১১ মাসে এডিপির বাস্তবায়ন হয়েছে ৬৭ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ২০১৪-১৫ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) মাত্র ৬৭ শতাংশ বাস্তবায়ন হয়েছে। এ সময়ে ৫১ হাজার ৯৯৭ কোটি টাকা খরচ হয়েছে।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী পরিষদের (একনেক) সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য দেন। উল্লেখ্য, চলতি অর্থবছরের পরিকল্পনা কমিশনের তদারকিতে সংশোধিত এডিপির আকার ৭৫ হাজার কোটি টাকা। স্বশাসিত সংস্থার নিজস্ব প্রকল্পসহ এডিপির আকার ৭৭ হাজার ৮৪২ কোটি টাকা। সেই হিসাবে চলতি মাসে ২৫ হাজার ৮৪৫ টাকা খরচ করতে হবে।
তবে গতবারের এডিপির তুলনায় বাস্তবায়ন হার কত, তা নিয়ে বিভ্রান্তি রয়েছে। পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) চলতি অর্থবছরের জুলাই-মে মাসের হালনাগাদ এডিপি বাস্তবায়ন চিত্রে দেখা গেছে, গত অর্থবছরে একই সময়ে (জুলাই-মে) এডিপি বাস্তবায়ন হার ছিল ৬৬ শতাংশ। টাকার অঙ্কে এর পরিমাণ ৪২ হাজার ১৬২ কোটি টাকা। এর মানে হলো, আগের চেয়ে বাস্তবায়ন হার ও খরচের পরিমাণ বেড়েছে। কিন্তু আইএমইডির ওয়েবসাইটে মাসিক পর্যবেক্ষণে গত বছরের জুলাই-মে পর্যন্ত যে হালনাগাদ চিত্র রয়েছে, তাতে দেখা গেছে, গত বছর একই সময়ে ৬৭ শতাংশ এডিপি বাস্তবায়ন হয়েছিল। টাকার অঙ্কে এর পরিমাণ ৩৯ হাজার ৯৮২ কোটি টাকা। গত অর্থবছরে পরিকল্পনা কমিশনের তদারকিতে এডিপির আকার ছিল ৬০ হাজার কোটি টাকা।
পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের বলেন, এডিপি বাস্তবায়ন নিয়ে সবাই বলে থাকেন শেষ প্রান্তিকে এসে বাস্তবায়ন বেশি হয়। ফলে প্রকল্প মান নিয়ে প্রশ্ন ওঠে। হ্যাঁ, এটা কিছুটা সত্য, তবে ঢালাওভাবে সত্য নয়। অর্থবছরের প্রথম প্রান্তিকে বর্ষাকাল থাকায় প্রকল্প বাস্তবায়ন বাধাগ্রস্ত হয়। এর জের দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকে চলে যায়।