
দেশের চলমান রাজনৈতিক-অর্থনৈতিক পরিস্থিতিতে দিন দিন সাধারণ মানুষ, ব্যবসায়ী নির্বিশেষে সবার মধ্যে উদ্বেগ–উৎকণ্ঠা বাড়ছে। এ বিষয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) সভাপতি আফতাব-উল ইসলাম
প্রথম আলো: টানা অবরোধ ও মাঝে মাঝে হরতাল চলছে। ব্যবসা-বাণিজ্য শিল্পের কী অবস্থা হবে?
আফতাব-উল ইসলাম: অফিসে আসার সময় দেখলাম বিভিন্ন মহল্লায় একটি দলের কর্মীরা বসে আসেন। রাস্তায় পুলিশ, আর্মড ফোর্স, বিডিআর রয়েছে। অন্যদিকে বাসে, গাড়িতে আগুন দেওয়া চলছে। অর্থমন্ত্রী নিজেই বলছেন, ভয়ংকর পরিস্থিতির মধ্যে আছি। তখন দেশের ব্যবসা-বাণিজ্য কী আর হতে পারে, বলেন?
এক মন্ত্রী বলছেন, সহিংসতাকারীদের দেখামাত্র গুলি করা উচিত, আবার বোমাবাজদের তথ্য দিলে লাখ টাকা পুরস্কার ঘোষণা হচ্ছে। আর ঘরের মধ্যে বোমা তৈরি হচ্ছে। বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হচ্ছে। প্রতিদিন মানুষ পুড়ছে। এত একটা গৃহযুদ্ধকালীন পরিস্থিতি! এর মধ্যে কিসের ব্যবসা-বাণিজ্য হবে? এভাবে চললে ব্যবসা-বাণিজ্য সব বন্ধ হয়ে যাবে। আপনি আমাকে প্রশ্ন করছেন তাই উত্তর দিচ্ছি, এমনটা নয়; আমার ভেতর থেকে এ কথাগুলো আসছে। প্রাণের তাগিদে এগুলো বলতে হচ্ছে। একজন বলছেন, ২০১৯ সালে সংলাপ, আর বিরোধী দল জেদ ধরেছে। এটা কীভাবে হবে? আমরা মুক্তি চাই। এ থেকে যেকোনো মূল্যে বের হতে চাই। আমাদের ঘরে ঘরে কেন বোমা তৈরি হচ্ছে? এখন তো দরকার ঘরে ঘরে অর্থনৈতিক দুর্গ গড়ে তোলা।
প্রথম আলো: ২০১৩ সালের শেষেও সহিংসতা হয়েছিল। তাতে অর্থনীতির যে ক্ষতি হয়েছিল, তা কি পোষানো গেছে?
আফতাব-উল ইসলাম: ২০১৩ সালের অবরোধের ক্ষতি আমরা এক বছরে মোটামুটি অনেকটা পুষিয়ে নিয়েছিলাম। ব্যবসায় প্রবৃদ্ধি আসছিল। গ্যাস-বিদ্যুতের যে চাহিদা, তার কাছাকাছি এখন উৎপাদন হচ্ছে। বড় শিল্প-ব্যবসাপ্রতিষ্ঠান এখন নিজেরাই নিজেদের চাহিদামতো বিদ্যুৎ উৎপাদন করছে। দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি (জিডিপি) ৬ দশমিক ২ শতাংশ। সরকার বা বিরোধী দল প্রতিবন্ধকতা হয়ে না এলে বেসরকারি খাতই এই প্রবৃদ্ধি নির্দ্বিধায় ৮ শতাংশ করতে পারে। বেসরকারি খাত এখন ৭৫ শতাংশ কর্মসংস্থান সৃষ্টি করেছে। ৬৭ শতাংশ মূল্য সংযোজন করছে এই বেসরকারি খাত। রপ্তানিতে বেসরকারি খাতের অংশ ৯৯ শতাংশ, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে (এসএমই) খাতে ৮৮ শতাংশ। জিডিপিতে বেসরকারি খাতের বিনিয়োগ ২৩ শতাংশ।
বেসরকারি খাতের অবদান অস্বীকার করার কোনো সুযোগ নেই। অনেকে বলেন, বেসরকারি খাত চাইলে কিসের সরকারি দল আর বিরোধী দল, তোমরা তাদের বাধ্য করতে পারো।
প্রথম আলো: নতুন করে যে সংকট তৈরি হলো, তাতে যে ব্যবসা-বাণিজ্যের ক্ষতি হলো, ব্যবসায়ীরা সেটা মেটাবেন কীভাবে?
