১৬৯ কোটি টাকা লোকসান দিল বেসিক ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাংক খাতে ছয় মাসের লাভ–ক্ষতি
ব্যাংক খাতে ছয় মাসের লাভ–ক্ষতি

রাষ্ট্রমালিকানাধীন আলোচিত বেসিক ব্যাংক চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) ১৬৯ কোটি টাকা লোকসান গুনেছে। গত বছরের একই সময়ে এ ব্যাংকটি ৪০ কোটি টাকা লাভ করেছিল।
ঋণ কেলেঙ্কারির জন্য বেসিক ব্যাংক ব্যাপকভাবে সমালোচনার মুখে পড়েছে। এ কেলেঙ্কারির অভিযোগে ইতিমধ্যে ব্যাংকটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে সরিয়ে দেওয়া হয়েছে।
অন্যদিকে এ বছরের জানুয়ারি-জুন সময়ে ইসলামী ব্যাংক ৮৪০ কোটি টাকা মুনাফা করেছে। গতবার একই সময়ে এ ব্যাংকটির মুনাফার পরিমাণ ছিল ৮২৮ কোটি টাকা।
১৮টি রাষ্ট্রমালিকানাধীন ও বেসরকারি ব্যাংকের অর্ধবার্ষিক লাভ-ক্ষতির প্রাথমিক হিসাবে এ তথ্য পাওয়া গেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দেখা গেছে, একমাত্র বেসিক ব্যাংক ছাড়া সব ব্যাংকই মুনাফা করেছে। এমনকি বেশির ভাগ ব্যাংকের মুনাফার পরিমাণও বেড়েছে।
গত বছরের জানুয়ারি-জুন মাসের তুলনায় এবার একই সময়ে যেসব ব্যাংক বেশি মুনাফা করেছে সেগুলোর মধ্যে অন্যতম হলো পূবালী, আল্-আরাফাহ্, এনসিসি, ইউসিবি, আইএফআইসি, এক্সিম, মিউচুয়াল ট্রাস্ট, এসআইবিএল, ইউনিয়ন, সাউথবাংলা, মধুমতি, মিডল্যান্ড ও এনআরবি কমার্শিয়াল। অন্যদিকে গতবারের চেয়ে কম মুনাফা করেছে যেসব ব্যাংক, এর মধ্যে অন্যতম হলো ন্যাশনাল, সাউথ ইস্ট ও স্ট্যান্ডার্ড।
উল্লেখ্য, ব্যাংকের আর্থিক বিবরণীর হিসাবের সময় জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত। তবে প্রতিবছর জানুয়ারি-জুন সময়কাল ধরে অর্ধবার্ষিক হিসাব করে থাকে ব্যাংকগুলো।