৬ শতাংশের নিচে নামল মূল্যস্ফীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

৪০ মাস পর মূল্যস্ফীতি ৬ শতাংশের নিচে নামল। স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম অপেক্ষাকৃত কম থাকায় সার্বিক মূল্যস্ফীতি কয়েক মাস ধরেই কমছে। তবে বিশেষত্ব হলো, ফেব্রুয়ারিতে ৬ শতাংশের নিচে নেমে মূল্যস্ফীতি ৫ দশমিক ৬২ শতাংশ হয়েছে। এর আগে সর্বশেষ ২০১২ সালের অক্টোবর মাসে ৬ শতাংশের নিচে মূল্যস্ফীতি হয়েছিল। ওই মাসে মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৮৬ শতাংশ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ মূল্যস্ফীতি ও জাতীয় মজুরি সূচক হিসাবে এ তথ্য পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল মূল্যস্ফীতির হালনাগাদ পরিস্থিতি তুলে ধরেন।
আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের জানান, বিগত ৪১ মাসের মধ্যে এটা সর্বনিম্ন মূল্যস্ফীতি। এর আগে ২০১২ সালের সেপ্টেম্বর মাসে মূল্যস্ফীতি ৪ দশমিক ৯৬ শতাংশ হয়েছিল। এরপর কোনো মাসে ৫ দশমিক ৬২ শতাংশের নিচে মূল্যস্ফীতি হয়নি। তাঁর মতে, স্থানীয় বাজারে জিনিসপত্রের দাম কম আছে। গত কয়েক মাসে নিত্যপণ্যের দাম বাড়েনি। এ ছাড়া পণ্যের সরবরাহ চাহিদার তুলনায় বেশি। আবার আন্তর্জাতিক বাজারেও তেল-চিনির দাম কমেছে। চলতি অর্থবছরে গড় মূল্যস্ফীতি কাঙ্ক্ষিত সাড়ে ৫ শতাংশের মধ্যে থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মতো উদীয়মান অর্থনীতির দেশে কিছুটা মূল্যস্ফীতি থাকতে হবে। তা না হলে উদ্যোক্তারা উৎপাদনে উৎসাহ হারিয়ে ফেলবেন। এ ছাড়া টাকার মান স্থিতিশীল থাকার সুফলও পাওয়া যাচ্ছে মূল্যস্ফীতিতে।’
মূল্যস্ফীতি পরিস্থিতি বিশ্লেষণ করে বিবিএস আরও বলছে, চাল, ডাল, শাকসবজি, মসলাজাতীয় পণ্যের দাম জানুয়ারি মাসের তুলনায় ফেব্রুয়ারি মাসে কমেছে দশমিক ২৬ শতাংশ। একই সময়ে পরিধেয় বস্ত্র, বিদ্যুৎ ও জ্বালানি, বাড়িভাড়া, আসবাব ও গৃহস্থালি, চিকিৎসাসেবা, পরিবহন, শিক্ষা-উপকরণসহ বিভিন্ন পণ্য ও সেবার দাম বেড়েছে দশমিক শূন্য ৫ শতাংশ।
বিবিএসের তথ্যানুসারে, গত ফেব্রুয়ারি মাসে খাদ্য ও খাদ্যবহির্ভূত—উভয় পণ্যেই মূল্যস্ফীতি কমেছে। খাদ্য খাতে মূল্যস্ফীতি হয়েছে ৩ দশমিক ৭৭ শতাংশ। জানুয়ারি মাসে এই হার ছিল ৪ দশমিক ৩৩ শতাংশ। অন্যদিকে খাদ্যবহির্ভূত খাতে ফেব্রুয়ারি মাসে মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৪৬ শতাংশ। আর জানুয়ারি মাসে এই হার ছিল ৮ দশমিক ৭৪ শতাংশ।
বিবিএসের প্রকাশিত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করলে দেখা যায়, ফেব্রুয়ারি মাসে গ্রামের চেয়ে শহরের লোকজন মূল্যস্ফীতির চাপ বেশি অনুভব করেছেন। ফেব্রুয়ারি মাসে শহরে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ২২ শতাংশ, আর গ্রামে ছিল ৪ দশমিক ৭৬ শতাংশ।
চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ৩৬ শতাংশ। পরের কয়েক মাসে মূল্যস্ফীতি ওঠানামা করলেও তা ৬-এর ওপরেই ছিল। উল্লেখ্য, চলতি অর্থবছরে মূল্যস্ফীতির গড় সাড়ে ৫ শতাংশে ধরে রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রথম আট মাসের গড় মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৬ দশমিক ১ শতাংশ।
গত জুলাই-ফেব্রুয়ারি সময়ে খাদ্য ও খাদ্যবহির্ভূত—দুই খাতেই মূল্যস্ফীতি বিপরীতমুখী প্রবণতার ছিল। মূল্যস্ফীতি পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায়, এ সময়ে খাদ্য খাতে মূল্যস্ফীতি ক্রমশ কমেছে। আর খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি বেড়েছে। গত জুলাই মাসে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক শূন্য ৭ শতাংশ। পরের প্রতি মাসেই খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ধারাবাহিকভাবে কমেছে। শেষ পর্যন্ত গত ফেব্রুয়ারি মাসে তা ৩ দশমিক ৭৭ শতাংশে নেমেছে। অন্যদিকে খাদ্যবহির্ভূত পণ্যে গত জুলাই মাসে মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ৮০ শতাংশ। প্রতি মাসে বাড়তে বাড়তে তা এখন ৮ দশমিক ৪৬ শতাংশে উঠেছে। এর মানে হলো, মানুষ খাদ্যপণ্য কিনতে কিছুটা স্বস্তিতে আছে। তবে বাড়িভাড়া, শিক্ষা, চিকিৎসা, পরিবহনসহ বিভিন্ন খাতে আগের চেয়ে বেশি খরচ করতে হচ্ছে।
এদিকে মানুষের মজুরি বৃদ্ধির হার কিছুটা কমেছে। বিবিএসের জাতীয় মজুরি হার সূচকে দেখা গেছে, গত জানুয়ারি মাসে মজুরি বৃদ্ধির হার ছিল ৬ দশমিক শূন্য ৪ শতাংশ। ফেব্রুয়ারি মাসে এই হার কিছুটা কমে দাঁড়ায় ৫ দশমিক ৯৬ শতাংশ। তবে মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির চেয়ে বেশি হওয়ায় লোকজনের ওপর চাপ কমেছে। তাঁদের ক্রয়ক্ষমতা বেড়েছে।