ভবিষ্যতে বিশ্ববাণিজ্যের চালিকাশক্তি হয়ে উঠবে এশিয়া। ফলে আগামী ২০৫০ সালে মোট বৈশ্বিক রপ্তানির পরিমাণ এখনকার চেয়ে চার গুণ বেড়ে ৬৮ দশমিক ৫ ট্রিলিয়ন বা ৬৮ লাখ ৫০ হাজার কোটি মার্কিন ডলারে উন্নীত হবে (এক লাখ কোটিতে এক ট্রিলিয়ন)।
বহুজাতিক ব্যাংক হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশনের (এইচএসবিসি) এক প্রতিবেদনে এমন পূর্বাভাষই দেওয়া হয়েছে। ‘ট্রেড উইনড্’ শীর্ষক প্রতিবেদনটিতে বলা হয়েছে, ২০৫০ সাল নাগাদ মোট বৈশ্বিক রপ্তানিতে এশিয়ার অংশ বর্তমান ১৭ শতাংশ থেকে বেড়ে ২৭ শতাংশে উঠবে। একই সময়ে বিশ্বের মোট রপ্তানিতে পশ্চিম ইউরোপের অংশ ৩৪ শতাংশ থেকে কমে ২২ শতাংশে এবং উত্তর আমেরিকার অংশ ১১ শতাংশ থেকে ৯ শতাংশে নেমে আসবে।
এইচএসবিসির এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাণিজ্যিক ব্যাংকিংয়ের প্রধান পল স্কেলটন বলেন, এশিয়া প্রযুক্তিগত উদ্ভাবন ও সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থার নেতৃত্বে চলে যাবে। বদৌলতে অঞ্চলটি বিশ্বায়নের পরবর্তী পর্যায়ের সুবিধা বেশি পাবে।
অক্সফোর্ড ইকোনমিকস-এর সংকলিত এই প্রতিবেদন তৈরি করতে বিশ্ববাণিজ্যের গত ১৫০ বছরের শিক্ষামূলক উদাহরণ ও প্রধান চালিকাশক্তিগুলো বিশ্লেষণের পাশাপাশি ভবিষ্যৎ প্রবণতা কেমন হতে পারে, সেটি পর্যালোচনা করা হয়েছে। খবর বিজ্ঞপ্তির।