হয়েছে ৪৭ হাজার ১১৪ কোটি টাকা। তবে গতবারের চেয়ে টাকার অঙ্কে বেশি খরচ হয়েছে। গত বছর একই সময়ে এর পরিমাণ ছিল ৪৩ হাজার ৩৩৩ কোটি টাকা বা বরাদ্দের ৫৬ শতাংশ। এর আগের দুই অর্থবছরে ৫৪ শতাংশ করে বাস্তবায়ন হয়েছিল। ২০১১-১২ এবং ২০১০-১১ অর্থবছরে যথাক্রমে ৫৫ ও ৫৮ শতাংশ বাস্তবায়ন হয়েছিল।
চলতি অর্থবছরে পরিকল্পনা কমিশনের আওতাধীন ৯৭ হাজার কোটি টাকা, যা মূল এডিপি হিসেবে পরিচিত। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ব্যয়ের ৩ হাজার ৯৯৭ কোটি টাকাসহ মোট এডিপির আকার দাঁড়ায় ১ লাখ ৯৯৭ কোটি টাকা। বাস্তবায়ন করতে না পারায় চলতি এপ্রিল মাসে এডিপির আকার কমিয়ে করা হয় ৯৩ হাজার ৮৯৫ কোটি টাকা।
আইএমইডির হালনাগাদ তথ্যে জানা গেছে, জুলাই-এপ্রিল মাসে সরকারের নিজস্ব তহবিল বা অভ্যন্তরীণ উৎসের ২৯ হাজার ৯৮১ কোটি টাকা খরচ হয়েছে। এ ছাড়া বিদেশি সহায়তার ১৫ হাজার ১৮২ কোটি টাকা খরচ করেছে মন্ত্রণালয়গুলো। আর প্রকল্প বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে ১ হাজার ৯৫২ কোটি টাকা খরচ হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, এডিপির প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর দক্ষতার অভাব রয়েছে। প্রকল্প বাস্তবায়নে কোনো প্রস্তুতি বা পরিকল্পনা থাকে না। তাই যথাসময়ে প্রকল্প বাস্তবায়ন হয় না। এতে খরচ বাড়ে, সময় বাড়ে।
মির্জ্জা আজিজ আরও বলেন, ‘প্রতিবছর বাজেট দেওয়ার আগেই প্রতিটি মন্ত্রণালয়ের প্রকল্প বাস্তবায়ন পরিকল্পনা তৈরি করা উচিত। আমি যখন দায়িত্বে ছিলাম, তখন পরিকল্পনা মন্ত্রণালয়ে এ ধরনের নির্দেশনা দিয়েছিলাম। কিন্তু এর আর অগ্রগতি নেই।’ তিনি মনে করেন, আগামী অর্থবছরের জন্য যে বিশাল এডিপি দেওয়া হয়েছে, তা অবাস্তব। বাস্তবায়নযোগ্য এডিপি দেওয়া উচিত।
বেহাল দশা: চলতি অর্থবছরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটিমাত্র প্রকল্প রয়েছে। সেই প্রকল্পে এডিপিতে ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু ১০ মাসে প্রকল্পটির কোনো অর্থ খরচ করতে পারেনি দুদক। প্রকল্প বাস্তবায়নে দুদকের পারদর্শিতা শূন্য।
লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের অনুকূলে একটি প্রকল্প আছে। এ প্রকল্পে বরাদ্দ ৩ কোটি ২৪ লাখ টাকা। ১০ মাসে এ প্রকল্পে ব্যয় মাত্র ২৭ লাখ ৮১ হাজার টাকা খরচ হয়েছে।
এমন আরও আটটি মন্ত্রণালয় ও বিভাগ রয়েছে, যেগুলো বরাদ্দের ২৫ শতাংশের কম খরচ করেছে। এগুলো হলো শিল্প মন্ত্রণালয়, নির্বাচন কমিশন সচিবালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় (থোক বরাদ্দসহ), অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থ বিভাগ, ভূমি মন্ত্রণালয়, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং সংসদবিষয়ক সচিবালয়।
টাকা খরচে সবচেয়ে এগিয়ে আছে স্থানীয় সরকার বিভাগ। গত এপ্রিল মাস পর্যন্ত এ বিভাগটির ২২৪টি প্রকল্পে খরচ হয়েছে ৯ হাজার ৮৯৯ কোটি টাকা, যা বরাদ্দের ৬২ শতাংশ। অন্যদিকে পরিকল্পনা বিভাগের হিসাবে থোক বরাদ্দ হিসেবে রাখা আছে ২ হাজার ১৯৫ কোটি টাকা। এ খাতের কোনো টাকা খরচ হয়নি।