'আর্থিক বাজারের নিয়ন্ত্রণহীনতার পরিণতি ভয়াবহ হতে বাধ্য'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অমিয় কুমার বাগচী ভারতীয় বামপন্থী অর্থনীতিবিদ। ব্যাংক ও আর্থিক খাত এবং শিল্পায়নের ইতিহাস নিয়ে নিবিড়ভাবে কাজ করেছেন। বর্তমানে পশ্চিমবঙ্গের কলকাতাভিত্তিক ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের ইমেরিটাস অধ্যাপক। সম্প্রতি ঢাকায় এসেছিলেন। তখন আলাদাভাবে কিছু সময় দিয়েছিলেন প্রথম আলোকে। সেই আলাপচারিতার ভিত্তিতে লিখেছেন আসজাদুল কিবরিয়া ও আশরাফুল ইসলাম

অমিয় কুমার বাগচী
অমিয় কুমার বাগচী

‘টাকায় টাকা তোলে—এটাই হলো আর্থিক বাজারের নিয়ন্ত্রণহীনতার চালিকা।’ এককথায় এভাবেই ফিন্যান্সিয়াল লিবালাইজেশন বা ডিরেগুলেশনের বিষয়টি তুলে ধরলেন বিশিষ্ট ভারতীয় অর্থনীতিবিদ অমিয় কুমার বাগচী। তাঁর মতে, সমকালীন পুঁজিবাদের অন্যতম মুখ্য বৈশিষ্ট্যও হলো এই আর্থিক খাতের উদারীকরণ, যাকে নিয়ন্ত্রণহীনতাও বলা যায়। একটা সময় পুঁজিবাদী দেশগুলোয় ব্যাংকের সঙ্গে পুঁজিবাজারের একটা দূরত্ব বজায় রাখা হতো। তবে ’৭০-এর দশক থেকে উদারীকরণের চাপে এই দূরত্ব ঘুচিয়ে ফেলা হতে থাকে। একপর্যায়ে ব্যাংক আর ব্যক্তি-প্রতিষ্ঠানকে ঋণ দেওয়ার মধ্যেই সীমিত রইল না, বরং নানা ধরনের ঋণপত্র কেনাবেচায় যুক্ত হলো, বিনিয়োগ ও ব্যবসা শুরু করল পুঁজিবাজারে। এভাবে তুলে নেওয়া হলো নিয়ন্ত্রণ।
বাগচী বলেন, এর ফলে একদিকে সরকার আর্থিক খাতের মহাজনদের ট্যাক্স থেকে প্রায় পুরো ছাড় দিয়ে দিয়েছে। তার পরও তারা নানা ধরনের আইনি ফাঁকফোকর দিয়ে এবং বেআইনি কাজ করে টাকা সংগ্রহ করেছে। এবং ওই টাকা দিয়ে তারা আরও সম্পদ সংগ্রহ করেছে। এভাবে সম্পদের পাহাড় জমেছে। ২০০৮ সালে আমেরিকায় যে আর্থিক সংকট দেখা দিল, তা তো এই আর্থিক খাতের নিয়ন্ত্রণহীনতারই প্রকাশ।
বাগচীর মতে, জার্মানির ও তাইওয়ানের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশের যে সাফল্য, তা থেকে এটাই তো বলা যায় যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে অর্থনীতির প্রকৃত খাতে সেবা জোগান দিতে হবে। অর্থাৎ কৃষিতে ও শিল্পে। সেটা না করে যদি নিয়ন্ত্রণহীন আর্থিকবাজারে তাদের প্রবেশের সুযোগ করে দেওয়া হয়, খেলার সুযোগ করে দেওয়া হয়, তাহলে পরিণতি ভয়াবহ হতে বাধ্য। কেননা, আর্থিক খাত ক্রমেই টাকা শুষে নেয় এই খাতের মহাজনদের আরও ধনী বানাতে আর গোটা অর্থনৈতিক ব্যবস্থাকে অস্থিতিশীল করে তোলে। তাই ২০০৮ সালে আমেরিকা ও তারপর যুক্তরাজ্যসহ ইউরোপে যে আর্থিক খাত নির্ভর অর্থনীতিতে বিপর্যয় দেখা দিয়েছিল, তা কোনো দুর্ঘটনা ছিল না, ছিল অনিবার্য। কিংবা তার আগে আর্জেন্টিনা, মেক্সিকো ও তুরস্কেও একই কারণে এই সংকট দেখা দিয়েছিল।
