
আগামী ২০১৬-১৭ অর্থবছরের জন্য ৩ লাখ ৪০ হাজার ৭৩৫ কোটি টাকার বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
আগামী অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকার ধরা হচ্ছে ১৯ লাখ ৬১ হাজার কোটি টাকা। সে হিসাবে আগামী বাজেট হবে জিডিপির ১৭ দশমিক ৩ শতাংশ। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, জিডিপির সন্তোষজনক প্রবৃদ্ধির সুফল জনগণের কাছে পৌঁছানোর একটি বার্তা থাকবে আগামী বাজেটে এবং অর্থমন্ত্রী একে ‘সমতা সহায়ক প্রবৃদ্ধির বাজেট’ নামে অভিহিত করবেন।
জিডিপির তুলনায় বাজেটের আকার বৃদ্ধির হারকে অবশ্য ভিন্নভাবে বিশ্লেষণ করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম। মির্জ্জা আজিজ প্রথম আলোকে বলেন, চলতি অর্থবছরের সংশোধিত বাজেটকে ভিত্তি ধরলে আগামী বাজেটের আকার বাড়বে ২৯ শতাংশের মতো, যা অবাস্তব বৃদ্ধি।
কাটছাঁটের পর চলতি অর্থবছরের সংশোধিত বাজেট দাঁড়িয়েছে ২ লাখ ৬৩ হাজার ৫৬৫ কোটি টাকা।
অর্থমন্ত্রী গত মাসে সচিবালয়ে এক অনুষ্ঠানে আগামী অর্থবছরের জিডিপির প্রবৃদ্ধির হার ৭ দশমিক ২ ধরার কথা বললেও শেষ পর্যন্ত তা ৭ দশমিক ৫ শতাংশ করা হচ্ছে। আর বার্ষিক মূল্যস্ফীতির হারের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে ৫ দশমিক ৮ শতাংশ।
অর্থ মন্ত্রণালয়ের সূত্রগুলো জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে গত শনিবার বৈঠক করে আগামী বাজেটের সার্বিক বিষয় মোটাদাগে অনুমোদন করিয়ে নিয়ে এসেছেন অর্থমন্ত্রী। সংশ্লিষ্ট অন্য মন্ত্রী ও সচিবরা এ সময় উপস্থিত ছিলেন।
আগামী অর্থবছরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে ২ লাখ ৪২ হাজার ৭৫২ কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নিয়ন্ত্রিত রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা ২ লাখ ৩ হাজার ১৫২ কোটি টাকা।
আর বাজেট ঘাটতি থাকছে ৯৭ হাজার ২৫৪ কোটি টাকা, যা বরাবরের মতোই জিডিপির ৫ শতাংশের কম।
মোট বাজেটের মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থাকছে ১ লাখ ১০ হাজার ৭০০ কোটি টাকা। তবে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের উন্নয়ন বরাদ্দসহ হিসাব করলে এডিপির আকার দাঁড়াবে ১ লাখ ২৩ হাজার ৩৪৫ কোটি টাকা।
মূসকে গুরুত্ব: কয়েক বছর ধরেই রাজস্ব সংগ্রহে মূল্য সংযোজন করকে (মূসক) গুরুত্ব দিয়ে আসছে সরকার। আগামী বাজেটে এ নির্ভরতা আরও বাড়ছে। ২০১২ সালে নতুন মূসক আইন পাস হলেও আগামী ১ জুলাই থেকে তা কার্যকর হওয়ার কথা।
চলতি অর্থবছরে ২ লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকার মূল বাজেটের মধ্যে মূসক থেকেই সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ৩৬ দশমিক ৫ শতাংশ, অর্থাৎ ৬৪ হাজার ২৬৩ কোটি টাকা।
