৮ বিমা কোম্পানিতে বিশেষ নিরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবস্থাপনার নামে অতিরিক্ত অর্থ খরচের কারণ খতিয়ে দেখতে আট সাধারণ বিমা (নন-লাইফ) কোম্পানির ওপর বিশেষ নিরীক্ষা করা হচ্ছে। এ জন্য বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) গত মঙ্গলবার আলাদা নিরীক্ষা ফার্ম নিয়োগ করেছে।
আইডিআরএ সূত্রে জানা গেছে, দেশের সব সাধারণ বিমা কোম্পানিই মাত্রাতিরিক্ত ব্যবস্থাপনা খরচ করছে। তবে বেপরোয়াভাবে খরচ করে এমন আট কোম্পানিকে আইডিআরএ নিরীক্ষার জন্য বেছে নিয়েছে।
সাধারণ বিমা কোম্পানিগুলোর সাত বছরের (২০০৯-১৫) ব্যবস্থাপনা ব্যয়ের ওপর একটি প্রতিবেদন আইডিআরএ সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে। এতে দেখা যায়, সাত বছরে ৪৫টি সাধারণ বিমা কোম্পানি মোট ব্যবস্থাপনা খরচ করেছে ৫ হাজার ৬৫ কোটি টাকা। আইন অনুযায়ী কোম্পানিগুলোর ৩ হাজার ৭২৬ কোটি টাকা খরচ করার কথা। তারা ১ হাজার ৪৫১ কোটি টাকা বেশি খরচ করেছে।
সব ধরনের কমিশন পরিশোধসহ প্রত্যক্ষ ও পরোক্ষ খরচের যোগফলই হচ্ছে বিমা কোম্পানির ব্যবস্থাপনা খরচ। বিমা আইন, ২০১০-এর ৬৩ ধারায় বলা হয়েছে, কোনো নন-লাইফ বিমা কোম্পানি এক পঞ্জিকা বছরে ব্যবসা সংগ্রহের কমিশন খরচ বা পারিশ্রমিকসহ ব্যবস্থাপনা খরচ হিসেবে নির্দেশিত সীমার অতিরিক্ত অর্থ ব্যয় করতে পারবে না। কিন্তু কোম্পানিগুলো তা মানছিল না।
গ্রীন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানিতে নিরীক্ষা ফার্ম নিয়োগ করা হয়েছে নুরুল ফারুক হাসান অ্যান্ড কোম্পানিকে। ইসলামি ইনস্যুরেন্সে হাওলাদার ইউনূস অ্যান্ড কোম্পানি, ফিনিক্স ইনস্যুরেন্সে মসিহ্ মুহিত হক অ্যান্ড কোম্পানি, কন্টিনেন্টাল ইনস্যুরেন্সে আজিজ হালিম খায়ের চৌধুরী, ফেডারেল ইনস্যুরেন্সে এম জে আবেদীন, এক্সপ্রেস ইনস্যুরেন্সে অ্যাকনাবিন, প্রগতি ইনস্যুরেন্সে হুদা ভাসি চৌধুরী অ্যান্ড কোম্পানি এবং ইউনিয়ন ইনস্যুরেন্সে এস এফ আহমেদ অ্যান্ড কোম্পানিকে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে আইডিআরএ অতিরিক্ত খরচগুলো আগামী পাঁচ বছরের মধ্যে পুনর্ভরণ করতে (পূরণ করে দেওয়া) কোম্পানিগুলোকে নির্দেশ দিয়েছিল। পরিচালনা পর্ষদের অনুমোদন নিয়ে অতিরিক্ত খরচগুলো পাঁচ বছরে কীভাবে পুনর্ভরণ করা হবে, সেই পরিকল্পনা জমা দিতেও বলা হয়েছিল কোম্পানিগুলোকে। বেশির ভাগ কোম্পানি অবশ্য এ পরিকল্পনা জমা দিয়েছে বলে আইডিআরএ সূত্রে জানা গেছে।
আইডিআরএর প্রতিবেদন অনুযায়ী, সাত বছরে সবচেয়ে বেশি ব্যবস্থাপনা খরচ করেছে গ্রীন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানি। কোম্পানিটি সাত বছরে ব্যবস্থাপনা খরচ করেছে ৬৬১ কোটি টাকা। আইডিআরএ বলেছে, আইন অনুযায়ী কোম্পানিটির সাত বছরে ৫০৫ কোটি টাকা খরচ করার এখতিয়ার থাকলেও ১৫৬ কোটি টাকা বেশি খরচ করেছে।
অতিরিক্ত ব্যবস্থাপনা খরচের ব্যাপারে গ্রীন ডেল্টা ইনস্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফারজানা চৌধুরীর সঙ্গে গত বুধবার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। তবে কয়েক দিন আগে একই বিষয়ে তিনি প্রথম আলোকে বলেছিলেন, আইডিআরএ হিসাব করছে ১৯৫৮ সালের বিধি অনুযায়ী—যা বর্তমান বাস্তবতায় সংগতিপূর্ণ নয়। এ সমস্যা মেটাতে তিনি সলভেন্সি মার্জিন বিধি বা নীতিমালা তৈরির দাবি জানান, যা সরকার এখনো করতে পারেনি।
ফিনিক্স ইনস্যুরেন্সের সিইও জামিরুল ইসলাম গত বুধবার প্রথম আলোকে বলেন, অতিরিক্ত ব্যবস্থাপনা খরচের যে প্রশ্ন তোলা হচ্ছে এখন, সলভেন্সি মার্জিন বিধি থাকলে তা আর উঠত না। তিনিও মনে করেন, বিদ্যমান বিধি অনুযায়ী ব্যবস্থাপনা ব্যয় করা অবাস্তব। অনেক কোম্পানিই বিধি মেনে চলছে, আপনারা পারছেন না কেন—এমন প্রশ্নের জবাবে জামিরুল ইসলাম বলেন, হয়তো তাদের ব্যবসা কম।
আইডিআরএর হিসাব অনুযায়ী, ফিনিক্স ইনস্যুরেন্স কোম্পানি সাত বছরে ১৭৫ কোটি টাকা খরচ করেছে। এ সময়ে কোম্পানিটির খরচ করার কথা ৬৫ কোটি টাকা। অথচ অতিরিক্ত খরচই করেছে কিনা ১১০ কোটি টাকা।