৫ বছরে ৮০০ কোটি ডলার দেবে এডিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী পাঁচ বছরে বাংলাদেশকে ৮০০ কোটি ডলার দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। দেশের অবকাঠামো ও মানবসম্পদ উন্নয়নে এ অর্থ ব্যয় করা হবে। ২০১৬ থেকে ২০২০ সালের মধ্যে এ অর্থ দেবে এডিবি। পাঁচ বছরের জন্য বাংলাদেশ কান্ট্রি পার্টনারশিপ স্ট্র্যাটেজি (সিপিএস) অনুমোদন দিয়েছে এডিবির পরিচালনা পর্ষদ। ফিলিপাইনের ম্যানিলায় এ সভা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

প্রতি পাঁচ বছরে বাংলাদেশ কী পরিমাণ সহায়তা দেবে তা সিপিএসে বলা থাকে। এতে এডিবি কোন ধরনের প্রকল্পে অগ্রাধিকারভিত্তিতে অর্থ দেবে, তা উল্লেখ থাকে। সর্বশেষ ২০১১ থেকে ২০১৫ সাল মেয়াদি সর্বশেষ সিপিএসে ৫০০ কোটি ডলারের বেশি অর্থ দিয়েছিল এডিবি। সেই হিসাবে, আগামী পাঁচ বছরে আগের সিপিএসের চেয়ে ৬০ শতাংশ বেশি ঋণ ও অনুদান দেওয়ার পরিকল্পনা করেছে এডিবি। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে এডিবির সহায়তা কৌশল নির্ধারণ করা হয়েছে।

নতুন সিপিএস সম্পর্কে এডিবির কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি বলেন, গত এক দশকে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যের (এমডিজি) আওতায় দারিদ্র্য বিমোচনে সাফল্য দেখিয়েছে বাংলাদেশ। কর্মসংস্থানের পাশাপাশি আঞ্চলিক প্রবৃদ্ধির ভারসাম্য দূর করতে পল্লী উন্নয়নকে গুরুত্ব দিয়ে এডিবির নতুন সিপিএস করা হয়েছে।

এডিবি আরও বলছে, বিশ্ব ও আঞ্চলিক পণ্য উৎপাদন ও সরবরাহ প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডরে অবস্থান করছে বাংলাদেশ। এ করিডর কার্যকর করতে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল ও উত্তর-পশ্চিমাঞ্চলে বাণিজ্যভিত্তিক মহাসড়ক গড়ে তুলতে সহায়তা করবে এডিবি।

আগামী বছরগুলোতে এডিবি যে ধরনের প্রকল্পে সহায়তা দেবে, সেগুলোর মধ্যে অন্যতম হলো রেল ও সড়ক নেটওয়ার্ক সম্প্রসারণ ও উন্নয়ন; চট্টগ্রাম বন্দর উন্নয়ন; রাজধানীর গণপরিবহনব্যবস্থা; বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ; আন্তদেশীয় জ্বালানি বাণিজ্য; নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন; পানিসম্পদ ব্যবস্থা ও বন্যানিয়ন্ত্রণ; পল্লী এলাকায় প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে অবকাঠামো নির্মাণ; শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন। এ ছাড়া সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) ব্যবস্থাকে কার্যকর করতে সহায়তা করবে এডিবি।

বাংলাদেশের প্রশংসা করে সিপিএসে আরও বলা হয়েছে, ১০ বছর ধরে বাংলাদেশ টেকসই প্রবৃদ্ধি অর্জন করেছে। এ সময়ে গড়ে ৬ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

এডিবির সিপিএসে ২০২০ সাল নাগাদ দেশের অর্থনীতিতে কী পরিবর্তন বা ফলাফল আসতে পারে, এর একটি চিত্র দেওয়া হয়েছে। মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২০১৪-১৫ অর্থবছরের হিসাবে ৬ দশমিক ৬ শতাংশ হয়েছে। এডিবি মনে করে, ২০১৯-২০ অর্থবছরে এ প্রবৃদ্ধি আরও দশমিক ৮ শতাংশীয় পয়েন্ট বাড়বে। অর্থাৎ ওই অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ৪ শতাংশ।

দারিদ্র্য বিমোচনেও এডিবির সিপিএস কার্যকর ভূমিকা রাখবে। এডিবি বলছে, ২০১৯-২০ অর্থবছরে দারিদ্র্য হার ১৮ দশমিক ৬ শতাংশে নেমে আসবে। ২০১৪-১৫ অর্থবছরে দারিদ্র্য হার ছিল ২৪ দশমিক ৮ শতাংশ। একই সময়ে একইভাবে অতি দারিদ্র্য হার ১২ দশমিক ৯ থেকে এক অঙ্কের ঘরে নেমে ৮ দশমিক ৯ শতাংশ হবে।

অন্যদিকে আনুষ্ঠানিক ক্ষেত্রে কর্মসংস্থান বাড়বে। ২০২০ সাল নাগাদ দেশের মোট কর্মসংস্থানের ১৫ শতাংশই হবে আনুষ্ঠানিক খাতে। বর্তমানে আনুষ্ঠানিক খাতে সাড়ে ১২ শতাংশ কর্মসংস্থান হয়। ২০২০ সালের মধ্যে ৯৬ শতাংশ পরিবার বিদ্যুৎ-সুবিধার আওতায় আসবে।