এনবিআর সূত্র জানায়, আগামী অর্থবছরে মূসক থেকে আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে ৮০ হাজার কোটি টাকার মতো। কিন্তু তা আদায় নিয়ে ইতিমধ্যেই শঙ্কা দেখা দিয়েছে। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই মূসক আইন সংশোধনে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছে।
অর্থমন্ত্রী শুরু থেকেই ১৫ শতাংশ মূসক বহালের পক্ষে দৃঢ়তা দেখিয়ে আসছেন। সর্বশেষ গত রোববার মূসক নিয়ে এনবিআরের সঙ্গে বৈঠক করেছেন অর্থমন্ত্রী। এতে প্রথমবারের মতো তিনি কিছুটা নমনীয়তা দেখিয়েছেন বলে জানা গেছে।
সরকারি ব্যাংকের জন্য মূলধন: চলতি অর্থবছরের বাজেটে রাষ্ট্র খাতের ব্যাংকগুলোর জন্য ৫ হাজার কোটি টাকা বরাদ্দ রেখেও বাজেট বক্তব্যে তা আড়াল করেছিলেন অর্থমন্ত্রী। অর্থবছর শেষ হতে চললেও ব্যাংকগুলোকে ১ হাজার ৮০০ কোটি টাকা দিয়েছে সরকার, এর মধ্যে বেসিক ব্যাংক একাই পেয়েছে ১ হাজার ১০০ কোটি টাকা।
আগামী অর্থবছরেও ‘মূলধন পুনর্গঠনে বিনিয়োগ’ নামে ব্যাংক খাতের জন্য ভালো অঙ্কের বরাদ্দ রাখা হতে পারে। তবে অর্থের পরিমাণ জানা যায়নি।
এদিকে আগামী অর্থবছরে ব্যাংক খাত থেকে ৪৩ হাজার ৭৭৪ কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা থাকছে। এর মধ্যে দীর্ঘমেয়াদি ঋণ ২৮ হাজার কোটি ও স্বল্পমেয়াদি ঋণ ১৫ হাজার কোটি টাকা হবে।
চলতি ২০১৫-২০১৬ অর্থবছরে ব্যাংক খাত থেকে ঋণ নেওয়ার লক্ষ্য ধরা হয়েছিল ৩৮ হাজার ৫২৩ কোটি টাকা। এর মধ্যে দীর্ঘমেয়াদি ২৪ হাজার ১৮২ কোটি ও স্বল্পমেয়াদি ঋণ ১৪ হাজার ৩৪১ কোটি টাকা।
ভর্তুকি ও প্রণোদনা কমছে: চলতি অর্থবছরে ভর্তুকি ও প্রণোদনা খাতে বরাদ্দ রাখা হয়েছিল ২৫ হাজার কোটি টাকা। আগামী অর্থবছরে তা করা হচ্ছে ২৩ হাজার কোটি টাকা। এর মধ্যে প্রণোদনা ১২ হাজার ৫০০ কোটি, নগদ ঋণ ৭ হাজার কোটি ও ভর্তুকি ৩ হাজার ৪০৯ কোটি টাকা। প্রণোদনার মধ্যে রয়েছে কৃষিতে ৯ হাজার, রপ্তানিতে ৩ হাজার এবং পাটজাত দ্রব্যে ৫০০ কোটি টাকা। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জন্য আগামী বাজেটে কোনো অর্থ বরাদ্দ রাখা হচ্ছে না বলে জানা গেছে।
আগামী ২ জুন নিজের জীবনে দশমবারের মতো বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। যদিও শেখ হাসিনা সরকারের মোট তিন মেয়াদের ত্রয়োদশ বাজেট এটি।
বাজেটের আকার ৩ লাখ ৪০ হাজার ৭৩৫ কোটি টাকা
মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকার ১৯,৬১,০০০ কোটি টাকা
বাজেট জিডিপির ১৭.৩%
জিডিপির প্রবৃদ্ধির হার ৭.৫%
বার্ষিক মূল্যস্ফীতির হার ৫.৮%
রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ২ লাখ ৪২ হাজার ৭৫২ কোটি টাকা
এনবিআর নিয়ন্ত্রিত রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা ২ লাখ ৩ হাজার ১৫২ কোটি টাকা
বাজেট ঘাটতি ৯৭ হাজার ২৫৪ কোটি টাকা
এডিপি ১ লাখ ১০ হাজার ৭০০ কোটি টাকা
ব্যাংকঋণ ৪৩ হাজার কোটি টাকা