২০৩০ সালের মধ্যে দেশ ক্ষুধামুক্ত হবে: পরিকল্পনামন্ত্রী
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, জাতীয় উন্নয়নে অঙ্গীকার বাস্তবায়ন ত্বরান্বিত করতে সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ অপরিহার্য। অর্থনীতির প্রবৃদ্ধি বাড়ানো, সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার এবং দারিদ্র্য বিমোচনে সরকারের চলমান কর্মসূচি বাস্তবায়নে সব কর্মকর্তাকে আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, ‘কাউকে বাদ দিয়ে নয়, সবাইকে নিয়েই অগ্রগতির মহাসড়কে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ২০৩০ সালের মধ্যে দেশকে ক্ষুধামুক্ত করতে পারব।’
গতকাল মঙ্গলবার বিসিএস ইকোনমিক ট্রেনিং একাডেমির প্রথম প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন। শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে এ অনুষ্ঠান হয়।
পরিকল্পনা বিভাগের সচিব তারিক উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম এ মান্নান, পরিকল্পনা কমিশনের সদস্য শামসুল আলম প্রমুখ বক্তব্য দেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, গত সাত বছরে বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান ৬৮ থেকে নেমে ৪৪তম অবস্থান অর্জন করেছে। ক্রয়ক্ষমতার সক্ষমতার তালিকায় বিশ্বে বাংলাদেশের অবস্থান এখন ৩২তম। তিনি বলেন, দেশের অনগ্রসর জনগোষ্ঠীকে অর্থনীতির মূল স্রোতোধারায় নিয়ে আসতে সরকার কাজ করছে।