'১ লাখ কোটি টাকা খেলাপি নতুন না'
বাংলাদেশ ব্যাংকের তদন্তেই এসেছে, মোবাইল ব্যাংকিংয়ের অপব্যবহারের কারণে প্রবাসী আয় কমে গেছে। সিদ্ধান্তটি আপনার টেবিলে আটকে আছে। কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? গতকালের মুদ্রানীতি ঘোষণা অনুষ্ঠানে এ প্রশ্ন ছিল গভর্নর ফজলে কবিরের কাছে। তিনি জবাব দেওয়ার দায়িত্ব দেন ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসানকে। তিনি বলেন, ‘মোবাইল ব্যাংকিং সেবায় বেশ কিছু অনিয়ম হয়েছে। আমাদের তদন্তে তা এসেছে। প্রতিষ্ঠানগুলোও কিছু সন্দেহজনক লেনদেনের তথ্য দিয়েছিল। কিছু হিসাব পাওয়া গেছে, যারা রাতের আঁধারে বিশেষ সময়ে অনেক বেশি লেনদেন করছে। তারাই প্রবাসী আয়ের অর্থ বিতরণ করছে। বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে। খুব শিগগির ব্যবস্থা নেওয়া হবে। আপনারা জানতে পারবেন।’
খেলাপি ঋণ ১ লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে, অনিয়ম ধরার পরও এনআরবি কমার্শিয়াল ব্যাংকের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এমন প্রশ্নের জবাব দেওয়ার দায়িত্ব পড়ে ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীর ওপর। সুর চৌধুরী বলেন, ১ লাখ ১১ হাজার কোটি টাকা খেলাপি নতুন নয়। ৮ লাখ কোটি টাকা ঋণ, তার মধ্যে এটা খেলাপি। ঋণ নীতিমালা, রাজনৈতিক অস্থিরতা, চলাচল বিঘ্নিত, গ্যাস-বিদ্যুৎ সমস্যা, প্রকল্প বন্ধ—এসব কারণে খেলাপি ঋণ বেড়েছে। ঋণ যেন খেলাপি না হয়, এ জন্য অন্তর্ভুক্তিমূলক অর্থায়নের নীতিমালা হচ্ছে।
এনআরবি কমার্শিয়াল ব্যাংকের নাম উল্লেখ না করে সুর চৌধুরী বলেন, এটা বিচ্ছিন্ন ঘটনা। বিভিন্ন ধাপ পেরিয়ে ব্যবস্থা নিতে হয়। ব্যাখ্যা তলব, জবাব, স্থায়ী কমিটি এসব শেষ করেই ব্যবস্থা নেওয়া হবে। এর আগেও অগ্রণী, বেসিক ব্যাংকের এমডিকে একই প্রক্রিয়ায় অপসারণ করা হয়েছিল। বাংলাদেশ ব্যাংক তাদের সঙ্গে আপস করেনি, নতুন কারও সঙ্গেও করবে না।
বিদ্যুৎ খাতের ২০ হাজার কোটি টাকা ঋণ চাহিদা বিষয়ে সুর চৌধুরী বলেন, ‘এ জন্য আইন পরিবর্তনে প্রয়োজন নেই।’ কয়টি দেশি ব্যাংকের সঙ্গে বিদেশি ব্যাংকগুলো সম্পর্ক ছিন্ন করছে, এমন প্রশ্নের জবাবে রাজী হাসান বলেন, ‘আমাদের নয়টি ব্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তাদের সঙ্গে কথা হয়েছে, সম্পর্ক ছিন্ন করার আগে আমাদের জানাতে বলা হয়েছে।’ শেষে প্রশ্ন ছিল, নিয়ম মেনে না চলায় ফারমার্স ব্যাংক প্রতিনিয়ত জরিমানা গুনছে। পর্যবেক্ষক দিয়েও ব্যাংকটির উন্নতি হচ্ছে না। ব্যাংকটি বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে কি না? এ প্রশ্নের জবাব দেননি গভর্নর।