
বাংলাদেশের অন্যতম বড় শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল। খাদ্যপণ্য থেকে শুরু করে প্লাস্টিক, ইলেকট্রনিকস, সাইকেলসহ নানা শিল্পে বিনিয়োগ কেরছে প্রতিষ্ঠানটি। বর্তমানে বিশ্বের ১০৬টি দেশে তাদের পণ্য রপ্তানি হচ্ছে। শিল্পগোষ্ঠীটির ব্যবসায়িক সাফল্য, সমস্যা ও সম্ভাবনা নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন প্রাণ-আরএফএল গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরী
প্রথম আলো: প্রাণ-আরএফএলের শুরুটা কীভাবে?
আহসান খান চৌধুরী: খাদ্যপ্রক্রিয়াজাত প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশের বাজারে প্রাণ যাত্রা শুরু করে ১৯৮১ সালে। তখন থেকেই আমরা বোঝার চেষ্টা করলাম কী কী পণ্য বাংলাদেশের বাজারে আছে আর আমরা নতুন কী উৎপাদন করতে পারব। ভোক্তার চাহিদার কথা মাথায় রেখে আমরা চেষ্টা করি কোন পণ্য বিক্রি করলে আমরা লাভবান হতে পারব। এভাবেই আমাদের যাত্রা শুরু, আজও। প্রাণ-আরএফএল বর্তমানে ৩০০ রকমের পণ্য বাজারজাত করছে। সরাসরি ৬০ হাজার মানুষ এখানে কাজ করেন। পরোক্ষভাবে কাজ করছেন আরও চার লাখ মানুষ। এর পাশাপাশি দেশব্যাপী ৭৮ হাজার কৃষক আমাদের জন্য কৃষিপণ্য উৎপাদন করছেন।
প্রথম আলো: কত দেশে এখন প্রাণের পণ্য রপ্তানি হচ্ছে? আর্থিক পরিমাণ কত?
আহসান খান চৌধুরী: বর্তমানে বিশ্বের ১০৬টি দেশে প্রাণ-আরএফএল পণ্য রপ্তানি করছে। মোট রপ্তানিপণ্যের এক-তৃতীয়াংশ যায় ভারতে, এক-তৃতীয়াংশ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আর বাকিটা রপ্তানি হয় আফ্রিকাসহ বিশ্বের অন্যান্য দেশে। আর্থিক মূল্যে এক হাজার কোটি টাকার বেশি পণ্য রপ্তানি করছি এখন আমরা। যুক্তরাষ্ট্র, ইউরোপের বাজারে আরএফএলের প্লাস্টিক পণ্যই বেশি রপ্তানি হচ্ছে। আমাদের মোট উৎপাদিত পণ্যের প্রায় এক-তৃতীয়াংশ বর্তমানে বিদেশে রপ্তানি হচ্ছে। বাকিটা দেশের বাজার-চাহিদা পূরণ করছে। রপ্তানিপণ্য ও দেশের বাজার মিলিয়ে বছরে প্রায় চার হাজার কোটি টাকার পণ্য বিক্রি করি আমরা।
প্রথম আলো: কোথায় নতুন বিনিয়োগ করছেন? আপনারা তো বাইসাইকেলও তৈরি করছেন?
আহসান খান চৌধুরী: চলতি বছরে প্রাণ-আরএফএল গ্রুপ ৪০০ কোটি টাকার বেশি নতুন বিনিয়োগ করেছে। রপ্তানি বর্তমানে আমাদের খুব ভালো হচ্ছে। অস্ট্রেলিয়ার উলওয়ার্থ, ফ্রান্সের ক্যারিফোর, স্পেনের ইসিআইর মতো বহুজাতিক প্রতিষ্ঠানের জন্য আমরা এখন পণ্য তৈরি করছি। এ ছাড়া দুবাই, মালয়েশিয়ার অনেক বড় বড় শপিং মলে সরাসরি প্রাণের পণ্য বিক্রি হচ্ছে। খাদ্যপণ্যের পাশাপাশি আমেরিকা, ইউরোপের বাজারে আরএফএলের প্লাস্টিকপণ্য বেশি ভালো করছে।
প্রতি মাসে ১০ হাজার সাইকেল রপ্তানি করার লক্ষ্য নিয়ে এখন আমরা কাজ করছি। ইতিমধ্যেই আগামী বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাজ্যের বাজারে ১০ হাজার বাইসাইকেল রপ্তানির কার্যাদেশ পেয়েছি। এসব সাইকেলের খুচরা যন্ত্রাংশের বেশির ভাগই আমরা দেশে উৎপাদন করছি। সাইকেলে ভালো করলে ভবিষ্যতে মোটরসাইকেল নিয়েও কাজ করার পরিকল্পনা আমাদের আছে।
প্রথম আলো: প্রাণের রপ্তানি করা পণ্যের মান নিয়ে আগে কিছু প্রশ্ন উঠেছিল, এ ব্যাপারটি আপনারা কীভাবে দেখেন?
