৮০ লাখ টাকার বেশি টার্নওভার হলে অনলাইনে নিবন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি জুলাই মাস থেকে নতুন মূল্য সংযোজন কর (মূসক) আইন বাস্তবায়ন করার কথা থাকলেও তা এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই আইনটি বাস্তবায়নের প্রস্তুতি এগিয়ে নিতে চায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর অংশ হিসেবে আগামী আগস্ট মাস থেকে ব্যবসাপ্রতিষ্ঠানের অনলাইনে ব্যবসায় শনাক্তকরণ নম্বরের (বিআইএন) নিবন্ধন কার্যক্রম শুরু করা হবে।

আগামী ২২ আগস্ট অনলাইনে বিআইএন নেওয়ার কার্যক্রমের উদ্বোধন করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে এ কার্যক্রমের দিনক্ষণ ঠিক করা হবে। এনবিআর সূত্রে এসব তথ্য জানা গেছে।

যেসব ব্যবসাপ্রতিষ্ঠানের বার্ষিক টার্নওভার ৮০ লাখ টাকার বেশি, তাদের অবশ্যই অনলাইনে বিআইএন নিতে হবে। এটা অনেকটা অনলাইন কর শনাক্তকরণ নম্বর বা ই-টিআইএনের মতো। ঘরে বসেই ব্যবসায়ীরা এ নিবন্ধন নিতে পারবেন। বিবরণীর দাখিলসহ কর পরিশোধও করতে পারবেন। ইতিমধ্যে যেসব প্রতিষ্ঠানের সনাতন পদ্ধতিতে বিআইএন নেওয়া আছে, সেসব প্রতিষ্ঠানকেও এখন নতুন করে অনলাইন নিবন্ধিত হতে হবে।

ভ্যাট অনলাইন ওয়েবসাইটে প্রবেশ করে বিআইএন নেওয়া যাবে। বিআইএন নেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানের নাম, ঠিকানা, ব্যবসাপ্রতিষ্ঠানের অন্য শাখার ঠিকানা, ব্যাংক হিসাব নম্বর, ব্যবসায়ের ধরন, টার্নওভারের পরিমাণ, ব্যবসা শুরুর তারিখ, বিদ্যমান বিআইএন থাকলে সেসব তথ্য দিতে হবে। এ ছাড়া ব্যবসাপ্রতিষ্ঠানের পরিচালকদের তথ্য, তাঁদের জাতীয় পরিচয়পত্র নম্বর, নাম, ব্যবসায়ে তাঁদের অংশ ইত্যাদি তথ্যও দিতে হবে। একই ওয়েবসাইট ব্যবহার করে পরবর্তী সময়ে নিয়মিত মূসক রিটার্ন ও কর পরিশোধ করা যাবে।

এ বিষয়ে জানতে চাইলে এনবিআরের সদস্য (মূসক নিরীক্ষা ও গোয়েন্দা) ও ভ্যাট অনলাইন প্রকল্পের পরিচালক রেজাউল হাসান প্রথম আলোকে বলেন, আপাতত বড় ব্যবসাপ্রতিষ্ঠানকে ৮০ লাখ টাকার বেশি টার্নওভার অনলাইন বিআইএন নিবন্ধনের আওতায় আনা হচ্ছে। ঘরে বসেই তারা সব করতে পারবে। তাদের মূসক কার্যালয়ে আসতে হবে না। হয়রানিও হতে হবে না।

এনবিআর সূত্রে আরও জানা গেছে, যেসব ব্যবসাপ্রতিষ্ঠানের বার্ষিক টার্নওভার ৮০ লাখ টাকার কম, তাদের অনলাইনে বিআইএন নিতে না হলেও মূসক কার্যালয়ে এসে নতুন করে তালিকাভুক্ত হতে হবে। নতুন মূসক আইন অনুযায়ী, ৩০ লাখ টাকা পর্যন্ত বার্ষিক টার্নওভারে কোনো মূসক নেই। শুধু মূসক বিবরণী জমা দিতে হবে। আর ৩০ লাখ টাকার বেশি, কিন্তু ৮০ লাখ টাকা পর্যন্ত টার্নওভার হলে ৩ শতাংশ হারে মূসক দিতে হবে। এর বেশি হলে বিক্রির ওপর ১৫ শতাংশ হারে মূসক আরোপিত হবে।

নতুন মূসক আইন বাস্তবায়ন শুরু হলে প্যাকেজ মূসক উঠে যাবে। চলতি অর্থবছরের জন্য এলাকাভেদে প্যাকেজ মূসক রয়েছে। প্যাকেজ মূসক হলে বিক্রি যা-ই হোক না কেন, বছর শেষে নির্ধারিত পরিমাণ মূসক হলেই হয়। কোনো হিসাব রাখার বালাই নেই। প্যাকেজ মূসকব্যবস্থা উঠে গেলে নতুন আইন অনুযায়ী রেয়াতি সুবিধা নিতে সারা বছর হিসাব রেখে প্রমাণ দিতে হবে।

বিদ্যমান ব্যবস্থায় কোনো ব্যবসাপ্রতিষ্ঠান ব্যবসা গুটিয়ে নিলে বিআইএন বাতিল করার সুযোগ ছিল না। নতুন ব্যবস্থায় বিআইএন বাতিল বা স্থগিত করার সুযোগ রাখা হয়েছে।

বর্তমানে সনাতন পদ্ধতিতে নেওয়া ৮ লাখ ৪০ হাজার টিআইএনধারী ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে।