'আমি অনবরত চিৎকার করছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালো বিনিয়োগ না হলে ভালো কর্মসংস্থান হবে না। কর্মসংস্থানের জন্য আগে দরকার হলো স্থানীয় বিনিয়োগ। স্থানীয় বিনিয়োগ ভালো হলে স্বাভাবিকভাবেই সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) আসবে।
তবে স্থানীয় ও বৈদেশিক বিনিয়োগের জন্য গ্যাস-বিদ্যুতের চেয়েও এখন বেশি দরকার সুশাসন, নিরাপত্তা ও নিশ্চয়তা।
ঢাকায় জাতীয় প্রেসক্লাবে গতকাল শনিবার অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি: নতুন চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনায় বক্তারা এসব কথা বলেন। তাঁদের সঙ্গে একমত পোষণ করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও। ইআরএফের সভাপতি সুলতান মাহমুদের সঞ্চালনায় এতে প্রারম্ভিক বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান।
পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর জানান, ভারতে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তুলনায় এফডিআই ৩ দশমিক ৫০ শতাংশ, বাংলাদেশে তা ১ শতাংশের নিচে।
এত কম এফডিআই নিয়ে সংসদ অধিবেশনগুলোতে একজন সাংসদও কথা বলেন না বলে বিস্ময় প্রকাশ করেন অামেরিকান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশের (অ্যামচেম) সভাপতি আফতাব-উল ইসলাম। তিনি বলেন, স্থানীয় বিনিয়োগ কম হলে এফডিআই কম হতে বাধ্য।
এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘ঠিকই বলছেন। মনে হয় যেন এফডিআইকে এখানে স্বাগত জানানো হয় না। এ বিষয়ে আমি অনবরত চিৎকার করছি। আমিও চাই আলোচনাটা অন্য মহল থেকে আসুক। সংসদ থেকেও ওঠা উচিত।’
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক বিনায়ক সেন বলেন, দরিদ্র পরিবারের অনেক শিক্ষার্থী মাদ্রাসায় পড়ছে। তাদের কারিগরি শিক্ষায় যুক্ত করা যেতে পারে। এনজিও এবং ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোকে অবহেলা না করার পরামর্শ দিয়ে বিনায়ক বলেন, অর্থনীতিকে শক্তিশালী করতে এখন দরকার বিকেন্দ্রীভূত বাজেট।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ‘সেবা খাতে শ্রম রপ্তানিতে ২৪টি উন্নত দেশে বিশাল সম্ভাবনা তৈরি হচ্ছে। তারা বিভিন্ন খাতে দক্ষ লোক নেবে। সে জন্য আমাদের উচিত হবে অষ্টম শ্রেণির পরই কারিগরি শিক্ষার দিকে নজর দেওয়া। এ জন্যও এফডিআই দরকার।’
গুণগত মানের কর্মসংস্থান প্রসঙ্গে আহসান মনসুর বলেন, ‘নতুন রিকশাওয়ালা ও কৃষিশ্রমিক আমরা চাই না। বছরে যে ১৮-২০ লাখ লোক শ্রমবাজারে আসছে, তাদের আনুষ্ঠানিক খাতে নিয়ে আসা জরুরি। অবশ্যই তা হতে হবে ব্যক্তি খাতের মাধ্যমে।’
রিকন্ডিশনড গাড়ি আমদানিকারক সমিতি বারভিডার সভাপতি এম এ হামিদ শরীফ বলেন, জাপান কয়েক বছর পরপর শিল্প স্থাপনের নতুন দেশ খোঁজে। দক্ষিণ কোরিয়া থেকে সরে এসে তারা এখন চীনে রয়েছে। কিন্তু চীন থেকেও সরতে চায় দেশটি। এই অবস্থায় ঢাকার মোটামুটি কাছাকাছি ৪৫০ বিঘার একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল দিয়ে বাংলাদেশ জাপানের আস্থা অর্জন করতে পারলে এফডিআইয়ের বিপুল সুযোগ তৈরি হবে বলে মনে করেন হামিদ শরীফ।
সময়ের অভাবের কথা জানিয়ে সব বিষয়ে জবাব দেননি অর্থমন্ত্রী। তবে অনিশ্চয়তার বিষয়ে তিনি বলেন, ‘এটি মোকাবিলা করার যথেষ্ট শক্তি আমরা অর্জন করেছি। গত জানুয়ারিতেই তা প্রমাণ হয়েছে।’
পোশাক খাত সবচেয়ে কম কর দেয় উল্লেখ করে মুহিত বলেন, ‘এটি সবচেয়ে সুবিধাপ্রাপ্ত খাত। এই খাতটিকে আমরা এত আদর করি শুধু কর্মসংস্থানের সুযোগ তৈরি করে বলে।’