দেশে বর্তমানে ৭১ লাখ নারী-পুরুষ আছেন, যাঁরা স্থায়ী কাজের জন্য উপযোগী। কিন্তু তাঁরা কোনো কাজ করেন না। তাঁদের কেউ পুরোপুরি বেকার; কেউবা টিউশনি কিংবা এমন খণ্ডকালীন কাজ করেন। আবার অনেক শিক্ষিত নারী-পুরুষ আছেন, যাঁরা কাজের উপযোগী হলেও কাজ করেন না। তাঁদের মধ্যে শিক্ষিত গৃহিণীই বেশি। তাঁরা হয়তো কোনো কারণে সাময়িক সময়ের জন্য কাজ করছেন না।
অর্থনীতির ভাষায় এই বিপুলসংখ্যক জনগোষ্ঠীকে কর্মোপযোগী ও সম্ভাবনাময় শ্রমশক্তি বলা হয়। তাঁদের জন্য উপযুক্ত কাজের সুযোগ সৃষ্টি করা যাচ্ছে না। কিংবা শিক্ষাদীক্ষায় দক্ষ হলেও কোনো কারণে অনেকে কাজ করতে চান না। ভবিষ্যতে চাকরি করতে চান তাঁরা। চাকরি পেলে তাঁরা ভালোভাবে দায়িত্ব পালন করতে পারবেন।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ প্রকাশিত ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপ ২০১৫-১৬ প্রতিবেদনে এই চিত্র পাওয়া গেছে। সম্প্রতি প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।
এ বিষয়ে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন প্রথম আলোকে বলেন, এই বিশাল কর্মক্ষম জনগোষ্ঠীর সম্ভাবনাকে কাজে লাগানো যাচ্ছে না। তাঁরা কাজের বাইরে থাকছেন। এটি জনসম্পদ অপচয়ের মতো। দক্ষ শ্রমিকের চাহিদা যদি না বাড়ে, তবে এ ধরনের অবস্থা তৈরি হবে। অন্যদিকে অনানুষ্ঠানিক কর্মসংস্থান বাড়বে; শোষণও থাকবে।
এই পরিস্থিতি উত্তরণের কৌশল হিসেবে জাহিদ হোসেনের মত হলো, চাহিদা অনুযায়ী দক্ষ শ্রমিক তৈরি করা। এতে শোভন কাজের ক্ষেত্রও বাড়বে।
বিবিএসের জরিপে কাজ করেন না এমন কর্মোপযোগী জনগোষ্ঠীকে তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। এগুলো হলো—বেকার, খণ্ডকালীন কর্মজীবী ও সম্ভাবনাময় জনগোষ্ঠী। সব মিলিয়ে এই তিন শ্রেণিতে ৭১ লাখ ৫ হাজার এমন নারী-পুরুষ আছেন। অবশ্য তাঁদের সবাইকে বেকারও বলা যায় না। কাজ করতে চান, কিন্তু কাজ পাচ্ছেন না—এমন ব্যক্তিদের বেকার বলা হয়। তবে অনেকেই দক্ষ হওয়া সত্ত্বেও সংসার কিংবা অন্য কোনো কারণে কাজ করেন না। আবার অনেকে টিউশনির মতো খণ্ডকালীন কাজও করেন; তাঁরা পূর্ণকালীন কাজ করতে চান। সব মিলিয়ে এমন জনগোষ্ঠীতে নারীরাই বেশি। ৩৮ লাখ ২০ হাজার নারী কাজের উপযোগী। আর পুরুষের সংখ্যা ৩২ লাখ ৮৫ হাজার।
বিবিএসের জরিপ অনুযায়ী, খণ্ডকালীন কাজ করেন ১৭ লাখ ৫৯ হাজার জন। তাঁরা স্থায়ী চাকরি বা কাজ পাননি। মূলত টিউশনি, খণ্ডকালীন বিক্রয় প্রতিনিধি, ফাস্ট ফুডের দোকানের বিক্রয়কর্মীসহ বিভিন্ন ধরনের কাজ করেন। তাঁরা ঠিক বেকার না, তবে নিজের কাজ নিয়ে সন্তুষ্ট নন। তাঁরা স্থায়ী চাকরি চান।
অন্যদিকে কাজ খুঁজেও পাননি; এখন পুরোপুরি বেকার—এমন নারী-পুরুষের সংখ্যা ২৫ লাখ ৮৭ হাজার। তাঁরা সপ্তাহে এক ঘণ্টা কাজ করার সুযোগ পাননি। নারী ও পুরুষ—উভয় শ্রেণিতে ১৩ লাখ করে বেকার।
আরেক শ্রেণি আছে যাঁরা ঠিক জরিপ করার সময় কোনো কারণে কাজের জন্য প্রস্তুত ছিলেন না, কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই কাজ খোঁজা শুরু করবেন। আবার অনেকে বিশেষ কারণে কাজ করতে চান না, কিন্তু যেকোনো কাজ দিলে করতে পারবেন—এমন ব্যক্তি আছেন ২৭ লাখ ৫৮ হাজার জন। এই শ্রেণিতে ১৯ লাখের বেশি নারী। সংসারের ঝুট-ঝামেলায় তাঁদের অনেকেই চাকরি করেন না। কিন্তু ভবিষ্যতে কাজ করার ইচ্ছা আছে।