'নতুন বেতনকাঠামো কার্যকর হলে দুর্নীতি কমা উচিত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসামরিক সরকারি চাকরিজীবীদের জন্য অষ্টম জাতীয় বেতনকাঠামোর সুপারিশসংবলিত প্রতিবেদন গত সপ্তাহে সরকারের কাছে জমা দিয়েছে জাতীয় বেতন ও চাকরি কমিশন। সুপারিশ কার্যকর করতে অর্থসংস্থান ও মূল্যস্ফীতিতে প্রভাবসহ বিভিন্ন দিক নিয়ে কমিশনের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন গত মঙ্গলবার ঢাকায় ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির কার্যালয়ে বসে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন

মোহাম্মদ ফরাসউদ্দিন
মোহাম্মদ ফরাসউদ্দিন

প্রথম আলো: বেতন ও চাকরি কমিশনের সুপারিশ করার সময় কী বিবেচনায় রেখেছিলেন?
মোহাম্মদ ফরাসউদ্দিন: যেকোনো শাসনব্যবস্থাপনা ও অর্থনৈতিক ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গেলে একটা কার্যকর, সৎ, স্বচ্ছ ও মেধাবী প্রশাসনব্যবস্থা থাকা দরকার। সেটা তৈরি করতে গেলে যাঁরা প্রশাসনযন্ত্রের অংশ তাঁদের দেখভাল করতে হবে। অনেকে বলেন যে, আমলাতন্ত্র ভালো নয়। কিন্তু ক্যাডার হিসেবে প্রথম যাঁরা চাকরিতে আসেন, তাঁদের মাইনে ১১ হাজার টাকা। অথচ ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটিতে ৪৭ হাজার টাকায় আমরা প্রভাষক নিয়োগ করি। ১১ হাজার টাকায় কী কাজ করবেন, সেবাই-বা কী দেবেন তাঁরা? রক্ষণশীলতার গণ্ডি থেকে বের হয়ে একটা আধুনিক, চিন্তাশীল ও উৎপাদনশীল প্রশাসনযন্ত্র সৃষ্টি করাই কমিশনের প্রথম উদ্দেশ্য। দ্বিতীয় কারণ হলো, শত্রুরা যা-ই বলুন না কেন, দেশটার যে অগ্রগতি হচ্ছে এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। এই অগ্রগতি তো শুধু রাজনীতিবিদ, আইনজীবী ও সাংবাদিকদের কারণেই হয়নি। কিষান-কিষানি ও শ্রমজীবী মানুষের অবদান রয়েছে এতে। শাসনযন্ত্রের লোকদেরও বড় অবদান রয়েছে। এই অগ্রগতির একটা অংশ তাঁরা শেয়ার করবেন না? অবশ্যই করতে দিতে হবে। সুপারিশের সময় এই বিষয়গুলোই বিবেচনায় রাখা হয়েছে।
প্রথম আলো: সুপারিশ বাস্তবায়নে কত টাকা লাগবে?
