'দুর্নীতির তথ্য দেওয়ার স্বীকৃতি পেল বিশ্বব্যাংক'

‘পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির বিরুদ্ধে বিশ্বব্যাংকের ভূমিকা অনন্য। বহুজাতিক প্রতিষ্ঠান হিসেবে কানাডার পুলিশকে তথ্য-প্রমাণাদি দিয়ে সহযোগিতা করায় এই অনন্য ভূমিকার স্বীকৃতি দিয়েছেন কানাডার উচ্চ আদালত।’
বিশ্বব্যাংকের ইন্টিগ্রেটি ভাইস প্রেসিডেন্সির (আইএনটি) ২০১৬ সালের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। সম্প্রতি ‘আওয়ার ডেভেলপমেন্ট রিসোর্সেস মাস্ট রিচ দ্য ইনটেনডেড বেনিফিশিয়ারিস’ শিরোনামে এ প্রতিবেদন প্রকাশ করা হয়।
উল্লেখ্য, দুর্নীতির অভিযোগ এনে পদ্মা সেতু প্রকল্পে ১০০ কোটি ডলার অর্থায়ন বাতিল করেছে। এখন বাংলাদেশ সরকার নিজস্ব অর্থায়নে এই সেতু নির্মাণ করছে।
বিশ্বব্যাংকের ইন্টিগ্রেটি ভাইস প্রেসিডেন্সি (আইএনটি) বিশ্বব্যাংকের সহায়তাপুষ্ট প্রকল্পে দুর্নীতি হচ্ছে কি না, তা নিয়ে কাজ করে। এ নিয়ে আইএনটি সারা বছরের কর্মকাণ্ডের মূল্যায়ন করে একটি প্রতিবেদন তৈরি করে।
২০১৬ সালের আইএনটির ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০১১ সালে বিশ্বব্যাংক জানতে পারে যে পদ্মা সেতু প্রকল্পের নির্মাণকাজের ঠিকাদারি পেতে এসএনসি-লাভালিনের প্রতিনিধিরা বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের ঘুষ দেওয়ার পরিকল্পনা করেছেন। ইতিমধ্যে বিশ্বব্যাংক ওই প্রকল্পে ১০০ কোটি ডলার অর্থায়নে রাজি হয়ে গেছে। যখন তদন্ত শুরু হলো, তখন আইএনটি স্বেচ্ছাপ্রণোদিত হয়ে বাংলাদেশর দুর্নীতি দমন কমিশন ও রয়েল কানাডিয়ান মাউনটেড পুলিশ (আরসিএমপি) কর্তৃপক্ষের কাছে তথ্য প্রদান করেছে। নিজেদের সংগ্রহ করা তথ্যের পাশাপাশি বিশ্বব্যাংকের দেওয়া তথ্য ব্যবহার করে কানাডা পুলিশ। শেষ পর্যন্ত চার ব্যক্তির বিরুদ্ধে চার্জ গঠনের জন্য যথেষ্ট প্রমাণাদি পায় কানাডীয় পুলিশ। অভিযুক্ত চারজন হলেন কেভিন ওয়ালশ, জুলফিকার ভূঁইয়া, রমেশ শাহ ও মোহাম্মদ ইসমাইল।
এরপর অভিযুক্ত ব্যক্তিরা বিশ্বব্যাংকের এ ধরনের তথ্য-প্রমাণের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে নিম্ন আদালতে যান। তাঁরা নিম্ন আদালত থেকে একটি আদেশ পান, যেখানে বিশ্বব্যাংকের আইএনটির প্রমাণাদির রেকর্ড চাওয়া হয় এবং তা প্রমাণ করতে আইএনটির তদন্তকারীদের সশরীরে হাজির হতে বলা হয়। এ মামলাটি ‘বিশ্বব্যাংক বনাম ওয়ালশ’ নামে পরিচিতি পায়। এরপর ২০১৬ সালের ২৯ এপ্রিল কানাডার উচ্চ আদালত ওই নিম্ন আদালতের রায়কে উল্টে দিয়ে বিশ্বব্যাংককে এ ধরনের তদন্তের জন্য বিশেষাধিকারপ্রাপ্ত হিসেবে উল্লেখ করেন। এর পাশাপাশি নিম্ন আদালতের আদেশ থেকে দায়মুক্ত বলে রায় দেন কানাডার উচ্চ আদালত।
আইএনটির ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, উচ্চ আদালতের ওই সিদ্ধান্তের বিশেষত্ব হলো, বহুজাতিক প্রতিষ্ঠান হিসেবে বিশ্বব্যাংক বিশেষাধিকারপ্রাপ্ত এবং দায়মুক্ত থাকার বিষয়টি নিশ্চিত হয়েছে। উচ্চ আদালতের রুলে বলা হয়েছে, দুর্নীতির মতো বৈশ্বিক সমস্যা মোকাবিলা করতে বিশ্বব্যাপী সহযোগিতা প্রয়োজন। বিশ্বব্যাপী স্থানীয় আইন বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের সঙ্গে বিশ্বব্যাংক নিজেদের তথ্য বিনিময় করে। যখন ওই সব দেশ নিজেরা পুরোপুরি লক্ষ্য অর্জন করতে পারে না, তখনই বিশ্বব্যাংক তাদের এ ধরনের সহায়তা করে।
ওই প্রতিবেদনের একপর্যায়ে কানাডীয় উচ্চ আদালতের সিদ্ধান্তের ‘নির্যাস’ হিসেবে বলা হয়েছে, বিশ্বব্যাংকের তথ্য বিনিময়ের মাধ্যমে যেকোনো তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ তৈরি করেছে।
উচ্চ আদালতের এ সিদ্ধান্তের পর কানাডায় ওই কেসটি চলতে থাকে। উল্লেখ্য, নিজস্ব তদন্ত ও প্রমাণাদির পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাংক এসএনসি-লাভালিনকে ২০১৩ সালের ১৭ এপ্রিল থেকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করে। অন্যদিকে পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন বাতিল করে বিশ্বব্যাংক। যদিও বাংলাদেশ বলেছে, বিশ্বব্যাংকের তথ্য-প্রমাণাদি এ বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত অব্যাহত রাখার মতো পর্যাপ্ত নয়।
এ বিষয়ে জানতে চাইলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রথম আলোকে বলেন, দুর্নীতির অভিযোগ এনে বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন বন্ধ করে দেওয়ার মতো এত বড় সিদ্ধান্ত নিয়েছে। তাহলে বাংলাদেশসহ বিশ্বব্যাপী বিশ্বব্যাংকের অর্থায়নে যেসব প্রকল্প চলছে, সেগুলোতে দুর্নীতির মতো কোনো অভিযোগ নেই। এটা কি বিশ্বব্যাংক প্রমাণ করতে পারবে? যদি না পারে তাহলে পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার সময় দুর্নীতির অভিযোগ ছাড়াও অন্য কোনো বিবেচনা কাজ করেছিল কি না, সেই প্রশ্ন উঠতে পারে।