৫২০ কোটি টাকার ঋণ আটকে যাওয়ার পথে
অনিয়মের অভিযোগে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) একটি প্রকল্পের কারিগরি মূল্যায়ন প্রতিবেদন স্থগিত করেছে প্রকল্পটির অর্থায়নকারী সংস্থা কোরিয়া এক্সিম ব্যাংক। ফলে প্রকল্পটিতে ৫২০ কোটি টাকার অর্থায়ন অনিশ্চিত হয়ে পড়েছে।
বিটিসিএল সূত্রে জানা গেছে, ‘ডিজিটাল বাংলাদেশ গঠনে ওয়্যারলেস ব্রডব্যান্ড নেটওয়ার্ক (ডব্লিউবিএন)’ শীর্ষক প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ৭৪৯ কোটি টাকা। এর মধ্যে সাড়ে ৬ কোটি ডলার বা ৫২০ কোটি টাকা ঋণ দেওয়ার কথা কোরিয়া এক্সিম ব্যাংকের। গত বছরের আগস্টে প্রকল্পটির আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়। এতে দক্ষিণ কোরিয়ার এসকে কনসোর্টিয়াম, কেটি করপোরেশন ও এলজি ইউপ্লাস নামের তিনটি প্রতিষ্ঠান অংশ নেয়। চলতি বছরের জুনের মধ্যে প্রকল্পটি শেষ হওয়ার কথা।
কোরিয়া এক্সিম ব্যাংকের অভিযোগ নিয়ে গত ৯ জানুয়ারি বিটিসিএলের পরিচালনা পর্ষদে আলোচনা হয় বলে জানা গেছে। এরপরই বিষয়টি খতিয়ে দেখার প্রক্রিয়া শুরু হয়। এর আগে ২০১৫ সালে অনিয়ম ও দীর্ঘসূত্রতার অভিযোগে ‘টিএনডিপি লট বি’ নামের বিটিসিএলের আরেকটি প্রকল্পে ২০০ কোটি টাকার ঋণের অর্থ ফিরিয়ে নিয়েছিল জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (জাইকা)।
জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম গত শনিবার প্রথম আলোকে বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। অনিয়ম পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহফুজ উদ্দিন আহমদকে গত ১৬ জানুয়ারি এ বিষয়ে একটি চিঠি দেয় এক্সিম ব্যাংক। চিঠিতে বলা হয়, গত ৫ ও ১১ জানুয়ারি প্রকল্পের দরপত্রে অংশ নেওয়া প্রতিষ্ঠান কেটি করপোরেশন ও এলজি ইউপ্লাসের কাছ থেকে দুটি অভিযোগ পাওয়া গেছে। দুটি অভিযোগেই দরপত্রের কারিগরি মূল্যায়ন চলার সময় প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান দায়েইয়ং ইউবিটেক ও আরেক দরদাতা এসকে কনসোর্টিয়ামের মধ্যে সন্দেহজনক যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে।
কারিগরি মূল্যায়ন চলাকালীন পরামর্শকের সঙ্গে কোনো দরদাতা প্রতিষ্ঠানের যেকোনো ধরনের যোগাযোগ আইন পরিপন্থী। চিঠিতে বিষয়টি অনুসন্ধানের জন্য বিটিসিএলের প্রতি অনুরোধ জানিয়ে বলা হয়, বিষয়টির সুরাহা না হওয়া পর্যন্ত প্রকল্পটির কারিগরি মূল্যায়ন প্রতিবেদনের কার্যকারিতা স্থগিত থাকবে।
এক্সিম ব্যাংকের চিঠির আগেই দরপত্র মূল্যায়নে অনিয়মের অভিযোগ তুলে গত ২৮ ডিসেম্বরে ডাক ও টেলিযোগাযোগ সচিবের কাছে অভিযোগ জানিয়ে চিঠি দিয়েছিল এলজি ইউপ্লাস। একই বিষয়ে পরের দিন ২৯ ডিসেম্বর চিঠি দেয় কেটি করপোরেশন। দুটি চিঠিতেই দরপত্র অংশগ্রহণকারী এসকে টেলিকমের সঙ্গে পরামর্শক প্রতিষ্ঠান দায়েইয়ং ইউবিটেকের অনৈতিক যোগাযোগের কিছু প্রমাণ তুলে ধরা হয়।
প্রমাণ হিসেবে কেটি করপোরেশন ও এলজি ইউপ্লাসের চিঠিতে বলা হয়, কারিগরি মূল্যায়ন চলার সময় ২০১৬ সালের ১২ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত পরামর্শক প্রতিষ্ঠানের কর্মকর্তা কিম তাঁর মুঠোফোন থেকে এস কে কনসোর্টিয়ামের কর্মকর্তা ব্রায়ান বেকে সাতবার ফোন করে মোট ৩২ মিনিট কথা বলেন। এ সময়ে কিম ১৩টি খুদেবার্তাও পাঠিয়েছেন ব্রায়ানকে। একইভাবে গত ১০ নভেম্বর থেকে ৮ ডিসেম্বরের মধ্যে এসকের কর্মকর্তা ব্রায়ান তাঁর নম্বর থেকে কিমকে ১১ বার ফোন দিয়ে প্রায় ৪৫ মিনিট কথা বলেছেন ও ১৫টি খুদে বার্তা পাঠিয়েছেন। এতে প্রকল্পের কারিগরি মূল্যায়ন প্রক্রিয়া বিশ্বাসযোগ্যতা হারিয়েছে বলে চিঠিতে অভিযোগ করা হয়েছে।
এলজি ইউপ্লাস ও কেটি করপোরেশনের চিঠিতে আলি হোসেন নামের এক ব্যক্তির পাঠানো একটি ই-মেইল বার্তাও যোগ করা হয়। ই-মেইলে সময় ও তারিখ উল্লেখ করে কিম এবং ব্রায়ানের মুঠোফোনে কথোপকথনের বিস্তারিত তথ্য সংযুক্ত ছিল।
এ বিষয়ে বিটিসিএলের এমডি মাহফুজ উদ্দিন আহমদের বক্তব্য নিতে গত সপ্তাহে তাঁর কার্যালয়ে গেলেও তিনি কথা বলতে রাজি হননি। পরে মুঠোফোনে আবার যোগাযোগ করেও পাওয়া যায়নি তাঁকে।
বিটিসিএলের পরিচালনা পর্ষদের কার্যবিবরণীতে দেখা যায়, অভিযোগের ব্যাপারে তিনটি ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। এগুলো হচ্ছে ই-মেইলের মাধ্যমে অভিযোগ উত্থাপনকারী ব্যক্তিকে শনাক্ত করতে বিটিসিএল ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মাধ্যমে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সাহায্য নেওয়া, অভিযোগের সঙ্গে দেওয়া দুটি মুঠোফোন নম্বরের মালিকানা ও সংযুক্ত কল লিস্ট সম্পর্কে নিশ্চিত হওয়া এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে বিটিসিএলের পরবর্তী পর্ষদ সভায় আবার আলোচনা করা।