উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে জুলাই মাসে ‘মধুচন্দ্রিমা’র মতো খোশমেজাজে থাকেন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তারা। প্রকল্পের টাকা খরচে তেমন উৎসাহ দেখান না তাঁরা। গত জুলাই মাসে ২১টি মন্ত্রণালয় ও বিভাগের খরচের খাতা শূন্য। এসব মন্ত্রণালয় ও বিভাগ বরাদ্দের এক টাকাও খরচ করতে পারেনি। ফলে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) সার্বিক বাস্তবায়ন কমে গেছে। চলতি ২০১৭-১৮ অর্থবছরের প্রথম মাসে (জুলাই) এডিপি বাস্তবায়ন মাত্র আধা শতাংশ।
বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) হালনাগাদ তথ্যে এডিপি বাস্তবায়নের এ চিত্র পাওয়া গেছে।
আইএমইডি সূত্রে জানা গেছে, জুলাই মাসে দশমিক ৫৮ শতাংশ এডিপি বাস্তবায়ন হয়েছে। টাকার অঙ্কে এর পরিমাণ ৯৫২ কোটি টাকা। কয়েক বছর আগেও অর্থবছরের প্রথম মাসে ১ থেকে ২ শতাংশ এডিপি বাস্তবায়ন হলেও গত দুই বছর ধরে তা আধা শতাংশে নেমে এসেছে। গত বছর জুলাই মাসে এডিপির ৬৯৪ কোটি টাকা খরচ হয়েছিল।
স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর ব্যয়সহ চলতি অর্থবছরে মোট এডিপির মোট আকার নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৮৫ কোটি টাকা।
সাবেক সরকারি ব্যয় পর্যালোচনা কমিশনের সদস্য জায়েদ বখত প্রথম আলোকে বলেন, এডিপি বাস্তবায়নে ধীরগতির সমস্যাগুলো পুরোনো। সঠিক সময়ে প্রকল্প পরিচালক নিয়োগ, বিদেশি সাহায্যপুষ্ট প্রকল্পে পরামর্শক নিয়োগে দীর্ঘসূত্রতা, আন্তমন্ত্রণালয় সমন্বয়ের অভাব, জমি অধিগ্রহণ—এসব সমস্যা দীর্ঘদিন ধরেই আছে।
তাঁর মতে, বছরের শুরু থেকেই প্রকল্প বাস্তবায়নে প্রতিটি মন্ত্রণালয়ের একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা উচিত। এই কমিটি প্রকল্পগুলো নজরদারি করবে। পাশাপাশি প্রতিটি মন্ত্রণালয়ের বার্ষিক ক্রয় পরিকল্পনাও থাকা উচিত।
এদিকে চলতি অর্থবছরের প্রথম মাসে যেসব মন্ত্রণালয় ও বিভাগ বরাদ্দের এক টাকাও খরচ করতে পারেনি সেগুলো হলো বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ, ভূমি মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, অর্থ বিভাগ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, সমাজকল্যাণ মন্ত্রণালয়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, সরকারি কর্ম কমিশন এবং দুর্নীতি দমন কমিশন।
অর্থবছরের শুরুতে প্রকল্পের টাকা খরচ হয় না, আবার বছরের শেষ দিকে খরচের ‘বন্যা’ বয়ে যায়। আইএমইডির তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, গত জুলাই মাসে প্রতিদিন গড়ে ৩০ কোটি ৭০ লাখ টাকা খরচ হয়েছে। আর গত অর্থবছরের শেষ মাস অর্থাৎ গত জুনে খরচ হয়েছে এডিপির ২৯ হাজার ৩৭৭ কোটি টাকা। সেই হিসাবে জুন মাসে প্রতিদিন গড়ে এক হাজার কোটি টাকার মতো খরচ হয়েছে। জানা গেছে, বিল পাওয়ার জন্য ঠিকাদারেরা বছরের শেষ দিকে দ্রুত কাজ শেষ করেন। এতে কাজের মান নিয়েও প্রশ্ন ওঠে।
এডিপির ৮০ শতাংশের বেশি বরাদ্দ পেয়েছে ১৫টি মন্ত্রণালয় ও বিভাগ। এর মধ্যে বিদ্যুৎ বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ ছাড়া আরও কোনো মন্ত্রণালয় গত জুলাই মাসে ১ শতাংশের বেশি এডিপি বাস্তবায়ন করতে পারেনি। জুলাই মাসে সবচেয়ে বেশি ২৩৯ কোটি টাকা খরচ করেছে বিদ্যুৎ বিভাগ।