১১ হাজার কোটি টাকায় ২৫৮ মেগাওয়াট বিদ্যুৎ
ছোট-বড় চারটি বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। কেন্দ্রগুলো ২৫৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনক্ষমতাসম্পন্ন। এগুলো থেকে বিদ্যুৎ কিনতে ২০ বছরে সরকারের ব্যয় হবে ১১ হাজার ১৫৮ কোটি টাকা।
সচিবালয়ে গতকাল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রয় কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।
মোস্তাফিজুর রহমান বলেন, নীলফামারী ও লালমনিরহাট জেলায় ১০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কিনতে সরকারের ব্যয় হবে ৩ হাজার ৬২৮ কোটি টাকা। বাগেরহাট জেলার আরেকটি ১০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কেনায় ব্যয় হবে ৩ হাজার ৫৭৮ কোটি টাকা। এ ছাড়া টাঙ্গাইলে ৫০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কিনতে ১ হাজার ৬৮৪ কোটি টাকা ব্যয় হবে সরকারের। আর পঞ্চগড় জেলার ৮ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কিনতে ২৬৮ কোটি টাকা ব্যয় হবে।
ক্রয় কমিটিতে বিদ্যুৎ কেনাসহ ১১টি প্রস্তাব অনুমোদিত হয়। এর মধ্যে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন ভ্যারিয়েশন (চুক্তিমূল্য কম-বেশি করা) প্রস্তাব চারটি। কুষ্টিয়া-হরিপুর সংযোগ সড়কে গড়াই নদের ওপর সেতু নির্মাণকাজের আগের ব্যয় ৭১ কোটি ১০ লাখ টাকা থেকে ১০ কোটি ৫৬ লাখ টাকা বাড়িয়ে ৮১ কোটি ৫৭ লাখ টাকা করার প্রস্তাব অনুমোদিত হয়।
ঢাকা ওয়াসার ‘ঢাকা পানি সরবরাহ খাত উন্নয়ন প্রকল্প’-এর একটি প্যাকেজে আগের চুক্তিমূল্য ১২৫ কোটি ৭২ লাখ টাকা থেকে বাড়িয়ে ১৯০ কোটি ৩৭ লাখ টাকা, একটি প্যাকেজে ১০৭ কোটি টাকা থেকে বাড়িয়ে ১৭৬ কোটি ৩১ লাখ টাকা এবং আরেকটি প্যাকেজে ৭৫ কোটি টাকা থেকে বাড়িয়ে ১১১ কোটি ৬৯ লাখ টাকা করা হয়।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চট্টগ্রামের একটি প্রকল্পের ট্রান্সফরমার কেনার চুক্তিমূল্য ৯ কোটি ৬২ লাখ টাকা থেকে বাড়িয়ে করা হয় ১৪ কোটি টাকা। এ ছাড়া সৌদি আরব থেকে রাষ্ট্রীয় পর্যায়ে ৫৪ কোটি টাকা ব্যয়ে ২৫ হাজার টন ইউরিয়া সার আমদানির একটি প্রস্তাব এবং ভোলা ও শাহবাজপুরে কূপ খননের জন্য ৩ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব অনুমোদিত হয়।
ক্রয় কমিটির পাশাপাশি অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে তিনটি প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয় গতকাল। বলা হয়, সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) ভিত্তিতে নয়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাডার স্থাপন করা হবে সরকারি অর্থেই।
কারণ ব্যাখ্যা করে মোস্তাফিজুর রহমান বলেন, পিপিপিতে ব্যয় খরচ বেশি হতে পারে। আবার নিরাপত্তার বিষয়ও আছে। কমিটি মনে করেছে এটা সরকারের অর্থায়নেই করা ভালো হবে।
তাহলে আগে কেন পিপিপির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এমন প্রশ্নের জবাবে অতিরিক্ত সচিব বলেন, পিপিপিতে করলে খরচ কম পড়বে বলে আগে ভাবা হয়েছিল।
এ ছাড়া পর্যটন করপোরেশনের মালিকানাধীন মোংলায় পিপিপির মাধ্যমে ‘হোটেল পশুর’ নামে তিন তারকা একটি হোটেল নির্মাণ এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের দুটি হাইড্রোলিক এলিভেটর ড্যাম (এইচডি) কিনতে সরাসরি ক্রয়পদ্ধতি অনুসরণের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে কমিটি।