ব্যাংক খাতে রিলেশনশিপ ব্যাংকিং বলে যে প্রথা চর্চিত হচ্ছে, তারও ঘোর বিরোধী অমিয় বাগচী। তিনি মনে করেন, এই ধরনের ব্যাংকিংও অস্থিতিশীল হয়ে পড়ে, যখন নিয়ন্ত্রণহীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে নির্বিচারে অর্থায়নের এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে পুঁজিবাজারে প্রবেশের সুযোগ দেওয়া হয়।
উল্লেখ্য, মোটাদাগে রিলেশনশিপ ব্যাংকিং হলো মুনাফা বৃদ্ধির একটি কৌশল। এতে বিভিন্ন ধরনের আর্থিক পণ্য ও সেবা বিক্রি করে গ্রাহকের সঙ্গে সম্পর্ক জোরদার করা হয় এবং ব্যাংকের প্রতি তাদের আস্থা বাড়ানো হয়। সম্পর্ক জোরদারের জন্য কিছু পণ্যসেবায় বাড়তি সুবিধা দেওয়া হয়, দেওয়া হয় বিশেষ সেবা, দেওয়া হয় একটির বদলে আরেকটি সুবিধা।
অমিয় বাগচী বলেন, নয়া ক্লাসিক্যাল অর্থনীতিবিদেরা চারটি বিভ্রান্তিকর ধারণার সপক্ষে অবস্থান নিয়ে কথা বলে আসছেন। প্রথমত, প্রতিষ্ঠা শেয়ারধারীরাই একমাত্র অংশীদার, কর্মচারী বা জোগানদারেরা কেউ নন। দ্বিতীয়ত, একটি নির্দিষ্ট সময়ে পুঁজিবাজারে প্রতিষ্ঠানের মৌলিক দাম প্রকাশিত হয়। তৃতীয়ত, পুঁজিবাজার দক্ষভাবে কাজ করে মানে এখানে কেউ ব্যবসা করে মুনাফা করতে পারবে না। চতুর্থত, বাজারে যে মৌল ভিত্তিগুলো প্রকাশিত হয়, তা থেকে বিভিন্ন ডেরাইভেটিভসের দর সম্পর্কে ধারণা করা যায়।
আলাপচারিতায় ভারতের রাজনৈতিক-অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন অমিয় বাগচী। তিনি বলেন, ভারতে এখন যে হিন্দুত্ববাদী সরকার এসেছে, তারা শুধু হিন্দুত্ববাদীই নয়, তারা সত্যিকারের শিক্ষায় বিশ্বাস করে না। তারা রাষ্ট্রীয় সেবক সংঘ ও বজরং দলের লোকজনদের দিয়ে একটা গুন্ডা-ক্যাডার তৈরি করেছে। পাশাপাশি ভারতবর্ষে একটি করপোরেট সামন্ততন্ত্র প্রতিষ্ঠার জন্য নব্য উদারনীতি একবোরে মনপ্রাণ দিয়ে আঁকড়ে ধরেছে।
