'ই-কমার্স আমাদের ভবিষ্যৎ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের আবদুল্লাহ ফারুক হলে গতকাল ‘ই–ব্যাংকিং ও ই-কমার্স’ শীর্ষক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে অতিথিরা l প্রথম আলো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের আবদুল্লাহ ফারুক হলে গতকাল ‘ই–ব্যাংকিং ও ই-কমার্স’ শীর্ষক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে অতিথিরা l প্রথম আলো

ই-কমার্স আমাদের ভবিষ্যৎ এবং ই-কমার্সের আগে দরকার ই-ব্যাংকিং। কিন্তু এ বিষয়ে কোনো বই ছিল না দেশে। ই-ব্যাংকিং অ্যান্ড ই-কমার্স বইটি সেই অভাব পূরণ করেছে। এটিই এ বিষয়ে বাংলাদেশে একমাত্র পূর্ণাঙ্গ বই। বইটি কলেজ-বিশ্ববিদ্যালয় পর্যায়ে পাঠ্য হওয়ার যোগ্য।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডিন এবং ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম রচিত বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেছেন।
গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের আবদুল্লাহ ফারুক সম্মেলনকক্ষে প্রধান অতিথি হিসেবে বইটির মোড়ক উন্মোচন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান এতে বিশেষ অতিথি ছিলেন।
আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, সময় বাঁচাতে ই-ব্যাংকিং ও ই-কর্মাসের বিকল্প নেই। এই বইয়ে ই-ব্যাংকিং ও ই-কমার্স নিয়ে বিশদ কিছু বলা আছে এবং এটি নিশ্চিতভাবেই শিক্ষার্থীদের সহায়তা করবে।
সাবেক গভর্নর আতিউর রহমান বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ব্যাংক খাতের আধুনিকায়ন ও স্বয়ংক্রিয়তা দরকার। ই-ব্যাংকিং আমাদের জন্য ব্যাংকিং সেবায় নতুন উপযোগিতা আনলেও এই ফাঁকে নতুন নতুন চ্যালেঞ্জও এসেছে বলে মনে করেন তিনি।
লিখিত বক্তব্য পাঠ করার আগমুহূর্তে আতিউর বলেন, ‘কথা বলে আমি ঝুঁকি নিতে চাই না। তাই যা বলার লিখে এনেছি। দীর্ঘদিন পর প্রকাশ্যে কথা বলছি। সব ঠিকঠাক থাকলে আর দুই দিন পর (৩ আগস্ট) সবার সঙ্গে কথা বলে বাংলাদেশ ব্যাংক থেকে বিদায় নিতাম, তবে তা তো আর হয়নি।’
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী বলেন, ‘ই-ব্যাংকিং ও ই-কমার্স আমাদের ভবিষ্যৎ। তাই এ বিষয়ে প্রত্যেকের ধারণা থাকা উচিত। আমার মতে, এ বইটি পড়ে প্রত্যেকের উচিত বিষয়টি সম্পর্কে জানা। এটি পাঠ্য হওয়ার যোগ্য।’ মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আনিস উদ দৌলা বলেন, ‘ই-কমার্স আমাদের ভবিষ্যৎ। বইটি যত দূর পড়েছি, বিশ্ববিদ্যালয় পর্যায়ে তা পড়ানোর যোগ্য।’
অনুষ্ঠানে আতিউর রহমানের প্রশংসা করেন সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সহিদ হোসেন। তিনি বলেন, ‘আতিউর রহমানের অবদান এক কথায় বলে শেষ করা যাবে না, হাজার হাজার কথা বলতে হবে। তাঁর অভাব পদে পদে অনুভব করছি।’
র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, ‘বাংলাদেশের মতো জনবহুল একটি দেশের জন্য ই-ব্যাংকিং ও ই-কমার্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করি আগামী দিনে ই-ব্যাংকিং ও ই-কমার্স ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতে বইটি ভূমিকা রাখবে।’
নিজের বই সম্পর্কে শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগের শিক্ষার্থীদের পড়াতে গিয়ে তিনি উপলব্ধি করছিলেন, ই-ব্যাংকিং ও ই-কমার্স নিয়ে এককভাবে ভালো মানের কোনো বই নেই দেশে। এই শূন্যতাই তাঁকে বইটি লিখতে উদ্বুদ্ধ করেছে।
আট বছর চেষ্টা করে লেখা এ বই শিক্ষার্থীদের পাঠ্য হবে বলে লেখক নিজেও আশাবাদী। বইয়ের প্রকাশক ‘ঢাকা প্রকাশ’।