আফতাব-উল ইসলাম: আমি জানি না কীভাবে বের হব? তবে আমি বুঝি মানুষকে মাঠে নেমে পড়তে হবে। ’৯০-এ এরশাদের পতনের পর যেমন গণজাগরণ হয়েছিল, মানুষ মাঠে নেমে পড়েছিল, এখন দেশের স্বার্থে সবাইকে মাঠে নামতে হবে। সরকার বা বিরোধী দলের বিরুদ্ধে নয়, এসব হঠকারী রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে। এভাবে চলতে পারে না। আজ যাঁরা সরকারে আছেন, তাঁরা থাকতে চান। যাঁরা বিরোধী দলে আছেন, তাঁরা ক্ষমতায় যেতে চান। কিন্তু এ ধরনের অর্থনীতি ধ্বংসের কাজ থেকে বের হয়ে আসতে হবে। মানুষই তাঁদের বাধ্য করবে। আমরা আতঙ্কিত। সাধারণ মানুষ আতঙ্কিত। অথচ সম্ভাবনার এক দেশ, বাংলাদেশ। এখানে ছয় মাস বরফের তলে থাকতে হয় না, মরুভূমির মতো প্রচণ্ড তাপের মধ্যে থাকতে হয় না। মানুষ রাস্তাঘাট, স্টেশনে ঘুমিয়ে থাকতে পারে।
প্রথম আলো: বিদেশিরা কী বলছেন? বিদেশি বিনিয়োগের কী হবে?
আফতাব-উল ইসলাম: অর্থমন্ত্রী যখন স্বয়ং বলেন ভয়ংকর পরিস্থিতিতে আছি, তখন কিসের বিদেশি বিনিয়োগ। বিদেশে আমাদের ভাবমূর্তি কোথায় গিয়ে ঠেকেছে। তাঁরাও বলতে বলতে বলা ছেড়ে দিয়েছেন। অনেক বিদেশি এখন এখান থেকে বের হয়ে যাওয়ার পথ খুঁজছেন। রানা প্লাজার ঘটনার পর বিদেশিরা বের হওয়ার পথ খুঁজতে চেষ্টা করেছিলেন। আমরা তাঁদের বুঝিয়েছি। আমরা সরকারের আগে আমেরিকায় গিয়ে তাঁদের বলেছি, সমস্যা আছে, আমরা তা থেকে উত্তরণের পথে আগাব। কিন্তু এখন তাঁরা এখান থেকে বের হয়ে যেতে চান।
প্রথম আলো: উত্তরণের পথ কী হতে পারে বলে মনে করেন?
আফতাব-উল ইসলাম: রাজনীতির ওপর থেকে মানুষের আস্থা চলে গেছে। গণতন্ত্রের কোনো অর্থ নেই মানুষের কাছে। মানুষ চায় শান্তি, স্বস্তি। তাই মানুষকে গণজাগরণের জন্য মাঠে নামতে হবে। আর কোনো পথ আমার জানা নেই।
প্রথম আলো: ব্যবসায়ীদের দিক থেকে কোনো উদ্যোগ নিয়ে এটার সমাধানে এগিয়ে আসার কোনো সম্ভাবনা দেখেন কি না?
আফতাব-উল ইসলাম: কে উদ্যোগ নেবে? শীর্ষ ফেডারেশন বা অ্যাপেক্স বডি হিসেবে এফবিসিসিআইকে এগিয়ে আসতে হতো। কিন্তু সেটা তো সম্ভব নয়। সবাই তো বিভিন্ন দলের লোক। এফবিসিসিআইয়ের সভাপতি মানুষ ভালো। তবে এর বাইরেও বিজ্ঞ লোক আছেন। তাঁরা তো নির্বাচিত হতে পারবেন না। এফবিসিসিআই নির্বাচনে সরকারের ছাড়পত্র ছাড়া কেউ নির্বাচিত হন না। কোনো চেম্বার নির্বাচনেও সরকারের ছাড়পত্র লাগে। তাহলে কীভাবে এফবিসিসিআই এর সমাধানের জন্য ব্যবস্থা নেবে। এটা আমি আজকের জন্য বলছি না, সব সরকারের আমলেই এ অবস্থা ছিল।
প্রথম আলো: তাহলে ব্যবসায়ীরা, বেসরকারি খাত কেন উদ্যোগী হতে পারছে না?
আফতাব-উল ইসলাম: বেসরকারি খাতের কোনো সুযোগ আমি দেখি না। সরকারের বিরুদ্ধে কথা বললে হয়তো তার গ্যাসলাইন, বিদ্যুৎ-সংযোগ কেটে দেওয়া হবে। হয়তো একটা ভৌতিক বিল এসে যাবে। তার ট্যাক্স ফাইল ধরে সরকার টান দেবে। বিরোধী দলের বিরুদ্ধে গেলে বিরোধী দল ক্ষমতায় গিয়ে ওই ব্যবসায়ীকে শায়েস্তা করবে। তাহলে বেসরকারি খাত কীভাবে মুখ খুলবে, বলেন?
সাক্ষাৎকার নিয়েছেন মনজুর আহমেদ