১১ মাসে রপ্তানি প্রবৃদ্ধি ২.৮ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে দেশের পণ্য রপ্তানিতে ২ হাজার ৮১৪ কোটি মার্কিন ডলার আয় হয়েছে। প্রবৃদ্ধি ২ দশমিক ৮০ শতাংশ। মানে গত অর্থবছরের একই সময়ের ২ হাজার ৭৩৭ কোটি ডলারের চেয়ে অর্জিত রপ্তানি আয় ২ দশমিক ৮০ শতাংশ বেশি।
এদিকে প্রবৃদ্ধি হলেও লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। আলোচ্য সময়ের ২ হাজার ৯৯৪ কোটি ডলারের লক্ষ্যমাত্রার চেয়ে ৬ শতাংশ কম হয়েছে রপ্তানি আয়। সব মিলিয়ে চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রা ৩ হাজার ৩২০ কোটি ডলার। এটি অর্জন করতে হলে অর্থবছরের শেষ মাস, অর্থাৎ এই জুনে ৫০৬ কোটি ডলারের পণ্য রপ্তানি করতে হবে। যদিও এখন পর্যন্ত কোনো মাসেই এই পরিমাণ রপ্তানি আয় সম্ভব হয়নি। গত জুলাইয়ে সর্বোচ্চ ২৯৮ কোটি ডলারের রপ্তানি আয় হয়েছে। আর সর্বশেষ মে মাসে আয় হয়েছে ২৮৪ কোটি ডলার।
দেশের পণ্য রপ্তানি আয় গত অর্থবছরই ৩ হাজার মার্কিন ডলারের মাইলফলকে পৌঁছায়। সে সময় রপ্তানি আয়ে প্রবৃদ্ধি হয় ১১ দশমিক ৬৫ শতাংশ। তবে এক বছরের মাথায় সেই প্রবৃদ্ধি ৩ শতাংশের নিচে নেমে গেছে। দেশি-বিদেশি নানা কারণে রপ্তানি আয়ে ধসের এ ঘটনায় ব্যবসায়ী নেতারা চিন্তিত। এ জন্য সরকারের কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করেন তাঁরা।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) গতকাল সোমবার চলতি ২০১৪-১৫ অর্থবছরের জুলাই-মে, অর্থাৎ প্রথম ১১ মাসের পণ্য রপ্তানি আয়ের হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করেছে। এতে দেখা যায়, তৈরি পোশাক, পাট ও পাটজাত পণ্য, প্রকৌশল পণ্য, হস্তশিল্প, বাইসাইকেল, হোম টেক্সটাইলসহ কয়েকটি পণ্যের রপ্তানি আয় আগের অর্থবছরের চেয়ে বৃদ্ধি পেয়েছে। সে জন্যই সামগ্রিকভাবে রপ্তানি আয়ে ইতিবাচক ধারা অব্যাহত আছে।
জানতে চাইলে ইপিবির ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু গতকাল প্রথম আলোকে বলেন, ‘বছরের প্রথম তিন মাস রাজনৈতিক অস্থিরতার কারণে ক্রেতারা ক্রয়াদেশ কমিয়ে দিয়েছিলেন। তা ছাড়া বিশ্বে সুতা ও বস্ত্রের দাম কিছুটা কমে গেছে, এ জন্য তৈরি পণ্যের দাম কমিয়ে দিচ্ছেন ক্রেতারা। এর বাইরে ডলারের বিপরীতে ইউরো ও রুবলের দরপতন এবং ইউরোপীয় ইউনিয়নে কিছুটা মন্দাভাব থাকায় রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়েছে।’