মোহাম্মদ ফরাসউদ্দিন: সুনির্দিষ্ট করেই বলেছি যে, সুপারিশ বাস্তবায়ন করতে গেলে অতিরিক্ত ২১ হাজার কোটি টাকা লাগবে। ১৯৯১ সালে মূল্য সংযোজন কর (মূসক) আইন করার ফলে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্থায়ন শূন্য থেকে ৫০ শতাংশে উঠেছিল। তারপর অর্থনীতি বিশাল হয়েছে। সবার সঙ্গে আলাপ করে মূসকটাকে যদি আরও গভীরায়ন করা যায় ভালো হবে। মূসক আইনের যে খসড়াটা হয়েছে, সবার সঙ্গে কথা বলেই হয়েছে। কোনো কোনো মহল জানি না কী কারণে বিরোধিতা করছে। এটা ঠিক করা গেলে সম্পদের পরিমাণ বাড়বে। আবার কর-জিডিপির নিম্ন হারের বর্তমান লজ্জাও দূর হবে। তার পরে আমরা বলেছি, অনেক সরকারি প্রতিষ্ঠানের উদ্বৃত্ত আয় হয়, কিন্তু তাদের উদ্বৃত্ত টাকা সরকারকে দেয় না। এটা শৃঙ্খলা পরিপন্থী এবং উন্নয়নের জন্য সহায়ক নয়। যেমন, চট্টগ্রাম বন্দর ও সব শিক্ষা বোর্ড। এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আগে নিজেদের টাকায় চলত। এখনো তারা ছাত্রছাত্রীদের কাছ থেকে টাকা নেয়, কিন্তু সরকারকে আধা পয়সা দেয় না। এ ছাড়া একটি করবান্ধব পরিবেশ তৈরি করতে হবে। অনেকে কর দিতে চায়, কিন্তু হেনস্তা হওয়ার ভয়ে কর দেয় না। অন্তত ৪০ লাখ পরিবারের কাছে পাঁচ লাখ কোটি টাকা রয়েছে। অথচ কর দেয় মাত্র ১০ লাখ লোক। একদম হিসাব আছে। রাজস্ব সংগ্রহের একটা আবহ সৃষ্টি করতে হবে। রাজস্ব আদায়ের অনেক ক্ষেত্র আছে এবং তা দ্বিগুণ করা সম্ভব।
প্রথম আলো: নতুন বেতনকাঠামোর কারণে তো মূল্যস্ফীতি ঘটবে ...
মোহাম্মদ ফরাসউদ্দিন: মূল্যস্ফীতি হতে পারে, তবে খুবই কম। আবার মূল্যস্ফীতি কিন্তু সব সময়ই খারাপ না। যেমন: জাপান মূল্যস্ফীতি বাড়ানোর চেষ্টা করছে। মূল্যস্ফীতি একেবারে না থাকলে অর্থনীতি স্থবির হয়ে পড়ে। অনেকে এ বিষয়ে ভুলভাবে খবর করেছে। বাস্তবে ২০১৩-১৪ অর্থবছরে সরকারি চাকরিজীবীদের জন্য যে ব্যয় হয়েছিল, নতুন কাঠামোতে তার তুলনায় ৬৩ দশমিক ৭ শতাংশ ব্যয় বাড়বে। এর মধ্যে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান, অবসর-সুবিধা সবই রয়েছে। এই অঙ্কটা আবার ২০১৫-১৬ অর্থবছরের প্রাক্বলিত বাজেটের মাত্র ১৪ দশমিক ২ শতাংশ। তার মানে এই টাকা প্রাক্বলিত সংগৃহীত রাজস্বের ২০ শতাংশ হবে, যা আগে ছিল ১৯ শতাংশ। তাহলে মূল্যস্ফীতিটা কোথায় হবে বুঝতে পারছি না। আমি মনে করি, দুটি কারণে সুপারিশ বাস্তবায়নের শ্রেষ্ঠ সময় এখন। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এতে বিদ্যুৎ উৎপাদনের খরচ এবং এ খাতে সরকারের ভর্তুকি কমবে। আরেকটা বড় কারণ হচ্ছে তুলার দাম কমছে। তা ছাড়া এ বছর বেশি উৎপাদন হয়েছে দেশে এবং সব জিনিসেরই দাম কম। এখন বাস্তবায়ন করা গেলে মূল্যস্ফীতি তেমন হবে না। মূল্যস্ফীতির অন্যতম কারণ মূল্য প্রত্যাশা (প্রাইস এসপেক্টেশন)। বিজ্ঞ অর্থনীতিবিদেরা যদি বলতে থাকেন যে মূল্যস্ফীতি হবে মূল্যস্ফীতি হবে, শুধু ওই কারণেই কিছু মূল্যস্ফীতি হবে। তবে আনুষ্ঠানিক-অনানুষ্ঠানিকভাবে অনেকেই বলেছেন যে নতুন কাঠামো কার্যকর হলে তেমন মূল্যস্ফীতি হবে না।
প্রথম আলো: অনেকেই বলেন যে শুধু বেতন-ভাতা বাড়ালেই দুর্নীতি কমবে না, এ নিয়ে আপনারা কী বলেছেন?