এ প্রসঙ্গে দুই ভাই মুকেশ আম্বানি ও অনিল আম্বানির কথা উল্লেখ করে বাগচী বলেন, তাঁরা এখন ভারতের সবচেয়ে ধনী এবং দুনিয়ার সবচেয়ে ধনীদের তালিকায় ওপরের দিকেই রয়েছেন। তাঁদের সম্পদের পরিমাণ তিন হাজার কোটি ডলার। এবং ভবিষ্যতে তাঁদের সম্পদ ও কর্তৃত্ব আরও দৃঢ়ভাবে প্রথিত হবে। কেননা, মুকেশ আম্বানি ইলেকট্রনিক মিডিয়া কিনে নিয়েছেন। সেটি হলো নেটওয়ার্ক ১৮ মিডিয়া অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং এর সহযোগী প্রতিষ্ঠান টিভি১৮।
অন্যদিকে, পশ্চিমবঙ্গের পরিস্থিতিতেও চিন্তিত বাগচী। তিনি বলেন, পশ্চিমবঙ্গে যে সরকার এসেছে, তারা নিজেদের ধর্মনিরপেক্ষ বলে দাবি করলেও বাস্তবে ধর্মীয় গুন্ডাদের মদদ দিচ্ছে। গুন্ডা দিয়ে বিপরীত ধারার লোকদের ওপর অত্যাচার চালানো হচচ্ছ। কিন্তু গুন্ডার কোনো ধর্ম নেই। তাই এরা পশ্চিমবঙ্গে বসেই বাংলাদেশের প্রধানমন্ত্রীকে হত্যার ছক কষেছে। এটা যে কত বড় অপরাধ, তা বলে বোঝানো যাবে না।
এই পরিস্থিতি মোকাবিলার উপায় কী? বাগচীর মতে, এখন এদের বিরুদ্ধে লড়তে গেলে প্রচণ্ড সাহস দরকার। ভারতের গ্রামে এখনো বিহার, উত্তর প্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ এসব জায়গায় জমিদারিতন্ত্র অবলুপ্ত হয়নি। এবং সেই জমিদারিতন্ত্র নানাভাবে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারকে বহুদনি ধরে কেড়ে নিয়েছে। অথচ সাধারণ মানুষ গণতন্ত্রে বিশ্বাস করে।
বাগচীর ভাষায়, ‘এটাই হলো আশ্চর্যের কথা। এবং আমিও মনে করি, সংগ্রাম ছাড়া এর থেকে বের হওয়ার রাস্তা নেই।’ তবে কাজটা খুব কঠিনও বটে। কেননা, গণতান্ত্রিক ব্যবস্থায় সংগ্রাম করতে গিয়ে অনেক আদর্শবাদী ছেলেমেয়ে শেষ পর্যন্ত মাফিয়া চক্রে জড়িয়ে পড়ে। আর সশস্ত্র রাষ্ট্র মোকাবিলার ক্ষমতা তাদের নেই। বাগচী বলেন, ‘চীনে যে ধরনের ব্যবস্থায় সশস্ত্র সংগ্রাম হয়েছে, সেখানে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা ছিল না। মাওয়ের নিজের লেখাতেও আছে যে কেন সেখানে একটি মুক্তাঞ্চল তৈরি করা সম্ভব হয়েছিল। ভারতবর্ষের তার কোনো সুযোগ নেই। দার্শনিক অমিতা চ্যাটার্জি ও আমি একটি বই সম্পাদনা করেছি, যার নাম মার্ক্সিজম: উইথ অ্যান্ড বিয়ন্ড মার্ক্স। তাতে আদর্শবাদী ছেলেমেয়েরা কীভাবে মাফিয়ার অংশ হয়ে গেল, তার ব্যাখ্যা আছে। নেপালের মাওবাদীদের সঙ্গে এখানেই তফাত। নেপালে রাজতন্ত্র ছিল। তাকে হটানোর সহজ উপায় ছিল না। সুতরাং সামনের দিকে যেতে হলে বারবার চেষ্টা করে গণতান্ত্রিক লড়াই চালিয়ে যেতে হবে। জমির ওপর সাধারণ চাষির ও শিল্পের ওপর সাধারণ শ্রমিকের অধিকার এবং সব মানুষকে সামাজিক সুরক্ষা দিতে হবে।’