রাজনৈতিক বিবেচনায় সরকারি খাতের ব্যাংকগুলোর শীর্ষ পদ পূরণ হচ্ছে। তারাই ব্যাংকিং নিয়ম ভেঙে যাচাই-বাছাই ছাড়া ঋণ দিচ্ছে। এসব ঋণই পরবর্তীকালে খেলাপি হয়ে পড়ছে। এসব খেলাপি ঋণ আদায়ও করতে পারছে না ব্যাংকগুলো।
গত মার্চ শেষে সরকারি খাতের ৮ ব্যাংকে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৪১ হাজার ৪২৩ কোটি টাকা। গত বছরের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত আদায় হয়েছে মাত্র ৩ হাজার ১৫২ কোটি টাকা। অর্থাৎ খেলাপি ঋণ থেকে আদায় হয়েছে মাত্র সাড়ে ৭ শতাংশ। জাতীয় সংসদে লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এসব তথ্য জানিয়েছেন।
সংসদ থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, মার্চ শেষে সোনালী ব্যাংকের খেলাপি ঋণ ১০ হাজার ৬২৯ কোটি টাকা। জুলাই-মার্চ এই নয় মাসে আদায় হয়েছে ৬৫৪ কোটি টাকা।
এ বিষয়ে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওবায়েদ উল্লাহ আল মাসুদ প্রথম আলোকে বলেন, ‘ঋণ আদায় আগের চেয়ে বেড়েছে। আমরা নগদ আদায় হলেই তা আদায় হিসাবে দেখাচ্ছি।’
তথ্যমতে, গত মার্চ শেষে জনতা ব্যাংকের খেলাপি ঋণ দাড়িয়েছে ৬ হাজার ৫১০ কোটি টাকা। ৯ মাসে আদায় মাত্র ২৫৪ কোটি টাকা।
এ বিষয়ে জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম বলেন, খেলাপি থেকে আদায় আগের বছরের চেয়ে কিছুটা কমেছে।
গত মার্চ শেষে অগ্রণী ব্যাংকের খেলাপি ৬ হাজার ৮৬ কোটি টাকা এবং ৯ মাসে আদায় ৪৮৩ কোটি টাকা। রূপালী ব্যাংকের খেলাপি ৪ হাজার ২৬৪ কোটি টাকা, ৯ মাসে আদায় ৩২৮ কোটি টাকা।
এ ছাড়া বেসিক ব্যাংকের খেলাপি ঋণ হয়েছে ৭ হাজার ৩৭৪ কোটি টাকা, ৯ মাসে আদায় ১৫০ কোটি টাকা। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের খেলাপি ৮৫৪ কোটি টাকা, ৯ মাসে আদায় ১৩০ কোটি টাকা। বাংলাদেশ কৃষি ব্যাংকের খেলাপি ৪ হাজার ৬৭৯ কোটি টাকা, আদায় ২২৩ কোটি টাকা। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের খেলাপি ১ হাজার ৫ কোটি টাকা, আদায় ২২৩ কোটি টাকা।
এদিকে সরকারি খাতের চার ব্যাংকে সোনালী, রূপালী, অগ্রণী ও জনতা ব্যাংকের শুধু ২০১৬ সালেই সাড়ে ১১ হাজার কোটি টাকার ঋণ খেলাপি হয়ে গেছে। এ সময়ে সবচেয়ে বেশি খেলাপি হয়েছে জনতা ব্যাংকের। খেলাপি ঋণ বাড়ার তালিকায় এরপরই রয়েছে অগ্রণী, সোনালী ও রূপালী। ব্যাংক চারটির নিরীক্ষিত বার্ষিক প্রতিবেদন বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে। ২০১৬ সাল শেষে ব্যাংক চারটির খেলাপি ঋণ বেড়ে হয়েছে ২৬ হাজার ৪৮৬ কোটি টাকা। লোকসান গুনছে ব্যাংক চারটির এমন শাখা বেড়ে হয়েছে ৪৪৬।
ব্যাংকগুলো বলছে, আগের পুনঃ তফসিল করে নিয়মিত করা ঋণগুলো আদায় করা যাচ্ছে না। বারবার এসব ঋণ বিশেষ সুবিধা দিয়ে নিয়মিত করা হয়, কিন্তু ঠিক রাখা যাচ্ছে না। নতুন করেও অনেকে খেলাপি হয়ে পড়ছে। এ ছাড়া ঋণখেলাপি, কিন্তু আদালতের আদেশ নিয়ে খেলাপি থেকে নিজেকে বিরত রেখেছেন এমন ঋণ কেন্দ্রীয় ব্যাংক খেলাপি হিসেবে দেখাতে বলেছে। ফলে সার্বিকভাবে ব্যাংকের খেলাপি ঋণ এত বেড়ে গেছে।
ঋণখেলাপি বাড়ায় মূলধন ঘাটতিতে পড়ছে ব্যাংকগুলো। এ কারণে গত তিন বছরে (২০১৪-১৬) সরকারি ব্যাংকগুলোতে প্রায় ৮ হাজার কোটি টাকার মূলধন জোগান দেওয়া হয়েছে।