১০ মাসে বিপিসির মুনাফা ৩৪৫৪ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি বাসে চড়ে মতিঝিল থেকে ফার্মগেট যাচ্ছেন? চালকের সহকারী ভাড়া নিচ্ছেন ১০ টাকা। ভাবুন তো, এই দূরত্বের পথই আপনি আট টাকা ভাড়ায় যাচ্ছেন! এমনটা হতেই পারত যদি সরকার বিশ্ববাজারের সঙ্গে মিল রেখে দেশের বাজারে জ্বালানি তেলের দাম কমাত।
সরকারের পক্ষে এটা করা খুবই সম্ভব। কারণ, কোনো কোনো জ্বালানি তেলে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ৩৫ টাকারও বেশি মুনাফা করছে।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করে বছর হতে চলল। এখনো জ্বালানি তেলের দাম কম। তারপরেও সরকার এখনো জ্বালানি তেলের দাম কমানো বা সমন্বয় না করার সিদ্ধান্তে অটল রয়েছে। অথচ সরকার যে শুধু গাড়িতে ব্যবহৃত অকটেন বিক্রি করেই মুনাফা করছে তা নয়, গরিব মানুষের জ্বালানি কেরোসিন থেকে শুরু করে সাধারণ মানুষের জ্বালানি ডিজেল বিক্রিতেও বিপুল মুনাফা করছে।
এমন এক প্রেক্ষাপটে ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ইচ্ছে করলেই সাধারণ মানুষকে জ্বালানি তেলের বিষয়ে একটি সুখবর দিতে পারতেন। কিন্তু তিনি সে পথে হাঁটেননি।
বাজেট বক্তব্যের দুই জায়গায় অর্থমন্ত্রী জ্বালানি তেলের মূল্য কমে যাওয়ার বিষয়টি উল্লেখ করেন। তিনি বলেন, ‘জ্বালানি তেলের মূল্যহ্রাসের কারণে ২০১৫ সালে উন্নত দেশসমূহ এবং অধিকাংশ বিকাশমান ও উন্নয়নশীল দেশে মূল্যস্ফীতি হ্রাস পাবে। এই সুযোগে জ্বালানি খাতের নানা ভর্তুকি ব্যবস্থায় শৃঙ্খলা বিধান হবে আমাদের অন্যতম প্রচেষ্টা।’ আরেক জায়গায় অর্থমন্ত্রী বলেন, ‘তেলের মূল্য হ্রাস পাওয়ায় ভর্তুকি-ব্যয় কমেছে। এই সাশ্রয়কৃত অর্থ আমরা অগ্রাধিকার খাতে সঞ্চালন করব।’
আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও দেশীয় বাজারে এখনো কমানো হয়নি কেন—বাজেটের পরদিন আয়োজিত সংবাদ সম্মেলন অর্থমন্ত্রীকে এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এটা এখনো সমন্বয় করা হয়নি। আসলে জ্বালানি খাতে গত ৩০-৪০ বছরে আমরা ভুল সিদ্ধান্ত নিয়েছি। এর অর্থায়নটা স্বচ্ছ নয়। চিন্তা করছি কীভাবে যৌক্তিক করা যায়।’ তবে এ ব্যাপারে আন্তর্জাতিক বাজারের সঙ্গে বাংলাদেশের বাজারের একটা মাত্রা সংরক্ষণ করা হবে বলে জানান তিনি।
বিপিসির কাছ থেকে তথ্য নিয়ে গত এপ্রিলে প্রকাশিত প্রতিবেদনে বিশ্বব্যাংক দেখিয়েছে যে সংস্থাটি বিভিন্ন ধরনের জ্বালানি তেলে কী পরিমাণ মুনাফা করছে। তাতে দেখা গেছে, প্রতি লিটার অকটেন (এইচওবিসি) উৎপাদনে বিপিসির যেখানে খরচ ৬৩ টাকা ৫১ পয়সা, সংস্থাটি তা বিক্রি করছে ৯৯ টাকায়। অর্থাৎ এক লিটার অকটেন বিক্রি করে বিপিসির মুনাফা ৩৫ টাকা ৪৯ পয়সা।
