২০২১ সালে আসতে হবে ১০০-এর মধ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ​সোনারগাঁও হোটেলে গতকাল বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত সংলাপে অতিথিরা l প্রথম আলো
রাজধানীর ​সোনারগাঁও হোটেলে গতকাল বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত সংলাপে অতিথিরা l প্রথম আলো

বিশ্বব্যাংকের ডুইং বিজনেস সূচকে শীর্ষ ১০০ দেশের মধ্যে বাংলাদেশকে নিয়ে যেতে চায় সরকার। সুনির্দিষ্টভাবে বাংলাদেশের লক্ষ্য ১৭৬তম দেশ থেকে এগিয়ে ২০২১ সালের মধ্যে দুই অঙ্ক, অর্থাৎ কমপক্ষে ৯৯তম হওয়া। এই উদ্দেশ্যে আগামী ডিসেম্বর মাসের মধ্যে কর্মপরিকল্পনা চূড়ান্ত করে জানুয়ারি মাসে সে অনুযায়ী কাজ শুরু করতে চায় সরকার।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম গতকাল শনিবার এক অনুষ্ঠানে এসব কথা জানিয়েছেন। অনুষ্ঠানে জানানো হয়, বিশ্বের প্রায় ৮০টি দেশ এ সূচকে উন্নতির জন্য কাজ করছে। এর মধ্যে ২০১৫ সালে ভারত লক্ষ্য ঠিক করেছে যে তারা তিন বছরে শীর্ষ ৫০ দেশের মধ্যে উন্নীত হবে।

.
.

একটি দেশে ব্যবসা করা কতটা সহজ, তা প্রকাশ পায় ডুইং বিজনেস সূচকের মাধ্যমে। বৈদেশিক বিনিয়োগ আনার ক্ষেত্রে এ সূচক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মনে করা হয়। ডুইং বিজনেস সূচক ২০১৭ তে বাংলাদেশ দুই ধাপ উন্নতি করেছে। যদিও ১৯০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখনো নিচের দিকেই রয়ে গেছে।
ডুইং বিজনেস সূচকে উন্নতির কর্মপরিকল্পনা ঠিক করবে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। সংস্থাটি ডুইং বিজনেসে উন্নতির জন্য কী কী সংস্কার আনা যায়, তা নিয়ে আলোচনা করতে গতকাল রাজধানীর সোনারগাঁও হোটেলে একটি জাতীয় সংলাপের আয়োজন করে। এতে বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থার শীর্ষ কর্মকর্তা ও বেসরকারি খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে বিডার চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, একটি দেশে বেসরকারি খাত কতটুকু ভালো করবে, তা ব্যবসায় পরিবেশের ওপর নির্ভর করে। ডুইং বিজনেসে উন্নতি করে বিশ্বকে একটি আওয়াজ দিতে হবে যে বাংলাদেশ বিনিয়োগের ভালো জায়গা। তিনি বলেন, ‘আমরা কয়েক বছরের মধ্যে এ সূচকে ১০০ দেশের মধ্যে উন্নীত হতে চাই। আমরা অবশ্যই তা পারব।’
বিডার চেয়ারম্যানের বক্তব্যের পরই মুখ্য সচিব আবুল কালাম আজাদ বলেন, ‘এটা প্রধানমন্ত্রীর অনুমোদিত লক্ষ্যমাত্রা। এ লক্ষ্যটা আগ্রাসী, তবে অর্জন সম্ভব।’

অনুষ্ঠানে ডুইং বিজনেস সূচক নিয়ে আলোচনায় বিভিন্ন অভিযোগ, পরামর্শ ও সমস্যার কথা উঠে আসে। আবার সরকারের নেওয়া উদ্যোগের কথাও তুলে ধরেন সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধিরা। দু-একজন ডুইং বিজনেস সূচকের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন।

বিশ্বব্যাংক গ্রুপের জ্যেষ্ঠ বেসরকারি খাত বিশেষজ্ঞ (বাণিজ্য ও প্রতিযোগিতা সক্ষমতা) করিম বেলাচি ডুইং বিজনেস সূচক নিয়ে একটি উপস্থাপনা তুলে ধরেন। তিনি বলেন, যেসব দেশে ব্যবসা করা সহজ, সেসব দেশ বিদেশি বিনিয়োগ বেশি পায়। যেমন ডুইং বিজনেস সূচকে শীর্ষ ১০ দেশ বছরে প্রায় ৫ হাজার কোটি ডলারের প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) পায়। অন্যদিকে নিচের ১০ দেশ পায় মাত্র ১২৬ কোটি ডলারের বিনিয়োগ।

পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, বাংলাদেশে বিদ্যুৎ সংযোগ পেতে কেন ৪০৪ দিন লাগবে, আশপাশের দেশে যেখানে ১০০ দিনের কম লাগে।

একপর্যায়ে মুখ্য সচিব আবুল কালাম আজাদ বিদ্যুৎ বিভাগের সচিবের কাছে জানতে চান, তিনি ৪৫ দিনে শিল্প এবং ২১ দিনে আবাসিক খাতে বিদ্যুৎ–সংযোগ দিতে পারবেন কি না?

বিদ্যুৎ বিভাগের সচিব মনোয়ার ইসলাম বলেন, বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে অনেক কিছু যাচাই করতে গিয়ে দ্রুত বিদ্যুৎ–সংযোগ দেওয়া সম্ভব হয় না।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান ডুইং বিজনেস সূচকে বাংলাদেশের অনেক ক্ষেত্রে উন্নতির বিষয়গুলো উঠে আসেনি বলে উল্লেখ করেন। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম ঝুলে থাকা মামলা নিষ্পত্তিতে টাস্কফোর্স অথবা কমিটি গঠনের প্রস্তাব দেন।

সবশেষে বিডার চেয়ারম্যান বলেন, রুয়ান্ডা ৮ বছরে ১৫০তম অবস্থান থেকে ৫৬ তে উন্নীত হয়েছে এবং জর্জিয়া ১০ বছরে ১০০তম থেকে ১৬তম অবস্থানে চলে এসেছে। বাংলাদেশও পারবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক সচিব মোহাম্মদ শহিদুল হক, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, ফরেন ইনভেস্টর চেম্বারের সভাপতি রূপালী চৌধুরী, পিপিপি কার্যালয়ের প্রধান নির্বাহী সৈয়দ আফসর এইচ উদ্দিন, এফবিসিসিআইয়ের সভাপতি মাতলুব আহমাদ প্রমুখ বক্তব্য দেন।