'ওয়ার ক্যাবিনেট' গঠন করা যেতে পারে
>পুরো বিশ্বই এখন করোনাযুদ্ধে লিপ্ত। মানুষের প্রাণ বাঁচাতে হিমশিম খাওয়া রাষ্ট্রগুলোর সামনে আরও আছে বিপর্যস্ত অর্থনীতি। বাংলাদেশও এর বাইরে নয়। করোনায় তছনছ হয়ে যাওয়া অর্থনীতি ফিরবে তো আগের অবস্থায়? কর্মহীন বিপুল মানুষের কর্মসংস্থান হবে তো? স্বাস্থ্য, শিক্ষাসহ মানুষের মৌলিক চাহিদাগুলো নিশ্চিতে কোনো উন্নতি হবে কি? প্রশ্নগুলো এখন ঘুরপাক খাচ্ছে জনমনে। যদিও অর্থনীতি পুনরুদ্ধারে এরই মধ্যে লাখ কোটি টাকার প্রণোদনা ঘোষণা করা হয়েছে। তবু দেশজুড়ে ক্ষুধার্ত ও কর্মহীন মানুষের সংখ্যা বাড়ছে। করোনা-পরবর্তী অর্থনীতি, রাজনীতি, রাষ্ট্রব্যবস্থা ও সামাজিক খাতে কী ধরনের পরিবর্তন আসতে পারে, তা নিয়েই এই আয়োজন।

করোনাভাইরাস একটি মহাবিপদ। এই দুঃসময়ে আমরা পরিষ্কারভাবে বুঝেছি, স্বাস্থ্য মন্ত্রণালয় ও তার অধীন সংস্থাগুলো জাতিকে দক্ষভাবে সেবা দিতে পারেনি। এ খাতে বড় পরিবর্তন দরকার। জিডিপির অন্তত ৩ শতাংশ স্বাস্থ্য ও সাড়ে ৩ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দের পাশাপাশি দক্ষতার সঙ্গে তা ব্যবহার করতে হবে। করোনা পরিস্থিতি আসলেই একটি যুদ্ধাবস্থা। মাননীয় প্রধানমন্ত্রী দক্ষতার সঙ্গে সামনে থেকে মোকাবিলা করছেন। আমি সুপারিশ করছি, সচরাচর যুদ্ধকালে যেমন করা হয়, তেমনভাবে একটি মন্ত্রিসভা সাবকমিটি গঠন (ওয়ার ক্যাবিনেট) করার। অথবা উচ্চ ক্ষমতাসম্পন্ন পরামর্শকমণ্ডলী গঠনের।
এবার মধ্যস্বত্বভোগীদের কারসাজি বাদ দিয়ে ধান সংগ্রহ করতে হবে, যাতে কৃষকেরা ন্যায্যমূল্য পান। সুখের কথা, সরকারের প্রস্তুতি কাজে দিয়েছে, বাম্পার বোরো ধান প্রায় কাটা হয়ে গেছে। এখন আউশ ধানের প্রস্তুতির সময়। সারের জন্য এবং বীজ ও চারার জন্য যে ভর্তুকি আছে, তার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। এবার যেন শস্যবিমা অবশ্যই বাস্তবায়ন করা হয়। বৃহৎ, শিল্প ও সেবা খাতের জন্য ভর্তুকি সুদে যে ৩০ হাজার কোটি টাকা ঋণ দেওয়ার ঘোষণা রয়েছে, তার সুবিধা আত্মস্বীকৃত খেলাপি অর্থাৎ যাঁরা ২ শতাংশ জমা দিয়ে ঋণ নিয়মিত করেছেন, তাঁদের দেওয়া যাবে না। যাঁরা কখনো ঋণ পুনঃ তফসিল করেননি, তাঁদের অগ্রাধিকার দিতে হবে। কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পেরর (এমএসএমই) জন্য ২০ হাজার কোটি টাকা ঋণের ঘোষণাটি অত্যন্ত সময়োপযোগী। এর পুরোটাই যেন বাংলাদেশ ব্যাংক ঘোষিত পুনঃ অর্থায়ন থেকে আসে। এ উপখাতে ফলমূল, সবজি ও ডিমকে অন্তর্ভুক্ত করতে হবে। মীনা