মোহাম্মদ ফরাসউদ্দিন: আমাদের সুপারিশে আছে বেতন-ভাতাই সবকিছু নয়। অন্য মৌলিক চাহিদার দিকও দেখতে হবে। যেমন গৃহায়ণের ব্যাপারে আমরা কয়েকটি বিকল্পের কথা বলেছি। একটা লোক যদি মনে করে চাকরি শেষে আমার একটা ফ্ল্যাট থাকবে, তাহলে নেহাতই চুরিদারি যারা করবে, তারা ছাড়া বাকিরা ঠিক থাকবেন। মেডিকেল ভাতা দ্বিগুণের চেয়েও বেশি বাড়ানোর সুপারিশ করা হয়েছে। বিমার কথা বলা হয়েছে। সরকার যদি প্রথমবার প্রিমিয়ামটা দেয়, তাহলে প্রতি পাঁচ বছরের চক্রে পাঁচ লাখ টাকা করে সুবিধা পাবে তাদের পরিবার। তবে বিমা কোম্পানি ও হাসপাতালের মধ্যে চুক্তি করতে হবে। অনেক প্রশাসনিক কাজ আছে। আর এটা থেকে যে উদ্বৃত্ত হবে তা দিয়ে একটা হৃদ্রোগ হাসপাতাল করার কথা বলেছি। তাঁদের ছেলেমেয়েদের বুয়েট ও আইবিএ ছাড়া সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে কোটার সুপারিশ করেছি। আমরা ধরে নিচ্ছি সব মানুষই সৎ ও স্বচ্ছ। অবস্থার চাপে পড়ে তারা দুর্নীতি করে। তবে নতুন বেতনকাঠামো কার্যকর হলে দুর্নীতি কমা উচিত।
প্রথম আলো: বেসরকারি খাতে এর প্রভাব পড়বে বলেই তো অর্থনীতিবিদেরা বলছেন ...
মোহাম্মদ ফরাসউদ্দিন: বেসরকারি খাত যদি ইতিমধ্যেই উপযুক্ত বেতন-ভাতা দিয়ে থাকে তো ভালো। যদি না দিয়ে থাকে, আমার বন্ধুদের তা দিয়ে দিতে অনুরোধ করব। বেসরকারি ও সরকারি খাতের ওপরের দিকে এত বেশি ফারাক যে, একজন সচিবের জন্য প্রস্তাব করা হয়েছে ৮০ হাজার টাকা, অথচ ব্যাংকের এমডিরা ৭, ৮, ৯ লাখ টাকা বেতন পান। আর সরকারি চাকরিজীবীরা মোট শ্রমজীবী মানুষের মাত্র ২ দশমিক ৫০ শতাংশ। এই অংশের বেতন বৃদ্ধিতে গোটা জনগোষ্ঠীর ওপর ব্যাপক প্রভাব পড়বে বলে তাত্ত্বিকভাবে আমি মনে করি না। যতটুকু প্রভাব পড়বে, আলাপ-আলোচনার মাধ্যমে সুরাহা করা সম্ভব। এখন সময় এসেছে আমাদের ব্যবসায় থেকে শিল্পের দিকে যাওয়ার। এ জন্য বিভিন্ন নীতি গ্রহণ করতে হবে। গ্যাস-বিদ্যুতের সমস্যা ১০ বছর আগের তুলনায় এখন কম। আর শিল্পে গেলে যাতে দুর্ভোগের শিকার হতে না হয়, পদে পদে ঘুষ দিতে না হয়, সে রকম মুদ্রানীতি, ব্যাংক তদারকি ও বিনিময় হার প্রণয়ন করতে হবে। দেশে একটা বিনিয়োগ-সহায়ক পরিবেশ তৈরি হওয়া খুবই সম্ভব। আর এই পরিবেশ তৈরিতে নব উদ্যমে কাজ করবেন সরকারি চাকরিজীবীরা—এটা আমার আস্থা।
[সাক্ষাৎকার নিয়েছেন ফখর্‌ুল ইসলাম]