শুভাশীষ বসু বলেন, ‘এবার লক্ষ্যমাত্রা অর্জিত হবে না। আমাদের ধারণা, সব মিলিয়ে ৩ হাজার ১০০ কোটি ডলারের রপ্তানি আয় হতে পারে। সে ক্ষেত্রে প্রবৃদ্ধি ৩ শতাংশের কাছাকাছি থাকতে পারে।’ তিনি আরও বলেন, ‘রপ্তানি কমার পেছনের কারণগুলোর অধিকাংশই আমাদের নিয়ন্ত্রণের বাইরে। তাই যে প্রবৃদ্ধি হয়েছে, সেটা সন্তোষজনক।’
আলোচ্য সময়ে মোট পণ্য রপ্তানির ৮১ শতাংশ তৈরি পোশাক খাত থেকে এসেছে। খাতটির আয় ২ হাজার ২৯২ কোটি ডলার, যা গত অর্থবছরের একই সময়ের ২ হাজার ২১৭ কোটি ডলারের চেয়ে ৩ দশমিক ৩৬ শতাংশ বেশি। এদিকে আলোচ্য সময়ে পোশাক খাতের মধ্যে নিটের ১ হাজার ১১৬ কোটি ডলার এবং ওভেনের অবদান ১ হাজার ১৭৫ কোটি ডলার।
জানতে চাইলে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম বলেন, ‘৯২ দিনের রাজনৈতিক অস্থিরতার কারণে গত এপ্রিল থেকে রপ্তানি আয়ে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। তৈরি পোশাকে প্রবৃদ্ধি সাড়ে ৩ শতাংশের কম। তবে একই সময়ে আমাদের প্রতিযোগী দেশগুলোর পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ১০ থেকে ১৫ শতাংশ।’
বিজিএমইএর সভাপতি বলেন, ‘বাজেটে পণ্য রপ্তানিতে যে উৎসে কর বৃদ্ধি করা হয়েছে, সেটিকে কমিয়ে আনতে হবে। না হলে আমরা আরও প্রতিযোগিতা-সক্ষমতা হারাব।’
ইপিবির দেওয়া তথ্যানুযায়ী, এ ছাড়া আলোচ্য সময়ে চামড়া ও চামড়াজাত পণ্যে ১০২ কোটি, পাট ও পাটজাত পণ্যে ৭৯ কোটি, হোম টেক্সটাইলে ৭৪ কোটি, হিমায়িত খাদ্যে ৫২ কোটি, কৃষিজাত পণ্যে ৫৪ কোটি, প্লাস্টিক পণ্যে ৯ কোটি ২১ লাখ, বাইসাইকেলে ১১ কোটি ৭২ লাখ, টেরিটাওয়েলে ৩ কোটি ৮০ লাখ এবং হস্তশিল্পে ৭০ লাখ মার্কিন ডলার আয় হয়েছে।
বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম প্রথম আলোকে বলেন, ‘দেশের রাজনৈতিক অস্থিরতার বাইরে ডলারের বিপরীতে ইউরোর দরপতন রপ্তানি আয় কমার বড় কারণ।’ বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, দরপতন হওয়ায় ইউরোপের ক্রেতাদের এখন আগের চেয়ে বেশি ইউরো খরচ করতে হবে। তবে সব দেশের মুদ্রার বিপরীতে সমানভাবে ইউরোর অবমূল্যায়ন হয়নি। ফলে তারা সেসব দেশ থেকে পণ্য ক্রয় বাড়িয়ে দিয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক মুদ্রার বিনিময় হার কিছুটা পরিবর্তন করতে পারত। মানে ডলার বা ইউরোর বিপরীতে টাকার কিছুটা অবমূল্যায়ন করলে রপ্তানিকারকদের প্রতিযোগিতা-সক্ষমতা বৃদ্ধি পেত।
গোলাম মোয়াজ্জেম বলেন, রানা প্লাজা ধসের পর গত বছর অনেক ক্রেতা ও ব্র্যান্ড তাদের ক্রয়াদেশ অন্য দেশে নিয়ে গেছে। এদিকে পোশাক কারখানার সংস্কারকাজ পুরোটা এখনো শেষ হয়নি। ফলে বিদেশি অনেক ক্রেতা ও ব্র্যান্ডের কাছে সম্পূর্ণ বার্তাটি দেওয়া যাচ্ছে না। এটি দ্রুত করা গেলে পোশাক রপ্তানি আরও বাড়বে।