
মুদ্রা বিনিময় হার স্থিতিশীল রাখতে বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার কেনা বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ডলারের বিপরীতে টাকার মান ধরে রাখার পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতেই বেশি বেশি ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।
২০১৬ সালের প্রথমার্ধে অর্থাৎ জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত আগের বছরের একই সময়ের তুলনায় ৩৯ কোটি ডলার বেশি কেনা হয়েছে। এ সময় বাণিজ্যিক ব্যাংক থেকে ৪১৩ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। আগের বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৩৭৬ কোটি ডলার।
সিটিব্যাংক এনএর অর্ধবার্ষিক বাজার হালনাগাদ, ২০১৬ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বাজারের হালনাগাদ পরিস্থিতি নিয়ে প্রতিবছরে দুবার অর্ধবার্ষিক প্রতিবেদন প্রকাশ করে সিটিব্যাংক।
ওই প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য হয়, এমন অনেক দেশে স্থানীয় মুদ্রার বিপরীতে ডলার শক্তিশালী হয়েছে। কিন্তু বাংলাদেশে টাকার শক্তিশালী অবস্থান অব্যাহত রয়েছে। তবে টাকার এমন শক্তিশালী অবস্থানের চ্যালেঞ্জও রয়েছে। প্রাথমিক চ্যালেঞ্জ হলো বিনিয়োগকারীদের আস্থা অর্জন করা। কেননা, টাকার শক্তিশালী অবস্থানের সুযোগ নিয়ে উৎপাদন খাতের মূলধনি যন্ত্রপাতি আমদানি বাড়াতে বিনিয়োগকারীদের সহায়তা করাও অন্যতম চ্যালেঞ্জ। অর্থাৎ কম টাকা খরচ করে বেশি ডলার পাওয়া যাবে। এতে আমদানি খরচ কমবে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সালের নভেম্বর ও ডিসেম্বর মাসে টাকার বিপরীতে ডলারের দাম বৃদ্ধির পর চলতি বছরের শুরুতে তা কমে যায়। তবে ফেব্রুয়ারি মাসে বড় ধরনের অবকাঠামো খাতের বিল পরিশোধের কারণে ডলারের দাম কিছুটা বেড়ে ৭৮ টাকা ৭৫ পয়সা হয়। জানুয়ারি মাসে ছিল প্রতি ডলারের দাম ৭৮ টাকা ৫০ পয়সা। কিন্তু মার্চ মাসে রপ্তানি বেড়ে যাওয়ার কারণে ডলারের যে চাহিদা ছিল, তা পূরণ হয়ে যায়। ফলে মার্চের শুরুতেই ডলারের দর পড়ে ৭৮ টাকা ৪০ পয়সা হয়। তখন থেকেই ডলারের দাম স্থিতিশীল রয়েছে।
সিটিব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ২০১৬ সালের প্রথমার্ধে কয়েকবার উত্থান-পতনের পর জুন মাস নাগাদ ইউরো কিছুটা শক্তিশালী অবস্থানে আছে। জুন মাসে এক ইউরোর বিপরীতে ১ দশমিক ১১ ডলার পাওয়া গেছে। জানুয়ারি মাসে ১ ইউরোর বিপরীতে ১ দশমিক ০৭ ডলার পাওয়া গেছে। তবে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্য বেরিয়ে যাওয়ার গণভোটের সিদ্ধান্তে ব্রিটিশ পাউন্ডের দাম পড়ে যায় ১৫ শতাংশ, যা বিগত ৩১ বছরের মধ্যে সর্বোচ্চ পতন। জুন মাস শেষে ১ পাউন্ডে ১ দশমিক ৩৩ ডলার মিলেছে। এদিকে গত জানুয়ারি থেকে জুন সময়ে জাপানের ইয়েন বেশ শক্তিশালী হয়েছে। গত জানুয়ারি মাসে ১ ডলারে ১২০ ইয়েন পাওয়া যেত। জুন মাসে মিলেছে ১০৩ ইয়েন।