আহসান খান চৌধুরী: মানুষজন খুব তাড়াতাড়ি উপসংহারে চলে আসে কিন্তু খাবারের মানের ব্যাপারে খুব তাড়াতাড়ি একটি সিদ্ধান্ত নেওয়া কঠিন। যেসব যন্ত্রের মাধ্যমে আমাদের দেশে খাদ্যপণ্যে ভেজাল পরীক্ষা করা হয়, সেগুলোর মান নিয়ে অনেক প্রশ্ন আছে। যন্ত্রের এ ধরনের ত্রুটির জন্য কিন্তু সবচেয়ে বেশি খেসারত দিতে হয় কৃষককে। অনেক বেশি বাজারে আমরা যাই বলে আমাদের সমস্যাও বেশি। ইউরোপ, আমেরিকার বাজারে আমাদের পণ্যকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। কোনো সমস্যা হলে সে সমস্যা না লুকিয়ে সেটা সমাধানে আমরা কাজ করি। হলুদের অতিরিক্ত সিসার উপস্থিতির ঘটনায় আমরা অনেক কিছু শিখেছি। পণ্যের মান বাড়াতে আমরা নিয়মিত গবেষণাসহ অনেক কাজ করছি।
প্রথম আলো: একটা কথা বলা হয় যে আপনারা বাজারজাত করার ক্ষেত্রে বেশ আগ্রাসী, যাকে বলা হয় ‘অ্যাগ্রেসিভ মার্কেটিং’। কতটুকু সত্য?
আহসান খান চৌধুরী: আমি এ কথার সঙ্গে ভীষণভাবে একমত। প্রাণ-আরএফএলের কিছু স্বপ্ন, আত্মত্যাগ ও কষ্ট আছে। আমরা অত্যন্ত কর্মঠ একটি প্রতিষ্ঠান। যে বাজারে কাজ করি সেখানে আমাদের লক্ষ্য থাকে শীর্ষস্থানে যাওয়া। এ জন্য আফ্রিকার বাজারে সেখানকার মডেল দিয়ে আমরা পণ্যের প্রচারের ব্যবস্থা করেছি। দক্ষিণ আফ্রিকা, নেপাল, ভারতের বাজারেও পণ্যের আমদানিকারকদের চাহিদা ও ওই সব দেশের সংস্কৃতির কথা মাথায় রেখে পণ্যের প্রচার করছি আমরা।
প্রথম আলো: আপনারা বেঙ্গল মিটের মাংস রপ্তানি করছেন। এর বাজার কেমন?
আহসান খান চৌধুরী: বেঙ্গল মিটের মাংস বর্তমানে আমরা সংযুক্ত আরব আমিরাতে বিক্রি করছি। সেখানে বসবাসরত বাঙালিদের কাছে এ মাংসের ব্যাপক চাহিদা রয়েছে। মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতেও এ মাংস বিক্রি করার পরিকল্পনা আমাদের আছে।
প্রথম আলো: ভারতের টেলিভিশন চ্যানেলগুলোতে সাম্প্রতিক সময়ে আপনাদের পণ্যের ব্যাপক প্রচারণা দেখা যাচ্ছে। ভারতের বাজারে আপনারা কেমন করছেন?
আহসান খান চৌধুরী: ভারতের বাজারে এখন আমরা খুব ভালো করছি। এ জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে, ধৈর্য ধরতে হয়েছে। দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করায় ভারতের সব জায়গায় এখন আমরা ভালো করছি। শুধু পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতেই নয়, রাজস্থান, উত্তর প্রদেশ, চেন্নাই, কেরালার মতো রাজ্যগুলোতেও আমাদের পণ্য ভালো চলছে। দুই বছরের মধ্যে ভারতে আমাদের বাজার বাংলাদেশের বাজারকেও ছাড়িয়ে যাবে, সে লক্ষ্য নিয়েই আমরা এখন কাজ করছি।
প্রথম আলো: ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্সেস পণ্য নিয়েও এখন আপনারা কাজ করছেন। এ বিষয়ে কিছু বলুন।
আহসান খান চৌধুরী: আরএফএলের মাধ্যমে ইলেকট্রনিকস পণ্যের বাজারে আমরা এসেছি। দক্ষিণ কোরিয়ার স্যামসাং যদি নকিয়ার মতো মুঠোফোন প্রতিষ্ঠানকে সরিয়ে বিশ্ববাজারে এক নম্বর হতে পারে, তাহলে আমরাও দেশের বাজারে ইলেকট্রনিকস পণ্যে শীর্ষস্থান দখল করতে পারব বলে আশা করি।
প্রথম আলো: রপ্তানি করতে বা ব্যবসা-বাণিজ্য বাড়াতে সমস্যাগুলো কী এখন?
আহসান খান চৌধুরী: অবকাঠামো উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি যত ভালো হবে, ততই তা ব্যবসা-বাণিজ্যের জন্য সহায়ক ভূমিকা রাখবে। ব্যবসায়ীদের সমস্যা সমাধানে এককেন্দ্রিক সেবার ব্যবস্থা করা গেলে ভালো হয়। নতুন শিল্পের জমির জন্য নিবন্ধনপ্রক্রিয়াগুলো আরও সহজ করা যেতে পারে।
প্রথম আলো: প্রাণ-আরএফএল নিয়ে আপনাদের স্বপ্নটা কী?
আহসান খান চৌধুরী: প্রাণ-আরএফএল সৎ উদ্দেশ্য নিয়ে ৩০ বছর ধরে বাংলাদেশে ব্যবসা করে আসছে। নেসলেকে নিয়ে সুইজারল্যান্ডের মানুষ যেমন গর্ব করে, বাংলাদেশি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হিসেবে প্রাণ-আরএফএলকে নিয়েও যেন এ দেশের মানুষও গর্ব করতে পারে, আমরা এমন একটি প্রতিষ্ঠান হতে চাই।