বাজার, আগোরা, স্বপ্নের মতো বড় করপোরেট বিক্রেতা প্রতিষ্ঠানকে সুবিধা দিয়ে এসব পচনশীল পণ্য কিনে ই–কমার্সের মাধ্যমে বাজারজাত করাতে হবে। পাশাপাশি সেনাবাহিনী ও পুলিশ বাহিনী যদি দুধ কিনে ঘি ও পনির বানাতে পারে, জাতি খুব উপকৃত হবে। এই প্যাকেজ বাস্তবায়নে এসএমই ফাউন্ডেশন বা পিকেএসএফকে লিড এজেন্ট নিয়োগ দেওয়া যেতে পারে। করোনার কারণে বেকারত্ব ও দারিদ্র্য অনেক বাড়বে। সে জন্য এমএসএমই খাতকে যথাযথ গুরুত্ব দিলে তা কৃষিকে ছাপিয়ে অর্থনীতির মেরুদণ্ড হয়ে উঠবে। ব্যাংক খাতে নগদ জমার হার (সিআরআর) যেভাবে কমানো হলো, এটা একেবারে ঠিক হয়নি। ঋণ আমানত অনুপাত বাড়ানো হয়েছে, এটা যেন আর বাড়ানো না হয়। উন্নয়ন–সহযোগীদের থেকে আপত্কালীন বেশি বেশি সহায়তা চাইতে হবে। সিআরআর এবং ব্যাংকের নিজস্ব রিজার্ভ মানি প্রয়োজনে খরচ করে প্রণোদনা প্যাকেজগুলো বাস্তবায়ন করতে হবে। এরপরও মুদ্রা সংকুলান না হলে খুব সচেতনভাবে টাকা ছাপানো যাবে। এখন সম্প্রসারণশীল মুদ্রানীতি ছাড়া কোনো গতি নেই। চলতি ২০১৯-২০ অর্থবছর আগামী ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হোক। আমার প্রস্তাব, ২০২১ সালের জানুয়ারি থেকে পরের অর্থবছর শুরু করা হোক। পদ্মা সেতুসহ অগ্রাধিকারমূলক বড় প্রকল্প ছাড়া বাকি সব প্রকল্প পুনর্বিন্যাস করে স্থগিত বা বাতিল করা হোক। আর বাজেট যদি করতেই হয়, তাহলে কর কাঠামো পরিবর্তন করা হোক। বর্তমানে নির্দিষ্ট আয়কর মওকুফের স্তর ঠিক থাকবে। পরবতী সাড়ে ৭ লাখ টাকার করযোগ্য আয়ের ওপর ৫ শতাংশ আয়কর ধার্য করা যেতে পারে। পরবর্তী ১০ লাখ টাকা আয়ে ১০ শতাংশ ও তার পরবর্তী ২০ লাখ টাকা আয়ে ১৫ শতাংশ আয়কর ধার্য করা হোক। এর ওপরে যত আয় ঘোষণা করা হবে, তার ওপর ২০ শতাংশ আয়কর ধার্য করা হোক। শুধু এই বাজেটের জন্য অপ্রদর্শিত আয় ও কালোটাকা অর্থনীতির মূল ধারায় আনা যেতে পারে। এই আয়ের উৎস সম্পর্কে ভবিষ্যতেও প্রশ্ন তোলা যাবে না, এটা গেজেট দিয়ে বলতে হবে। তবে ২০২১ সালের ৩০ জুনের পর কারও কাছে কালোটাকা পাওয়া গেলে সরকার তা বাজেয়াপ্ত করবে। এ বিষয়ে কোনো আপত্তি আদালতেও গ্রাহ্য হবে না। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, শেখ হাসিনার নেতৃত্বেই চলতি বছরে অর্থনীতি ঘুরে দাঁড়াবে এবং আমার হিসাবে অন্তত সাড়ে ৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হবে।
মোহাম্মদ ফরাসউদ্দিন :সাবেক গভর্নর, বাংলাদেশ ব্যাংক; প্রতিষ্ঠাতা উপাচার্য, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়