
২০০৮ সালে ফেনী-নোয়াখালী জাতীয় মহাসড়কের চৌমুহনী বাজার অংশ চার লেনে উন্নীত করার প্রকল্প নেওয়া হয়। ২২ মাস সময় ধরে প্রকল্প ব্যয় নির্ধারণ করা হয় ২৪ কোটি টাকা। কিন্তু নির্ধারিত সময়ে প্রকল্প শেষ করা যায়নি। সময় বাড়ে আরও ৩০ মাস; আর ব্যয় বাড়ে ১২ কোটি টাকা।
১২০ শতাংশ সময় বাড়ানোর পর ২০১৩ সালের ডিসেম্বর মাসে প্রকল্পটি শেষ হয়। কিন্তু প্রকল্পের সুফল পাওয়া যায়নি। যানজট নিরসন ও পথচারীর যাতায়াত নির্বিঘ্ন করতে এ প্রকল্প নেওয়া হয়। ফুটপাত চলে গেছে হকারদের দখলে আর পথচারীরা চলে সড়কের ওপর দিয়ে। এতে যানজট লেগেই থাকে। নিম্নমানের কাজের কারণে রাস্তার পাশে ড্রেনে ময়লা-আবর্জনা জমে থাকে, জলাবদ্ধতা সৃষ্টি হয়।
২০০৮ সালের এপ্রিল মাসে ৪ কোটি ৯৮ লাখ টাকায় ‘বাংলাদেশ-মিয়ানমার সরাসরি সংযোগ সড়ক নির্মাণের লক্ষ্যে সমীক্ষা ও নকশা’ শীর্ষক প্রকল্প নেওয়া হয়। তখন কথা ছিল, ছয় মাসের মধ্যে এ সমীক্ষা ও নকশার কাজ শেষ হবে। পরে আরও ২৭ মাস মেয়াদ বৃদ্ধি করে ২০১১ সালের ডিসেম্বর নির্ধারণ করা হয়। অর্থাৎ, ৪৫০ শতাংশ সময় বৃদ্ধি করা হয়। কিন্তু ওই ৩৩ মাসেও মিয়ানমারের কাছে এ প্রকল্পের সমীক্ষার অনুমতি না পাওয়ায় শেষ পর্যন্ত প্রকল্প সমাপ্ত হিসেবে ঘোষণা দেওয়া হয়। এমনকি এ প্রকল্পে কোনো পরিচালকও নিয়োগ দেওয়া হয়নি। এ প্রকল্পে আড়াই লাখ টাকা খরচ হয়েছিল।
টাঙ্গাইলের এলাসিন এলাকায় ধলেশ্বরী নদীর ওপর সেতু তৈরি করতে ২ বছরের পরিবর্তে আট বছর সময় লেগেছে। ২০০৫ সালের জুলাই মাসে শুরু হয়ে ২০০৭ সালের জুন মাসে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ৩০০ শতাংশ মেয়াদ বেড়ে ২০১৩ সালের জুন মাসে শেষ হয়। খরচ ৪৮ কোটি টাকা থেকে ৯৪ কোটি টাকায় উন্নীত হয়েছে। এ প্রকল্পটি বাস্তবায়ন করতে ২১ বার প্রকল্প পরিচালক পরিবর্তন করতে হয়েছে।
আবার প্রকল্পের কাজ বলতে গেলে শুরু না করেই তা সমাপ্ত ঘোষণা হয়েছে। গোপালগঞ্জ জেলার ১৬টি সড়ক উন্নয়ন প্রকল্পে ২১৪ কিলোমিটার সড়ক উন্নয়নের প্রকল্প নেওয়া হয়। কিন্তু এক কিলোমিটার সড়ক উন্নয়ন করেই প্রকল্পটি শেষ করে দেওয়া হয়েছে। মূলত স্থানীয় সরকার বিভাগ এবং সড়ক ও জনপথ বিভাগের জটিলতায় প্রকল্পটি আটকে যায়।
পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) এক পরিদর্শন প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। প্রতি অর্থবছরে প্রায় প্রতিটি মন্ত্রণালয়ের কিছু প্রকল্প শেষ হয়। পরে এসব প্রকল্প সরেজমিনে পরিদর্শন করে থাকেন আইএমইডির কর্মকর্তারা। এর ভিত্তিতে প্রকল্প সমাপ্ত প্রতিবেদন তৈরি করে আইএমইডি।
সম্প্রতি সড়ক বিভাগের ২০১২-১৩ অর্থবছরের ২৮টি সমাপ্ত প্রকল্পের ওপর পরিদর্শন প্রতিবেদন তৈরি করেছে আইএমইডি। সেখানে দেখা গেছে, এসব প্রকল্পের ২৪টির সময় বা মেয়াদ বেড়েছে। অর্থাৎ, কাজ শেষ করতে প্রায় ৮৬ শতাংশ প্রকল্পের মেয়াদ বাড়াতে হয়েছে। এসব প্রকল্পে মূল মেয়াদ থেকে কমপক্ষে ৩৩ শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ ৪৫০ শতাংশ সময় বৃদ্ধি করা হয়েছে। আর সবগুলো প্রকল্পেরই কম-বেশি ব্যয়ও বাড়াতে হয়েছে। ব্যয় ও সময় উভয়ই বেড়েছে সাতটি প্রকল্পের।
এ বিষয়ে জানতে চাইলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিক প্রথম আলোকে বলেন, প্রকল্প প্রস্তাবনা অনুযায়ী প্রতিবছর যে অর্থ বরাদ্দ থাকে, সেই অর্থ বরাদ্দ দিলে মেয়াদের মধ্যেই প্রকল্পগুলো শেষ হতো। কিন্তু সময়মতো অর্থ বরাদ্দ পাওয়া যায়নি বলেই মেয়াদ অনুযায়ী প্রকল্প শেষ করা যায়নি। তিনি আরও বলেন, ‘আমরা তো প্রকল্প শেষ হওয়ার তিন-চার মাসের মধ্যেই ওই প্রকল্প শেষ হওয়ার প্রতিবেদন আইএমইডিতে পাঠিয়ে দিই। কিন্তু আইএমইডি অনেক দিন পরে তা আবার সরেজমিন পরিদর্শন করে। এত দিন পর পরিদর্শন করলে তো কিছু দুর্বলতা চোখে পড়বেই।’
সড়ক বিভাগের প্রকল্প যথাসময়ে শেষ না হওয়ার পেছনে পাঁচটি কারণ চিহ্নিত করেছে আইএমইডি। এগুলো হলো—সমীক্ষা ছাড়া সময় ও ব্যয় নির্ধারণ না করা; ঘন ঘন বদলি ও পূর্ণকালীন প্রকল্প পরিচালক না থাকা; অর্থবছরভিত্তিক ছোট ছোট ঠিকাদার নিয়োগের প্রবণতা; ভূমি অধিগ্রহণে জটিলতা এবং প্রকল্প প্রস্তাবে কম সময় ও ব্যয় দেখিয়ে পাস করে পরে তা বৃদ্ধি করা।