একইভাবে ৫৪ টাকা ২৩ পয়সার কেরোসিন (এসকেও) ৬৮ টাকায় বিক্রি করে মুনাফা করছে ১৩ টাকা ৭৭ পয়সা, ৫৪ টাকা ২৫ পয়সার জেট ওয়েল ৭৩ টাকায় বিক্রি করে ১৮ টাকা ৭৫ পয়সা, ৫৩ টাকা ৩২ পয়সার ডিজেল (এইচএসডি) ৬৮ টাকায় বিক্রি করে ১৪ টাকা ৬৮ পয়সা এবং ৪০ টাকা ৪৩ পয়সার ফার্নেস ওয়েল (এইচএসএফও) ৬০ টাকায় বিক্রি করে ১৯ টাকা মুনাফা হচ্ছে বিপিসির।
অর্থনৈতিক সমীক্ষা-২০১৫ অনুযায়ী, চলতি অর্থবছরের প্রায় ১০ মাসে (২২ এপ্রিল পর্যন্ত) বিপিসি ৩ হাজার ৪৫৪ কোটি ৭৩ লাখ টাকা মুনাফা করেছে। এ জন্য আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমে যাওয়াকে ধন্যবাদ দিতেই পারেন অর্থমন্ত্রী।
কারণ, এর আগের টানা পাঁচটি অর্থবছর লোকসান দিয়েছে বিপিসি। এর মধ্যে সংস্থাটির সবচেয়ে কম লোকসান হয়েছে ২০০৯-১০ অর্থবছরে, তা-ও ২ হাজার ৪৯ কোটি ৬৫ লাখ টাকা। আর সবচেয়ে বেশি লোকসান দিয়েছে ২০১১-১২ অর্থবছরে—১১ হাজার ৩৭১ কোটি ৩১ লাখ টাকা।
সরকারি গুরুত্বপূর্ণ কোনো সংস্থার লোকসান দেওয়া মানেই হলো একে টিকিয়ে রাখতে সরকারের পকেট থেকে বেশি অর্থ ভর্তুকি হিসেবে বেরিয়ে যাওয়া। অর্থনৈতিক সমীক্ষা বলছে, চলতি ২০১৪-১৫ অর্থবছরে বিপিসিকে সরকার ভর্তুকি দিয়েছে ৬০০ কোটি টাকা। অথচ, ঠিক আগের অর্থবছরেই সংস্থাটিকে ভর্তুকি দিতে হয়েছে ২ হাজার ৪৭৮ কোটি টাকা। আর ২০১১-১২ অর্থবছরে ভর্তুকির পরিমাণ ছিল ১৩ হাজার ৫৫৮ কোটি টাকা।
বিশ্বব্যাংকের মতো উন্নয়ন সহযোগীরা জ্বালানি তেলের দাম বিশ্ববাজারের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় করার পদ্ধতি চালু করার সুপারিশ করছে, যেমনটি আছে ভারতে। এটি হলে বিশ্ববাজারে দাম কমলে আনুপাতিক হারে দেশেও কমবে, বাড়লে দেশেও বাড়বে।
এসব বিষয়ে জানতে বিপিসি চেয়ারম্যান এ এম বদরুদ্দোজার সঙ্গে মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি।
জ্বালানি তেলের দাম প্রভাব ফেলে না—এমন খাত নেই বললেই চলে। তাই জ্বালানি তেলের দাম কমালে স্বল্প আয়ের লোকজন খানিকটা স্বস্তিতে থাকতে পারতেন। কারণ জীবনযাত্রার ব্যয় কমে আসত। কিন্তু তা না হওয়ায় দেখা যাচ্ছে, খাদ্যে মূল্যস্ফীতি কমলেও খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি কমছে না।
প্রস্তাবিত বাজেট কেবল জাতীয় সংসদে পেশ করা হয়েছে। এখন এর ওপর সংসদে আলোচনা হবে, মাস শেষে তা অনুমোদন করা হবে। তাই এখনো অর্থমন্ত্রীর ওপর আশা রাখাই যায়—তিনি জনগণকে খানিকটা হলেও স্বস্তিদায়ক খবর দেবেন।